মানবদেহের বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ যত সুস্থ ও সবলই হোক না কেন, তার হৃদয় যদি অনুভূতিহীন ও নিষ্ক্রিয় হয়ে পড়ে, তবে সেই মানুষটির সমগ্র জীবনই পথভ্রষ্ট হয়ে যায়।
পবিত্র কোরআনে শেষ বিচারের দিনের চূড়ান্ত চিত্র তুলে ধরে সতর্ক করা হয়েছে, সেদিন কোনো ধনসম্পদ কিংবা সন্তানসন্ততি কারো কোনো উপকারে আসবে না, শুধু সে ব্যতীত যে আল্লাহর কাছে একটি ‘বিশুদ্ধ ও সুস্থ হৃদয়’ (কলবে সালিম) নিয়ে উপস্থিত হবে। (সুরা শুআরা, আয়াত: ৮৮–৮৯)
পাপাচারের কারণে মরচে পড়া এই কঠিন হৃদয়কে কোমল ও আর্দ্র করার জন্য কোরআন ও হাদিস আমাদের আত্মিক চিকিৎসাপদ্ধতি বাতলে দিয়েছে।
নবীজি (সা.) বলছেনে, “জেনে রেখো, মানবদেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে; যদি তা সুস্থ ও সংশোধিত থাকে, তবে সমগ্র দেহই সুস্থ থাকে। আর যদি তা নষ্ট হয়ে যায়, তবে সমগ্র দেহই নষ্ট হয়ে যায়। সাবধান, সেটিই হলো হৃদয়।” (সহিহ বুখারি, হাদিস: ৫২)
কঠোর হৃদয়কে নরম করার সাতটি কার্যকর উপায় তুলে ধরা হলো।
পাপাচারের কারণে মরচে পড়া এই কঠিন হৃদয়কে কোমল ও আর্দ্র করার জন্য কোরআন ও হাদিস আমাদের আত্মিক চিকিৎসাপদ্ধতি বাতলে দিয়েছে।
১. মৃত্যুকে বেশি বেশি স্মরণ
পার্থিব মোহ ও বিলাসবহুল জীবনের অতিভোগই মানুষের অন্তরকে পাথরের মতো শক্ত করে তোলে। এই মোহভঙ্গের সর্বোত্তম মহৌষধ হলো মৃত্যুর অনিবার্য বাস্তবতাকে স্মরণ করা। মহানবী (সা.) নির্দেশ দিয়েছেন, “ভোগ-বিলাসের বিনাশকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৩০৭)
ইমাম কুরতুবি (রহ.) প্রাচীন বিজ্ঞ পণ্ডিতদের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, মৃত্যুর নিয়মিত স্মরণ মানুষকে পাপ থেকে বিরত রাখে, কঠিন হৃদয়কে কোমল করে, দুনিয়ার ভোগলিপ্সা প্রশমিত করে এবং যেকোনো আকস্মিক বিপর্যয়ের অভিঘাতকে হালকা করে দেয়।
আয়েশা (রা.)-এর কাছে এক নারী এসে নিজের অন্তরের কাঠিন্যের অভিযোগ করলে তিনি বলেছিলেন, ‘তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তোমার অন্তর নরম হয়ে যাবে।’ সেই নারী এই আমল করার পর তাঁর হৃদয়ে পরম প্রশান্তি ফিরে পান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। (আত-তাজকিরাহ বি-আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ, পৃষ্ঠা: ১২–১৩)
২. কবর জিয়ারত
কবরের সান্নিধ্যে গেলে মানুষের যাবতীয় অহংকার ও আত্মম্ভরিতা ধূলিসাৎ হয়ে যায়। মহানবী (সা.) বলেছেন, “পূর্বে আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম; তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ তা অন্তরকে নরম করে, চোখে অশ্রু আনে এবং পরকালকে স্মরণ করিয়ে দেয়।” (সহিহ মুসলিম, হাদিস: ৯৭৭)
কবরস্থানের নীরবতাই মানুষের ঘুমন্ত চৈতন্যকে সবচেয়ে তীব্রভাবে নাড়া দেয়।
৩. অসুস্থ ব্যক্তির দর্শন
মৃত্যুর সঙ্গে মানুষের চরম টানাপোড়েন স্বচক্ষে প্রত্যক্ষ করা অন্তরকে বিগলিত করার অন্যতম বড় মাধ্যম। তাবেয়ি ইমাম হাসান বাসরি (রহ.) একবার এক মুমূর্ষু ব্যক্তির অন্তিম শ্বাসকষ্টের কষ্টদায়ক দৃশ্য প্রত্যক্ষ করে ঘরে ফিরলেন।
