সিরাত

আয়েশার ঘরে নবীজির শিক্ষাদানের কয়েকটি চিত্র

নবীজির দাম্পত্য জীবন সম্পর্কিব বিবরণগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তিনি শুধু একজন আদর্শ স্বামীই ছিলেন না; বরং ছিলেন একজন আদর্শ শিক্ষক, নৈতিক পথপ্রদর্শক এবং আধ্যাত্মিক অভিভাবক, যিনি তাঁর পরিবারকে ইসলামের সঠিক পথে গড়ে তুলতে সদা সচেষ্ট ছিলেন।

নবীজি তাঁর স্ত্রীদের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের ইসলামি শিক্ষার ব্যাপারেও অত্যন্ত যত্নবান ছিলেন। তিনি তাঁদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতা সম্পর্কে সচেতন করতেন এবং আখেরাতের চিরস্থায়ী জীবনের কথা বারবার স্মরণ করিয়ে দিতেন।

তাঁর শিক্ষা ছিল শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয়; বরং তিনি নিজের আমল ও আচরণের মাধ্যমে বাস্তব উদাহরণ উপস্থাপন করতেন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত যেন ছিল এক জীবন্ত পাঠশালা, যেখানে তাঁর স্ত্রীগণ সরাসরি শিক্ষা গ্রহণ করতেন।

তাঁর ইবাদত-বন্দেগির দৃষ্টান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি রাতের অর্ধেক বা কখনো কখনো পুরো রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তিনি তাঁর স্ত্রী আয়িশা বিনতে আবু বকর (রা.)–কে শেষ রাতে জাগিয়ে দিতেন, যাতে তিনিও এই ইবাদতে শরিক হতে পারেন।

এই দৃষ্টান্ত থেকে বোঝা যায়, তিনি শুধু নিজে ইবাদত করেই সন্তুষ্ট থাকতেন না; বরং পরিবারের সদস্যদেরকেও আল্লাহর নৈকট্য লাভের পথে উদ্বুদ্ধ করতেন। (মুসনাদে আহমাদ, ৬/৫৫)

নামাজের সময় হলে তিনি সবকিছু ছেড়ে ইবাদতে চলে যেতেন। এতে বোঝা যায়, দুনিয়াবি দায়িত্ব পালন এবং আখেরাতের প্রস্তুতির মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করতে হয়।

এক রাতে আয়েশা (রা.) তাঁর সঙ্গে নামাজে দাঁড়িয়ে দেখলেন, নবীজি দীর্ঘ সময় ধরে কোরআনের সুরা সুরা বাকারা, সুরা আলে ইমরান এবং সুরা নিসা পাঠ করছেন।

কোরআনের প্রতিটি আয়াতের সঙ্গে তাঁর হৃদয়ের গভীর সংযোগ ছিল। ভয়ের আয়াত এলে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং সুসংবাদের আয়াতে আনন্দ প্রকাশ করতেন। এতে তাঁর আধ্যাত্মিক সংবেদনশীলতা এবং গভীর ইমানের পরিচয় ফুটে ওঠে, যা তাঁর পরিবারকেও প্রভাবিত করেছিল। (মুসনাদে আহমাদ, ৬/৯৬)

নবীজির জীবনযাপনে ধারাবাহিকতা ও ভারসাম্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পারিবারিক কাজেও অংশগ্রহণ করতেন, যা একজন স্বামীর দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু নামাজের সময় হলে তিনি সবকিছু ছেড়ে ইবাদতে চলে যেতেন। এতে বোঝা যায়, দুনিয়াবি দায়িত্ব পালন এবং আখেরাতের প্রস্তুতির মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করতে হয়।

তাঁর শিক্ষাদানের আরেকটি দিক ছিল সংকটকালীন পরিস্থিতিতে আল্লাহর দিকে ফিরে যাওয়া। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মতো ঘটনার সময় তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং তাঁর স্ত্রী আয়েশা (রা.) ঘর থেকেই তাঁর অনুসরণ করতেন। এটি পরিবারকে শেখায় যে, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহর স্মরণই হওয়া উচিত প্রধান আশ্রয়। (সহিহ বুখারি, হাদিস: ১০৫১)

