নামাজে দাঁড়িয়ে অনেক সময় মনে হয়, শুধু যান্ত্রিকভাবে রুকু–সেজদা করে যাচ্ছি; অন্তরে কোনো ভাব নেই, ভক্তি নেই, কী পড়ছি খবর নেই। এই অবস্থা থেকে কারও মনে হতাশার জন্ম নেয়, এমন নামাজ পড়ে কী লাভ? অনেক বিশ্বাসী মানুষ এই আত্মগ্লানিতে ভুগে একপর্যায়ে নামাজ ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
প্রশ্ন হলো—প্রাণহীন বা মনোযোগহীন নামাজের চেয়ে কি নামাজ একেবারে ছেড়ে দেওয়াই ভালো? না, শতভাগ মনোযোগহীন একটি নামাজও নামাজ ত্যাগ করার চেয়ে কোটি গুণ উত্তম।
নামাজ মুমিনের জীবনের মেরুদণ্ড। জীবনের ব্যস্ততা ও মানসিক চাপের কারণে নামাজে পূর্ণ একাগ্রতা বা ‘খুশু’ ধরে রাখা কঠিন হতে পারে। এই অবস্থাকে কাজে লাগিয়ে শয়তান মানুষের মনে সূক্ষ্ম ও বিপজ্জনক বিভ্রান্তি তৈরি করে। মনোযোগহীন হলেও নামাজ অব্যাহত রাখা কেন অপরিহার্য, তা নিয়ে আলোচনা করা যাক।
শয়তান জানে, বান্দা যতক্ষণ জায়নামাজে দাঁড়িয়ে যান্ত্রিকভাবে হলেও সেজদা দিচ্ছে, ততক্ষণ সে আল্লাহর আনুগত্যের গণ্ডির ভেতরেই আছে। কিন্তু একবার নামাজ ছেড়ে দিলে সে পুরোপুরি আল্লাহর রহমতের সীমানা থেকে ছিটকে পড়বে।
নামাজে দাঁড়িয়ে একাগ্রতা পায় না, তখন শয়তান তাকে মন্ত্রণা দেয়, “তুমি তো মোনাফেক, তোমার নামাজ তো শুধু লোকদেখানো শারীরিক ওঠাবসা। যে নামাজে আল্লাহর প্রতি প্রেম নেই, সে নামাজ পড়ে আল্লাহকে ধোঁকা দেওয়ার কী অর্থ? এর চেয়ে বরং যখন মন পবিত্র হবে এবং পুরোপুরি মনোযোগ আসবে, তখন নামাজ পোড়ো।”
আপাতদৃষ্টিতে এই যুক্তিকে খুব নীতিবান ও আন্তরিক মনে হলেও, এটি আসলে শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। শয়তানের চূড়ান্ত উদ্দেশ্য হলো বান্দার সঙ্গে মহান আল্লাহর সম্পর্কটি সম্পূর্ণভাবে ছিন্ন করে দেওয়া।
শয়তান জানে, বান্দা যতক্ষণ জায়নামাজে দাঁড়িয়ে যান্ত্রিকভাবে হলেও সেজদা দিচ্ছে, ততক্ষণ সে আল্লাহর আনুগত্যের গণ্ডির ভেতরেই আছে। কিন্তু একবার নামাজ ছেড়ে দিলে সে পুরোপুরি আল্লাহর রহমতের সীমানা থেকে ছিটকে পড়বে। তাই মন না বসলেও নামাজ পড়ে যাওয়া রাখা হবে শয়তানের মুখে চপেটাঘাত।
ইসলামে নামাজ পড়ার দুটি দিক রয়েছে: প্রথমত, আল্লাহর নির্ধারিত ফরজ বিধান পালন করে দায়িত্ব থেকে মুক্ত হওয়া; দ্বিতীয়ত, অন্তরের একাগ্রতার মাধ্যমে সওয়াব ও আত্মিক উন্নতি লাভ করা।
একজন মুমিন যখন নামাজের মৌলিক রুকনগুলো (যেমন: কেয়াম, কেরাত, রুকু ও সেজদা) যথানিয়মে আদায় করে, তখন তার ওপর থেকে ফরজ ত্যাগের পাপের বোঝা নেমে যায়। সে আর ‘বেনামাজি’ বা নামাজ পরিত্যাগকারী থাকে না।
রাসুল (সা.) সতর্ক করে বলেছেন, “একজন ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা।” (সহিহ মুসলিম, হাদিস: ৮২)
সুতরাং নামাজে মন না থাকলেও যে ব্যক্তি নামাজ আদায় করে, সে অন্তত ইসলামের অন্যতম প্রধান স্তম্ভকে ধরে রাখে এবং কুফরের সীমারেখা থেকে নিজেকে নিরাপদে রাখে।
বান্দা যখন নামাজ শেষ করে, তখন তার জন্য হয়তো নামাজের দশভাগের একভাগ, নয়ভাগের একভাগ, আটভাগের একভাগ, সাতভাগের একভাগ, ছয়ভাগের একভাগ, পাঁচভাগের একভাগ, চারভাগের একভাগ, তিনভাগের একভাগ কিংবা অর্ধেক সওয়াব লেখা হয়।সুনানে আবু দাউদ, হাদিস: ৭৯৬
নামাজে যতটুকু মনোযোগ থাকে, বান্দা ততটুকুরই সওয়াব পায়—এটি হাদিসে প্রমাণিত। রাসুল (সা.) বলেছেন, “বান্দা যখন নামাজ শেষ করে, তখন তার জন্য হয়তো নামাজের দশভাগের একভাগ, নয়ভাগের একভাগ, আটভাগের একভাগ, সাতভাগের একভাগ, ছয়ভাগের একভাগ, পাঁচভাগের একভাগ, চারভাগের একভাগ, তিনভাগের একভাগ কিংবা অর্ধেক সওয়াব লেখা হয়।” (সুনানে আবু দাউদ, হাদিস: ৭৯৬)