বান্দা যখন কোনো পাপ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে, পাপ ত্যাগ করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে তার অন্তরকে ধুয়ে আবার পরিষ্কার করে দেওয়া হয়।সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৩৪
পরিবারের সদস্যরা যখন তাঁর সামনে খাবার পরিবেশন করল, তখন তিনি বিষণ্ণ কণ্ঠে বললেন, ‘তোমরা খাও; আজ আমি মৃত্যুর এমন এক অবিস্মরণীয় দৃশ্য প্রত্যক্ষ করেছি, যার প্রস্তুতি নেওয়ার জন্য আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত আমল করে যাব।’
এই অনুভূতি মানুষের অন্তরের সমস্ত জড়তা ভেঙে দেয়।
৪. খাঁটি তওবা ও ক্ষমা প্রার্থনা
প্রতিটি অন্যায়ের সঙ্গে সঙ্গে অন্তরে অন্ধকারের প্রলেপ পড়ে। মহানবী (সা.) এর চমৎকার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে বলেছেন, “বান্দা যখন কোনো পাপ করে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে, পাপ ত্যাগ করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে তার অন্তরকে ধুয়ে আবার পরিষ্কার করে দেওয়া হয়।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৩৪)
নিয়মিত ক্ষমাপ্রার্থনা অন্তরের সজীবতা বজায় রাখার অন্যতম প্রধান চাবিকাঠি।
৫. কোরআনের বাণীতে গভীর অভিনিবেশ
মহাগ্রন্থ কোরআন শুধু পড়ার বিষয় নয়; এর অর্থ ও ভাবগাম্ভীর্যে ডুব দিলে পাথরের মতো কঠিন হৃদয়ও কেঁপে ওঠে। স্বয়ং আল্লাহ ঘোষণা করেন, “যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে পেতে যে আল্লাহর ভয়ে তা বিনীত হয়ে বিদীর্ণ হয়ে গেছে! আর আমি মানুষের জন্য এসব দৃষ্টান্ত পেশ করি, যাতে তারা গভীরভাবে অনুধাবন করে।” (সুরা হাশর, আয়াত: ২১)
একটি বিশাল জড় পাহাড় যদি আল্লাহর বাণীর ভারে বিদীর্ণ হতে পারে, তবে রক্ত-মাংসের মানুষের অন্তর কেন বিগলিত হবে না? কোরআনের আয়াত নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা কঠিন মনকে অশ্রুসজল করার অব্যর্থ মাধ্যম।
সমুদ্রের বিশালতা, সূর্যাস্তের মনোরম দৃশ্য কিংবা নক্ষত্রখচিত রাতের আকাশের দিকে তাকালে মানুষের অহংবোধ নিমেষেই বিলীন হয়ে যায় এবং হৃদয় বিনম্র হয়ে ওঠে।
৬. সৃষ্টির দিকে গভীর দৃষ্টিপাত
কোরআনে আল্লাহ-তাআলা বারবার তাঁর সৃষ্টির নিদর্শন নিয়ে গবেষণার আহ্বান জানিয়েছেন: “তারা কি উটের দিকে তাকায় না, কীভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? এবং আকাশের দিকে, কীভাবে তাকে ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? এবং পাহাড়ের দিকে, কীভাবে তাকে দৃঢ়ভাবে প্রোথিত করা হয়েছে? এবং জমিনের দিকে, কীভাবে তাকে বিস্তৃত করা হয়েছে?” (সুরা গাশিয়া, আয়াত: ১৭–২০)
সমুদ্রের বিশালতা, সূর্যাস্তের মনোরম দৃশ্য কিংবা নক্ষত্রখচিত রাতের আকাশের দিকে তাকালে মানুষের অহংবোধ নিমেষেই বিলীন হয়ে যায় এবং হৃদয় বিনম্র হয়ে ওঠে।
৭. নিভৃতে দোয়া ও অবিরত জিকির
শেষ রাতের তাহাজ্জুদে কিংবা নামাজের সেজদায় পড়ে রবের দরবারে হাত তুলে নিজের দুর্বলতা স্বীকার করা এবং অশ্রু বিসর্জন দেওয়া অন্তরের মরচে দূর করার মহৌষধ। দীর্ঘদিনের ব্যবধানের কারণে হয়তো তাৎক্ষণিকভাবে অন্তরে সেই আর্দ্রতা অনুভূত নাও হতে পারে; কিন্তু অবিরাম চেষ্টা, তাসবিহ পাঠ এবং রবের কাছে আকুল ফরিয়াদ অব্যাহত রাখলে একসময় অন্তরে পরম প্রশান্তি ও কোমলতা নেমে আসে।