সিরাত মানে জীবনী। তবে নবীদের জীবনী, বিশেষ করে মহানবী (সা.)–এর জীবনীকে সিরাত বলা হয়ে থাকে। প্রতিবছর আমাদের দেশে বহু সিরাত মাহফিল, কুইজ প্রতিযোগিতা আর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ করে সামনে রবিউল আউয়াল আসছে, আমরা বুক ফুলিয়ে দাবি করব, বিশ্বনবী মুহাম্মদ (সা.) আমাদের একমাত্র আদর্শ, জীবনের ধ্রুবতারা। শৈশব থেকেই স্কুল, কলেজ বা মাদ্রাসার বইয়ে আমরা তাঁর জীবনীর একটা নির্দিষ্ট ছক পড়ে বড় হই।
কিন্তু এই দীর্ঘ সিরাত পাঠের প্রভাব আমাদের ব্যক্তিগত চরিত্র, পারিবারিক আচরণ বা ব্যবসায়িক লেনদেনে কতটুকু পড়ে? উত্তরটা আশাজাগানিয়া নয়। নবীজিকে জীবনের চেয়েও বেশি ভালোবাসার দাবি করলেও আমাদের দৈনন্দিন সততা বা পারিবারিক সহমর্মিতা সেই দাবির পক্ষে সাক্ষ্য দেয় না।
এত দীর্ঘ পথ পাড়ি দিয়েও কেন সিরাতের প্রকৃত নির্যাস আমাদের জীবনে ধরা দেয় না? এটা ঠিক যে যত ঢাক ঢাক গুড় গুড়, তত যে সিরাত পড়া হয় তা–ও না। তবে আমার মনে হয়, যা পড়া হয়, তাতেও পদ্ধতিগত মোটাদাগে দুটি ঘাটতি আছে।
কোরআনে বহু নবী-রাসুলের ইতিহাস বর্ণিত হলেও কোথাও সংগত কারণেই কোনো নবীর জন্মসাল, অবতীর্ণ হওয়ার ভৌগোলিক স্থানাঙ্ক বা যুদ্ধের দিনক্ষণের সানুপুঙ্খ বিবরণ নেই, যতক্ষণ না তা কোনো বিধানের জন্য অপরিহার্য।
আমাদের শিক্ষাব্যবস্থায়, স্কুল-কলেজ হোক বা আলিয়া-কওমি মাদরাসা, অথবা যাঁরা সিরাত পাঠের নানা আয়োজন করেন, সবাই সিরাত পড়ান একটা শুষ্ক ইতিহাসের ছাঁচে।
শিক্ষার্থীকে মূলত মুখস্থ করতে হয় যুদ্ধের সাল, অভিযানে অংশ নেওয়া সাহাবিদের সংখ্যা, বংশতালিকা, নিহতের সংখ্যা। সাধারণ ইতিহাসের জন্য এই তথ্য দরকার বটে, কিন্তু সিরাতচর্চার লক্ষ্য যেখানে চরিত্র গঠন, সেখানে এই পদ্ধতি নিজেই বড় বাধা।
তথ্যের গোলকধাঁধায় ঘটনার পেছনের নৈতিক শিক্ষাটাই দেখা যায় অনুদঘাটিত থেকে যাচ্ছে।
লক্ষণীয়, এই পদ্ধতি কোরআনের নিজস্ব ইতিহাস-বর্ণনার শৈলীর সম্পূর্ণ বিপরীত। পবিত্র কোরআনে বহু নবী-রাসুলের ইতিহাস বর্ণিত হলেও কোথাও সংগত কারণেই কোনো নবীর জন্মসাল, অবতীর্ণ হওয়ার ভৌগোলিক স্থানাঙ্ক বা যুদ্ধের দিনক্ষণের সানুপুঙ্খ বিবরণ নেই, যতক্ষণ না তা কোনো বিধানের জন্য অপরিহার্য।
কেননা, আল্লাহ ইতিহাসের খতিয়ানের চেয়ে তার পেছনের শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। পবিত্র কোরআন নিজেই এর সাক্ষ্য দেয়, ‘অবশ্যই তাদের বৃত্তান্তে বুদ্ধিমানদের জন্য রয়েছে এক গভীর শিক্ষণীয় পাঠ।’ (সুরা ইউসুফ, আয়াত: ১১১)
বরং কোরআনে নবীদের কাহিনি এসেছে কোনো একটা উপদেশ, বিধান বা শিক্ষার সঙ্গে প্রসঙ্গক্রমে—এমনভাবে যে ঘটনাটাই তখন ওই বিধান বা উপদেশের সঙ্গে একমাত্র মিল হয়ে দেখা দেয়। তাই কোরআনের সেই ঘটনাটা যখনই আমাদের মনে পড়ে, ঘটনার উপদেশটি বুঝতেও বেগ পেতে হয় না।
আমাদের সিরাত ক্লাস যদি তারিখ মুখস্থ করার জাঁতাকল না হয়ে, নবীজির জীবন থেকে সমকালীন সংকটের সমাধান খোঁজার একটা গবেষণাগার হতো, তবে তা তরুণ প্রজন্মের কাছে কতখানি প্রাণবন্ত হতো।
আমরা তাঁকে সেনাপতি বা রাষ্ট্রনায়ক হিসেবে যতটা আলোচনা করি, একজন পিতা, স্বামী, শিক্ষক, ব্যবসায়ী বা প্রতিবেশী হিসেবে তাঁর দৈনন্দিন জীবনকে ততটা গুরুত্ব দিই না।
দ্বিতীয় এবং সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো আমরা মদিনা–জীবনের পুরো ১০টি বছরকে গুটিকয় যুদ্ধ ও রাজনৈতিক মাইলফলকে সংকুচিত করে ফেলেছি। মদিনা–জীবনের কথা জিজ্ঞেস করলে সবার চোখে ভেসে ওঠে বদর, ওহুদ, খন্দক, হুদায়বিয়া, মক্কা বিজয়।
