পাথেয়

একটি মিথ্যা আপনাকে নিশ্চিত ৪ সংকটে ফেলবে

একটি সত্য কথা যেমন মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা ও সম্মান তৈরি করতে পারে, তেমনি একটি মিথ্যা মুহূর্তের মধ্যেই ভেঙে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক ও আস্থার ভিত্তি।

ব্যক্তি, পরিবার কিংবা সমাজ—সব ক্ষেত্রেই মিথ্যার রয়েছে নেতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব।

ইসলাম সত্যবাদিতার বিশেষ গুরুত্ব দিয়েছে। বিপরীতে মিথ্যাকে গুরুতর নৈতিক অপরাধ ও পাপের পথ হিসেবে বিবেচনা করেছে।

কারণ, মিথ্যা শুধু মানুষের পার্থিব জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না; বরং পরকালেও ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি।

১. মিথ্যা পাপের পথে নিয়ে যাবে

মিথ্যার প্রধান পরিণতি হলো, এটি ধীরে ধীরে আরও বড় পাপের দিকে ঠেলে দেয়। একটি মিথ্যা আড়াল করতে মানুষকে আরও মিথ্যার আশ্রয় নিতে হয়। দ্বিতীয় মিথ্যা ঢাকতে তৈরি করতে হয় নতুন অজুহাত। এভাবে একসময় অসত্যের জালে নিজেই আটকে পড়ে মানুষ।

রাসুল (সা.) বলেছেন, ‘...আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে। কেননা মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার দোজখের দিকে নেয়। একজন মানুষ মিথ্যা বলতে থাকে এবং মিথ্যার অনুসন্ধান করতে থাকে, একপর্যায়ে আল্লাহর কাছে সে মহা মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৯৪)

মিথ্যা কোনো সাধারণ অপরাধ নয়; বরং এটি এমন একটি পথ, যার শেষ পরিণতি ভয়াবহ। তাই ছোট-বড় সব ধরনের মিথ্যা থেকে বাঁচা মুমিনের দায়িত্ব।

মোনাফেকের নিদর্শন তিনটি: সে কথা বলার সময় মিথ্যা বলে; প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে; আর যখন তার কাছে আমানত রাখা হয়, সে খেয়ানত করে।
সহিহ বুখারি, হাদিস: ৩৩

২. মিথ্যা অন্তরের শান্তি কেড়ে নেবে

সত্যবাদী মানুষের অন্তরে একধরনের স্বস্তি থাকে। কারণ, তাঁকে নিজের কথা লুকাতে হয় না, বলা কথার সঙ্গে নতুন গল্প মেলাতে হয় না কিংবা মিথ্যা প্রকাশ পাওয়ার ভয়ে অস্থির থাকতে হয় না।

তাঁর কথা ও কাজে থাকে স্বচ্ছতা ও স্থিরতা।

অন্যদিকে মিথ্যাবাদী মানুষকে সব সময় একধরনের ভয় ও অস্বস্তি তাড়া করে বেড়ায়। কখন তাঁর মিথ্যা প্রকাশ হয়ে যায়, কখন কেউ তাঁর কথার অসংগতি ধরে ফেলে—এমন দুশ্চিন্তা তাঁকে মানসিকভাবে অস্থির করে তোলে।

রাসুলের একটি হাদিসে এ বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন, ‘সত্য প্রশান্তি দেয় এবং মিথ্যা সন্দেহ সৃষ্টি করে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৫১৮)

অর্থাৎ সত্য মানুষের অন্তরে স্বস্তি ও নিশ্চিন্ততা তৈরি করে, আর মিথ্যা জন্ম দেয় সংশয়, ভয় ও অস্থিরতা।

৩. মিথ্যা মোনাফেক বানাবে

মুখে ইমানের দাবি করা অথচ অন্তরে তার বিপরীত অবস্থান রাখাই মোনাফেকি। হাদিসে মিথ্যা বলাকে মোনাফেকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

মহানবী (সা.) বলেছেন, ‘মোনাফেকের নিদর্শন তিনটি: সে কথা বলার সময় মিথ্যা বলে; প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে; আর যখন তার কাছে আমানত রাখা হয়, সে খেয়ানত করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩)

মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে যখন অন্যের অধিকার নষ্ট করা হয়, নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হয় কিংবা অপরাধীকে নির্দোষ প্রমাণের চেষ্টা করা হয়, তখন এর ভয়াবহতা আরও বেড়ে যায়।

৪. পরকালে মিথ্যার পরিণতি হবে ভয়াবহ

মিথ্যার পরিণতি শুধু দুনিয়ার অপমান, মানুষের অবিশ্বাস কিংবা সম্পর্ক নষ্ট হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। কিছু মিথ্যার জন্য কবর ও পরকালের কঠিন শাস্তির কথাও হাদিসে বর্ণিত হয়েছে।

মহানবী (সা.) একবার স্বপ্নে দেখেন, এক ব্যক্তির মুখের এক পাশ লোহার আঁকশি দিয়ে এমনভাবে চিরে ফেলা হচ্ছে যে তা ঘাড় পর্যন্ত চলে যাচ্ছে। এরপর অন্য পাশের সঙ্গেও একই আচরণ করা হচ্ছে। তাঁকে জানানো হয়, ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলত, যা দিগন্তজুড়ে ছড়িয়ে পড়ত। (সহিহ বুখারি, হাদিস: ৭০৪৭)

মিথ্যা সাক্ষ্য মহাপাপ

মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে যখন অন্যের অধিকার নষ্ট করা হয়, নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হয় কিংবা অপরাধীকে নির্দোষ প্রমাণের চেষ্টা করা হয়, তখন এর ভয়াবহতা আরও বেড়ে যায়। এতে স্রেফ একজন ব্যক্তি নয়, পুরো সমাজের ন্যায়বিচার ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

মহানবী (সা.) একবার সাহাবিদের জিজ্ঞেস করলেন, ‘আমি কি তোমাদের সবচেয়ে বড় পাপের সম্পর্কে জানাব না?’ সাহাবিরা বললেন, ‘অবশ্যই।’ তিনি বললেন, ‘আল্লাহর সঙ্গে শিরক করা এবং মা-বাবার অবাধ্য হওয়া।’ এরপর তিনি হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে বললেন, ‘সাবধান, মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য।’ তিনি কথাটি বারবার বলতে থাকলেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৯৭৬)

লক্ষণীয় যে মহানবী (সা.) মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে বারবার সতর্ক করেছেন। এর মাধ্যমে এ অপরাধের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। নিজের স্বার্থ রক্ষা করতে কিংবা কাউকে খুশি করতে গিয়ে কখনো এমন সাক্ষ্য দেওয়া উচিত নয়, যার কারণে একজন নিরপরাধ মানুষকে অন্যায়ের শিকার হতে হয়।

  • রায়হান আল ইমরান: আলেম, লেখক ও গবেষক