পাথেয়

মানুষের সম্মান রক্ষায় ইসলামের ৬ শিক্ষা

কখনো কি ভেবেছেন, একটি ক্ষুদ্র কথা কারো হৃদয়ে গভীর আঘাত ফেলতে পারে? হাসি-ঠাট্টার মাঝেও কারও সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে? আমরা প্রায়শই এমন অনিচ্ছাকৃত ভুল করি।

ইসলাম আমাদের শেখায়, মানুষের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা যায় এবং কীভাবে একটি সৌহার্দ্যময় সমাজ গড়ে তোলা সম্ভব। 

এমনই ছয়টি নির্দেশনা তুলে ধরা হলো, যা টেকসই সম্পর্ক গড়ে তুলবে এবং পারস্পরিক সম্মান রক্ষায় সহায়তা করবে। 

১. কাউকে উপহাস না করা

কাউকে তুচ্ছ করা বা উপহাস করা তার সম্মান নষ্ট করার সবচেয়ে সহজ উপায়। অনেক সময় আমরা হাসি-ঠাট্টার ছলে অন্যকে নিয়ে মন্তব্য করি, অথচ বুঝতে পারি না, সেই কথাগুলো তার হৃদয়ে কতটা আঘাত দেয়।

ইসলাম এই ধরনের আচরণকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে। আল্লাহ-তাআলা বলেন, “হে মুমিনগণ, কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্রূপ না করে; হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।” (সুরা হুজুরাত, আয়াত: ১১) 

এই আয়াত আমাদের শেখায়, বাহ্যিক অবস্থা দেখে কাউকে ছোট করে দেখা কখনো উচিত নয়। কারণ মানুষের প্রকৃত মর্যাদা আল্লাহর কাছেই নির্ধারিত।

২. গোপনীয়তা প্রকাশ না করা

মানুষের ব্যক্তিগত বিষয় বা দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করা তার মর্যাদা হ্রাস করে। মহানবী (সা.) তাই দোষ গোপন রাখতে উৎসাহ দিতেন।

তিনি বলতেন, “যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, কেয়ামতের দিন আল্লাহ-তাআলাও তার দোষ গোপন রাখবেন।” (সহিহ বুখারি, হাদিস: ২৪৪২)

কেউ যখন আস্থার সঙ্গে নিজের দুর্বলতা কিংবা কষ্টের কথা জানায়, তখন তা গোপন রাখা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ইচ্ছাকৃতভাবে তা প্রকাশ করা বা তা নিয়ে উপহাস করা বিশ্বাসভঙ্গের শামিল।

৩. পরনিন্দা থেকে বিরত থাকা

পরনিন্দা বা গিবত মানুষের সম্মান ক্ষুণ্ন করার ক্ষতিকর উপায়। অনেক সময় আমরা অনুপস্থিত কারো সম্পর্কে এমন কথা বলি, যা শুনলে তিনি কষ্ট পেতেন।

কোরআনে এসেছে, “তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে?” (সুরা হুজুরাত, আয়াত: ১২)

এই উপমা আমাদের বুঝিয়ে দেয় যে গিবত কত ভয়াবহ ও নিন্দনীয় কাজ। একজন মুমিন যখন অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করেন, তখন কেবল তিনি আল্লাহর কাছেই নয়; সেই ব্যক্তির কাছেও দায়ী হয়ে পড়েন।

৪. কোমল ভাষায় কথা বলা

কথার প্রভাব মানুষের জীবনে অসীম। একটি ক্ষুদ্র বাক্যও কারো মন জয় করতে পারে, আবার একটি রূঢ় বা তির্যক বাক্য তীব্র আঘাত করতে পারে।

তাই কোরআন নির্দেশ দেয়, “তোমরা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলবে।” (সুরা বাকারা, আয়াত: ৮৩)

নরম, ভদ্র ও মার্জিত ভাষায় কথা বলা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এর মাধ্যমে মানুষের সম্মান বজায় থাকে এবং পারস্পরিক সম্পর্ক মজবুত ও সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে।

৫. সবার সমমর্যাদা স্বীকার করা

ইসলাম মানুষকে জাতি, বর্ণ বা সম্পদের ভিত্তিতে বিভক্ত করে না। বরং মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া ও নৈতিকতার ভিত্তিতে।

আল্লাহ-তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে তিনিই অধিক মর্যাদাবান, যিনি অধিক খোদাভীরু।” (সুরা হুজুরাত, আয়াত: ১৩)

এই শিক্ষা মানুষের অহমিকা দূর করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। ধনী-গরিব, শক্তিশালী-দুর্বল—সবাই আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী।

৬. সম্মানজনক নামে সম্বোধন করা

মানুষকে অপমানজনক উপাধি বা বিদ্রূপাত্মক নামে ডাকা গুরুতর অন্যায়। একজন মুমিনের জন্য এমন আচরণ কখনই শোভন নয়

আল্লাহ-তাআলা বলেন, “হে মুমিনগণ,...এবং তোমরা একে অপরকে মন্দ নামে সম্বোধন করো না। ইমান আনার পর এটি কতই না নিকৃষ্ট! যারা এই পাপ থেকে তওবা করেনি, তারাই জালেম।” (সুরা হুজুরাত, আয়াত: ১১)  

মানুষকে সম্মানজনক ও সুশোভিত নামে সম্বোধন করুন। এতে যেমন শিষ্টাচার বজায় থাকে, তেমনি তার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও গভীর মর্যাদাবোধও প্রকাশ পায়। 

রায়হান আল ইমরান : লেখক ও গবেষক