কিন্তু প্রতিটি যুদ্ধ বা ঘটনা স্থায়ী হয়েছিল মাত্র কয়েক দিন বা সপ্তাহ। এই মাইলফলকগুলোর বাইরে মদিনার সেই ১০ বছরের বাকি প্রায় সাড়ে তিন হাজার দিন নবীজি (সা.) কীভাবে কাটিয়েছিলেন, সেই আলোচনা সিরাতচর্চা থেকে প্রায়ই হারিয়ে যায়।
আমরা তাঁকে সেনাপতি বা রাষ্ট্রনায়ক হিসেবে যতটা আলোচনা করি, একজন পিতা, স্বামী, শিক্ষক, ব্যবসায়ী বা প্রতিবেশী হিসেবে তাঁর দৈনন্দিন জীবনকে ততটা গুরুত্ব দিই না।
অথচ একজন সাধারণ মানুষের জীবনে যুদ্ধক্ষেত্রের চেয়ে একজন আদর্শ গৃহকর্তা বা প্রতিবেশীর চরিত্রের উপযোগিতা অনেক বেশি।
কোরআন বলে, ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব, আয়াত: ২১)
এই আদর্শের পূর্ণতা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বিস্তৃত ছিল ঘরের কোণ থেকে মদিনার বাজারের কেনাকাটা পর্যন্ত। আয়েশা (রা.)-কে যখন নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি এক লাইনে জবাব দেন, ‘তাঁর চরিত্র ছিল কোরআন।’ (সহিহ মুসলিম, আয়াত: ৭৪৬)
অর্থাৎ কোরআন যেমন পূর্ণাঙ্গ জীবনবিধান, তাঁর প্রতিটি সাধারণ দিনের আচরণও ছিল সেই বিধানের জীবন্ত রূপ।
দাম্পত্য জীবনেও তিনি স্ত্রীদের সঙ্গে চমৎকার আচরণ করতেন, যা আজকের দাম্পত্য সংকটে জর্জরিত সমাজের জন্য বড় পথনির্দেশ। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)
সিরাতের এই মানবিক দিকগুলোকে যুদ্ধের ইতিহাসের সমান গুরুত্ব না দিলে, নবীজির জীবনযাত্রার একটা আংশিক চিত্রই আমাদের সামনে থাকে।
সিরাতচর্চা কোনো মৃত ইতিহাস নয়। আমরা যদি একে তথ্যের খতিয়ান আর যুদ্ধের ইতিহাসের ফ্রেমে বন্দি রাখি, তা আবেগ জোগাবে ঠিকই, কিন্তু চরিত্র বদলাতে পারবে না।
কারণ চিহ্নিত হলে সমাধানও নির্দিষ্ট হয়ে ওঠে।
১. নৈতিকতা-ভিত্তিক পাঠ্যক্রম: শিক্ষা সিলেবাসে সিরাতকে এমনভাবে সাজাতে হবে, যেন শিক্ষার্থী কেবল পরীক্ষায় পাসের জন্য মুখস্থ না করে, বরং তা থেকে নৈতিক মূল্যবোধ অর্জন করে। যেমন, নবীজি (সা.) কীভাবে মানুষের ভুল সংশোধন করতেন, বা তিনি কীভাবে সমালোচনা মোকাবিলা করতেন, প্রাকৃতিক বিপর্যয়ে নবীজি কীভাবে ভূমিকা রাখতেন—এগুলো শিক্ষাবিদদের জন্য এক দারুণ পাঠ হতে পারে।
২. বৈচিত্র্যময় সিরাত গ্রন্থের প্রচার: পাঠকদের শুধু সনাতন সিরাত গ্রন্থে সীমাবদ্ধ না রেখে, আধুনিক মনস্তত্ত্ব ও সমাজবিজ্ঞানের আলোকে লেখা গ্রন্থের সঙ্গে পরিচয় করাতে হবে, যা শিক্ষিত তরুণদের মনস্তাত্ত্বিক প্রশ্নের জবাব দিতে সক্ষম।
৩. প্রচারমাধ্যমে আধুনিক উপস্থাপন: ওয়াজ মাহফিল বা জুমার খুতবায় শুধু অলৌকিক বা যুদ্ধবিগ্রহের কাহিনির বদলে নবীজির সামাজিক ন্যায়বিচার, পরিবেশসচেতনতা, পশুপাখির প্রতি দয়া, আর অমুসলিম প্রতিবেশীদের সঙ্গে তাঁর আচরণ বেশি আলোচিত হওয়া দরকার।
সিরাতচর্চা কোনো মৃত ইতিহাস নয়, বরং এটা কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক জীবন্ত জীবন–ম্যানুয়াল। আমরা যদি একে তথ্যের খতিয়ান আর যুদ্ধের ইতিহাসের ফ্রেমে বন্দি রাখি, তা আবেগ জোগাবে ঠিকই, কিন্তু চরিত্র বদলাতে পারবে না।
যেদিন আমাদের তরুণ–সমাজ বদরের সাল মুখস্থ করার পাশাপাশি নবীজির দৈনন্দিন জীবনের সততা, কৌশল ও উদারতাকে নিজের ব্রত বানাতে পারবে, সেদিনই সিরাত পাঠ সত্যিকার অর্থে ফলপ্রসূ হবে।