অনুগতকে আল্লাহ্‌র প্রতিদান

ইবাদতে খুশি হয়ে আল্লাহ তাঁর বান্দার জন্য প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। বিশ্বাসীরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত করে থাকেন। অনুগত বান্দাকে আল্লাহ প্রতিদান দেবেন।

নবী করিম (সা.)–এর প্রিয় একজন সাহাবি হজরত আবু হুরায়রা (রা.)–র কাছ থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে যে রাসুল (সা.) বলেন, আল্লাহ বলেছেন, ‘যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা করে, আমি (আল্লাহ) তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি তার ওপর যা ফরজ করেছি, তা ছাড়া অন্য আর কোনো পছন্দসই জিনিস দিয়ে আমার বান্দা আমার বেশি কাছে আসতে পারবে না।

আমার বান্দা নফলের মাধ্যমে আমার কাছে আসতে থাকলে আমি তাকে ভালোবাসতে থাকি। আমি যখন তাকে ভালোবাসতে থাকি, তখন আমি তার কান হয়ে যাই—যা দিয়ে সে শোনে; তার চোখ হয়ে যাই—যা দিয়ে সে দেখে; তার হাত হয়ে যাই—যা দিয়ে সে ধরে; আর তার পা হয়ে যাই—যা দিয়ে সে চলাচল করে। সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দিই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। (বুখারি, হাদিস: ৬৫০২)