নবীজির চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তাঁর কোমলতা ও সহনশীলতা। একবার কিছু ইহুদি তাঁর কাছে এসে অভিশাপসূচক কথা বললে আয়েশা (রা.) উত্তেজিত হয়ে জবাব দেন।

কিন্তু নবীজি তাঁকে থামিয়ে দেন এবং শিক্ষা দেন যে আল্লাহ কোমলতা পছন্দ করেন। তিনি বোঝাতে চেয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ও নম্রতা বজায় রাখা একজন মুমিনের প্রধান গুণ। (সহিহ বুখারি, হাদিস : ৬০২৪)

একবার একটি ছাগল এসে তাঁর প্রস্তুত করা খাবারের কিছু অংশ খেয়ে ফেললে তিনি স্ত্রীকে ধৈর্য ধরতে বলেন এবং প্রতিবেশীর প্রতি কোনো অভিযোগ না করতে নির্দেশ দেন।

তাঁর শিক্ষাদানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দুনিয়াবি বিলাসিতা থেকে দূরে থাকা। যদিও ইসলাম নারীদের জন্য রেশম ও স্বর্ণ বৈধ করেছে, তবুও নবীজি নিজ পরিবারে অপ্রয়োজনীয় বিলাসিতা অপছন্দ করতেন। তিনি আয়েশা (রা.)-কে স্বর্ণালংকারের পরিবর্তে সরল ও সাদাসিধে জিনিস ব্যবহার করতে উৎসাহিত করেছিলেন। এতে তাঁর জীবনদর্শন স্পষ্ট হয়—তিনি চেয়েছিলেন তাঁর পরিবার যেন আখেরাতমুখী ও সংযমী জীবনযাপন করে।

তিনি তাঁর স্ত্রীদেরকে বিভিন্ন বস্তু ব্যবহার থেকে বিরত থাকতে বলেছিলেন, যেমন রেশমি কাপড়, স্বর্ণালংকার, স্বর্ণ বা রুপার পাত্র ইত্যাদি। এর মাধ্যমে তিনি তাঁদেরকে আত্মসংযম ও সরলতার শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়; বরং একটি আদর্শ সমাজ গঠনের জন্যও গুরুত্বপূর্ণ (সুনানে নাসায়ী : ৫১৪৩]

নবীজির নৈতিক শিক্ষার আরেকটি দৃষ্টান্ত দেখা যায় তাঁর খাদ্যাভ্যাস সংক্রান্ত আচরণে। তিনি গুইসাপের গোশত পছন্দ করতেন না, কিন্তু অন্যদের জন্য তা হারাম করেননি। তবে তিনি শিক্ষা দিয়েছেন যে, যেটা নিজে অপছন্দ করি, সেটি অন্য কাউকে দান করা উচিত নয়। এতে মানবিকতা ও ন্যায্যতার এক সূক্ষ্ম শিক্ষা নিহিত রয়েছে। (মুসনাদে আহমাদ, ৬/১৪৩)

একটি ছোট ঘটনার মাধ্যমে তাঁর সহনশীলতা ও প্রতিবেশীসুলভ আচরণের অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। একবার একটি ছাগল এসে তাঁর প্রস্তুত করা খাবারের কিছু অংশ খেয়ে ফেললে তিনি স্ত্রীকে ধৈর্য ধরতে বলেন এবং প্রতিবেশীর প্রতি কোনো অভিযোগ না করতে নির্দেশ দেন। এই আচরণ আমাদের শেখায়, ছোটখাটো ক্ষতির জন্য সম্পর্ক নষ্ট করা উচিত নয়; বরং সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাই উত্তম (আদাবুল মুফরাদ, হাদিস: ১৪০)

নবীজির দাম্পত্য জীবন ছিল এক পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, যেখানে ভালোবাসা, দায়িত্ব, শিক্ষা, শাসন, নম্রতা ও আধ্যাত্মিকতা—সবকিছু একসঙ্গে সমন্বিত ছিল। তিনি তাঁর স্ত্রীদেরকে শুধু ভালোবাসতেন না; বরং তাঁদেরকে এমনভাবে গড়ে তুলেছিলেন, যাতে তাঁরা সমাজের জন্য আদর্শ হতে পারেন। তাঁর প্রতিটি আচরণ, প্রতিটি উপদেশ এবং প্রতিটি সিদ্ধান্ত ছিল শিক্ষণীয় ও অনুসরণযোগ্য।