এই হাদিসটি আমাদের গভীর আশার আলো দেখায়। নবীজি (সা.) কিন্তু বলেননি যে মনোযোগ না থাকলে নামাজ বাতিল হয়ে যাবে; বরং যতটুকু মন ছিল ততটুকুর সওয়াব বান্দা পাবে।
দশভাগের একভাগ বা সামান্য সওয়াব পাওয়া কি একেবারেই শূন্য থাকার চেয়ে হাজার গুণ শ্রেয় নয়? যে নামাজই পড়ল না, সে তো সওয়াবের বদলে নিজের আমলনামায় শাস্তির বোঝাই ভারী করল।
ইসলামি মনীষীগণ নামাজের অবস্থাকে এক চমৎকার উপমার সাহায্যে ব্যাখ্যা করেছেন। প্রিয় নবী (সা.) নামাজকে বাড়ির সামনে প্রবাহিত স্বচ্ছ নদীর সঙ্গে তুলনা করেছেন।
তিনি সাহাবিদের জিজ্ঞাসা করেছেন, “তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী প্রবাহিত থাকে এবং সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে?” সাহাবিরা বললেন, ‘না, কোনো ময়লা থাকবে না।’ তিনি বলেছেন, “এটিই হলো পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ; এর মাধ্যমে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মিটিয়ে দেন।” (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)
এখন কেউ যদি সেই নদীতে অনিচ্ছাসত্ত্বেও বা তাড়াহুড়ো করে ডুব দেয়, তবুও কি তার শরীরের ময়লা ধুয়ে যাবে না? অবশ্যই যাবে। ঠিক তেমনি মনোযোগ কম থাকা সত্ত্বেও প্রতিদিন পাঁচবার অজু করে নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়ানো বান্দার পাপ মোচনের কারণ হয় এবং তাকে বড় বড় অনৈতিক কাজ থেকে বিরত রাখে।
যে রোগী ক্ষুধামন্দায় ভুগছে, সে যদি খাবার মুখে স্বাদ না পাওয়ার কারণে খাওয়া বন্ধ করে দেয়, তবে সে নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়বে। স্বাদ না থাকলেও তাকে বেঁচে থাকার তাগিদে জোর করে খেতে হয়।
ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দরজায় অবিচলভাবে কড়া নাড়তে থাকে, একদিন না একদিন তার জন্য সেই দুয়ার উন্মুক্ত হবেই। নামাজ হলো সেই রাজকীয় দরজায় ভিখারির মতো হাত পেতে দাঁড়িয়ে থাকা।
মন বসুক বা না বসুক, আপনি যদি নির্ধারিত সময়ে জায়নামাজে উপস্থিত হন, তবে আপনি আল্লাহর প্রতি আপনার আনুগত্য প্রকাশ করলেন। (ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যাহ, রিসালাতু ইবনিল কাইয়্যিম ইলা আহাদি ইখওয়ানিহ (আসরারুস সালাহ), পৃষ্ঠা: ২৯–৩১, মাকতাবাতুল মুআইয়্যাদ, রিয়াদ, ১৯৯৯ খ্রি.)
যে রোগী ক্ষুধামন্দায় ভুগছে, সে যদি খাবার মুখে স্বাদ না পাওয়ার কারণে খাওয়া বন্ধ করে দেয়, তবে সে নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়বে। স্বাদ না থাকলেও তাকে বেঁচে থাকার তাগিদে জোর করে খেতে হয়। একসময় শরীর সুস্থ হলে খাবারের আসল স্বাদ আবার ফিরে আসে।
নামাজের ক্ষেত্রেও বিষয়টি একরূপ; আজ মন না বসলেও নামাজ আঁকড়ে ধরে রাখলে অচিরেই হৃদয়ে সেই স্বর্গীয় একাগ্রতা ও প্রশান্তি ফিরে আসবে।
মোটকথা, মনোযোগহীনতার অজুহাতে নামাজ ছেড়ে দেওয়া কোনো ধার্মিকতা নয়; এটি শয়তানের এক সুচতুর মরণফাঁদ। আপনার মন খারাপ থাকুক, কাজের চাপ থাকুক কিংবা নামাজের ভেতর বিভ্রান্তি আসুক—কখনোই জায়নামাজ ছাড়বেন না।
নামাজ হলো আল্লাহর সঙ্গে যুক্ত থাকার শেষ রশি; এই রশিটি ছিঁড়ে ফেললে উদ্ধারের আর কোনো পথ খোলা থাকে না।