জীবনে ইসলাম

গোপন পাপের প্রকাশ: সোশ্যাল মিডিয়ার যুগে আত্মার নীরব বিপর্যয়

একসময় মানুষ নিজের পাপকে লুকিয়ে রাখতে চাইত। ভুল করলে লজ্জায় মাথা নত হতো, একান্তে আল্লাহর কাছে ক্ষমা চাইত। কিন্তু সময় বদলেছে। এখন এমন এক যুগে আমরা বাস করছি, যেখানে অনেকেই নিজের ব্যক্তিগত জীবন, ভুল, এমনকি পাপও জনসমক্ষে তুলে ধরতে দ্বিধা করে না।

সামাজিক যোগাযোগমাধ্যম যেন এমন এক মঞ্চ, যেখানে মানুষ নিজের জীবনকে প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছে। এই প্রতিযোগিতায় কখন যে লজ্জাবোধ, আত্মসম্মান ও তাকওয়া হারিয়ে যায়, তা টেরই পাওয়া যায় না।

পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা সতর্ক করে বলেছেন, ‘নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।’ (সুরা নুর: ১৯)

এই আয়াত কেবল অশ্লীলতার প্রচারকারীদের জন্য নয়; বরং এমন একটি মানসিকতার বিরুদ্ধেও সতর্ক করে, যা মানুষের পাপকে সমাজে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তোলে।

ধরা যাক, আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করছেন। হঠাৎ বহুদিনের এক বন্ধুর ছবি চোখে পড়ল। সেখানে দেখা গেল, সে মদের গ্লাস হাতে হাসিমুখে ছবি তুলেছে। হয়তো সে এটিকে আধুনিকতা কিংবা স্বাধীনতার প্রতীক মনে করেছে। কিন্তু সে বুঝতে পারেনি, একটি ছবি কেবল তার ব্যক্তিগত মুহূর্ত নয়; এটি অসংখ্য মানুষের কাছে একটি বার্তা। কেউ তাকে অনুসরণ করবে, কেউ অনুকরণ করবে, কেউ ভাববে—‘এ তো স্বাভাবিক ব্যাপার।’

এভাবেই একটি ব্যক্তিগত পাপ ধীরে ধীরে সামাজিক সংস্কৃতিতে পরিণত হয়।

আপনি ভাবছেন, একটি ছবি শুধু বন্ধুদের দেখানোর জন্য দিয়েছেন। কিন্তু সেটি স্ক্রিনশট হতে পারে, সংরক্ষিত হতে পারে, বছরের পর বছর পর আবার সামনে আসতে পারে। ডিলিট করা পোস্টও অনেক সময় অন্যের কাছে থেকে যায়।

মহানবী (সা.) বলেছেন, ‘আমার উম্মতের সকলকে ক্ষমা করা হবে, তবে যারা প্রকাশ্যে পাপ করে তারা ছাড়া। প্রকাশ্যে পাপ করার একটি দিক হলো—কোনো ব্যক্তি রাতে পাপ করল, আল্লাহ তা গোপন রাখলেন; কিন্তু সকালে সে নিজেই মানুষের কাছে তা বলে বেড়াল।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৬৯;ট)

এই হাদিস আমাদের একটি গভীর সত্য শেখায়। আল্লাহ আমাদের সম্মান রক্ষা করেন। তিনি আমাদের অসংখ্য ভুল মানুষের চোখ থেকে আড়াল করে রাখেন। তাঁর সুন্দর নামগুলোর একটি আস-সাত্তার—যিনি বান্দার দোষত্রুটি ঢেকে রাখেন। অথচ মানুষ যখন নিজেই নিজের পাপকে প্রচার করে, তখন সে যেন আল্লাহর এই অনুগ্রহের মূল্যই দেয় না।

সাহাবিদের জীবনেও আমরা এই শিক্ষা দেখি। এক চোর হজরত ওমরের সামনে শপথ করে বলেছিল, ‘আমি এই প্রথম চুরি করেছি।’ ওমর (রা.) বলেছিলেন, ‘তুমি মিথ্যা বলছ। আল্লাহ প্রথম অপরাধেই তাঁর বান্দাকে এভাবে পাকড়াও করেন না।’ পরে শাস্তি কার্যকর হওয়ার পর লোকটি স্বীকার করেছিল, সে একুশবার চুরি করেছে।’ (উসুদুল গাবাহ, ২/১২৬)

ঘটনাটি আমাদের শেখায়, পাপ কখনো হঠাৎ বড় হয় না। ছোট ছোট পাপ বারবার করতে করতে মানুষ একসময় এমন অবস্থায় পৌঁছে যায়, যেখানে সত্য বলার সাহসও হারিয়ে ফেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি বড় সমস্যা হলো—এখানে কোনো কিছুই পুরোপুরি ব্যক্তিগত নয়। আপনি ভাবছেন, একটি ছবি শুধু বন্ধুদের দেখানোর জন্য দিয়েছেন। কিন্তু সেটি স্ক্রিনশট হতে পারে, সংরক্ষিত হতে পারে, বছরের পর বছর পর আবার সামনে আসতে পারে। ডিলিট করা পোস্টও অনেক সময় অন্যের কাছে থেকে যায়। ইন্টারনেটের স্মৃতি মানুষের স্মৃতির চেয়ে দীর্ঘ।

এ কারণেই মহানবী (সা.) নিজেই এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতে দেননি, যাতে মানুষ ভুল বুঝতে পারে। ইতিকাফ অবস্থায় এক রাতে তাঁর স্ত্রী সাফিয়া (রা.) তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। বিদায়ের সময় দুজন সাহাবি তাঁদের পাশ দিয়ে যাচ্ছিলেন। মহানবী (সা.) নিজেই তাদের ডেকে বললেন, ‘ইনি আমার স্ত্রী সাফিয়া।’ সাহাবিরা বিস্ময় প্রকাশ করলে তিনি বললেন, ‘নিশ্চয়ই শয়তান মানুষের রক্তধারায় চলাচল করে। তাই আমি আশঙ্কা করলাম, সে হয়তো তোমাদের মনে কোনো সন্দেহ সৃষ্টি করবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৭৫)

এই ঘটনা আমাদের জন্য একটি নৈতিক শিক্ষা। একজন মুমিন এমন কোনো কাজ করবেন না, যা অন্যদের মনে সন্দেহ, বিভ্রান্তি বা ভুল ধারণার জন্ম দেয়।

সমস্যা শুধু নিজের পাপ প্রকাশে সীমাবদ্ধ নয়। আমরা অন্যের ভুল খুঁজে বের করতেও যেন আনন্দ পাই। কার কোথায় ভুল হলো, কে কী করল—এসব নিয়ে আলোচনা, সমালোচনা, ব্যঙ্গ ও অপমান আজ যেন বিনোদনের অংশ।

আজ বাস্তবতা আরও কঠিন। একটি পুরোনো ছবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিলের কারণ হতে পারে। একটি অসচেতন মন্তব্য চাকরির সুযোগ নষ্ট করতে পারে। একটি ভিডিও পারিবারিক সম্পর্ক ভেঙে দিতে পারে। পৃথিবীর নানা দেশে এমন অসংখ্য ঘটনা ইতিমধ্যে ঘটেছে। তাই অনলাইনে একটি পোস্ট দেওয়ার আগে আমাদের ভাবা উচিত—এটি কি কেবল আজকের জন্য, নাকি বহু বছর পরও আমার পরিচয়ের অংশ হয়ে থাকবে?

তবে সমস্যা শুধু নিজের পাপ প্রকাশে সীমাবদ্ধ নয়। আমরা অন্যের ভুল খুঁজে বের করতেও যেন আনন্দ পাই। কার কোথায় ভুল হলো, কে কী করল—এসব নিয়ে আলোচনা, সমালোচনা, ব্যঙ্গ ও অপমান আজ যেন বিনোদনের অংশ।

মহানবী মহানবী (সা.) সতর্ক করে বলেছেন, ‘তোমরা মুসলমানদের দোষত্রুটি অনুসন্ধান করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আর আল্লাহ যার দোষ প্রকাশ করেন, তাকে তার নিজের ঘরেই লাঞ্ছিত করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৮০)

অন্যের সম্মান নষ্ট করা কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। একজন প্রকৃত মুসলিম অন্যের গোপন দোষকে বাজারে বিক্রি করে না; বরং সংশোধনের সুযোগ করে দেয়।

বর্তমান সময়ে পরিচিতি পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো সামাজিক যোগাযোগমাধ্যম। কয়েকটি বিতর্কিত ভিডিও, কিছু অশালীন বক্তব্য কিংবা নৈতিকতার সীমা ভেঙে দেওয়া কিছু কনটেন্ট—এর মাধ্যমেই রাতারাতি অনেকেই পরিচিত হয়ে যান। কিন্তু ইসলামের দৃষ্টিতে খ্যাতি কখনো চরিত্রের বিকল্প নয়।

মহানবী মহানবী (সা.) বলেছেন, ‘যদি তোমার লজ্জা না থাকে, তবে যা ইচ্ছা তা–ই করো।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৪৮৩)

এই হাদিস আসলে একটি সতর্কবাণী। লজ্জাবোধ মানুষের ইমানের সৌন্দর্য। যখন লজ্জা হারিয়ে যায়, তখন পাপও আর পাপ মনে হয় না।

এই কঠিন সময়ে আমাদের করণীয় কী?

প্রথমত, নিজের পাপকে গোপন রেখে আন্তরিক তাওবা করা। দ্বিতীয়ত, অন্যের দোষ প্রচার না করে তার জন্য দোয়া করা। তৃতীয়ত, এমন বন্ধু ও পরিবার গড়ে তোলা, যারা আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেয়; মানুষের সামনে অপমানিত করে না।

মহানবী মহানবী (সা.) বলেছেন, ‘মুসলিম মুসলিমের ভাই...যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮০)

এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়; বরং একটি সভ্য সমাজ গঠনের ভিত্তি। যে সমাজে মানুষ একে অন্যের সম্মান রক্ষা করে, সে সমাজেই নৈতিকতা টিকে থাকে।

প্রযুক্তি আমাদের হাতে শক্তিশালী একটি মাধ্যম তুলে দিয়েছে। এই মাধ্যম দিয়ে আমরা যেমন কল্যাণ ছড়িয়ে দিতে পারি, তেমনি নিজের ও অন্যের অকল্যাণও ডেকে আনতে পারি। তাই একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হবে—সে নিজের পাপকে প্রদর্শনের বস্তু বানাবে না, অন্যের গোপন দোষকে বাজারে তুলবে না এবং সব সময় আল্লাহর কাছে নিজের সম্মান, ইমান ও চরিত্র রক্ষার প্রার্থনা করবে। কারণ, মানুষের চোখকে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে কোনো কিছুই গোপন নয়।