প্রতিদিন পাঁচবার নামাজের জন্য আমরা মসজিদে যাই। এ সময় কয়েকটি কাজ নিয়মিত করলে প্রতিবার যাতায়াতেই ১০টি সুন্নত পালন করা যায়। পাঁচ ওয়াক্তে যার সংখ্যা দাঁড়ায় ৫০। এর জন্য বাড়তি কোনো সময়ের প্রয়োজন নেই। দরকার কেবল একটু সদিচ্ছা ও সচেতনতা।
মসজিদে প্রবেশের পাঁচটি সুন্নত নিম্নরূপ—
১. বিসমিল্লাহ পড়া:
মুমিনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নামে শুরু করা উচিত। মসজিদে প্রবেশের সময়ও তাই ‘বিসমিল্লাহ’ পড়া সুন্নত আমলের অন্তর্ভুক্ত।
রাসুল (সা.) বলেন, ‘যে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা হয় না, তা অসম্পূর্ণ থেকে যায়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৪০)
অন্য বর্ণনায় এসেছে, ‘প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, যা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা হয় না, তা অসম্পূর্ণ ও কল্যাণহীন।’ (সুনানে নাসায়ি, হাদিস: ১০৩২৮)
২. নবীজির ওপর দরুদ পাঠ:
মসজিদে প্রবেশকারী ব্যক্তি বিসমিল্লাহর পর রাসুল (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহর প্রশংসার পর নবীজি (সা.)-এর ওপর দরুদ পাঠ করা দোয়ার অন্যতম আদব।
ফাজালা ইবনে উবাইদ (রা.) বলেন, এক ব্যক্তি নামাজের পর দোয়া করছিলেন, রাসুল (সা.) তাকে দোয়ার পদ্ধতি শিক্ষা দিয়ে বলেন, ‘তোমাদের কেউ যখন দোয়া করবে, সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবীজির ওপর দরুদ পাঠ করে, তারপর সে যা ইচ্ছা দোয়া করে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৭৭)
তোমাদের কেউ যখন দোয়া করবে, সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবীজির ওপর দরুদ পাঠ করে, তারপর সে যা ইচ্ছা দোয়া করে।সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৭৭
৩. মসজিদে প্রবেশের দোয়া:
দরুদের পর মসজিদে প্রবেশের জন্য নবীজি (সা.)-এর শেখানো দোয়া পড়া সুন্নাহ। দোয়াটি হলো ‘আল্লাহুম্মাফতাহ্ লি আবওয়াবা রাহমাতিক।’ অর্থ: ‘হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।’
রাসুল (সা.) মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়তে আদেশ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭১৩)
একসঙ্গে তিনটি আমল:
বিসমিল্লাহ, দরুদ এবং দোয়া পাঠ—এই তিনটি একসঙ্গে এভাবে পাঠ করা যায়, ‘বিসমিল্লাহি ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু আলা রাসুলিল্লাহি, আল্লাহুম্মাফতাহ্ লি আবওয়াবা রাহমাতিক।’
মসজিদে প্রবেশের সময় রহমতের দরজা খোলার প্রার্থনা বাহ্যিক প্রবেশকে অন্তরের প্রবেশের সঙ্গে যুক্ত করে দেয়। বান্দা মসজিদে আসে ইবাদতের জন্য, এ ক্ষেত্রে তার প্রথম আকাঙ্ক্ষাই হয় আল্লাহর রহমত।
৪. ডান পা দিয়ে প্রবেশ:
মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রাখা সুন্নাহ। আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘নবীজি (সা.) জুতা পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন এবং তাঁর সব কাজে ডান দিককে অগ্রাধিকার দিতে পছন্দ করতেন।’ (সহিহ বুখারি, হাদিস: ১৬৮)
মসজিদ সম্মানিত স্থান হওয়ায় প্রবেশের সময় ডান পা আগে দেওয়া এই সুন্নাহরই বাস্তব প্রয়োগ।
৫. ইতিকাফের নিয়ত:
মসজিদে প্রবেশের পর সেখানে অবস্থানের সময়টুকু ইবাদতে রূপ দেওয়ার একটি সহজ উপায় হলো নফল ইতিকাফের নিয়ত করা।
হানাফি ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থ আল-বাহরুর রায়েক-এ ইমাম মুহাম্মদ (রহ.)-এর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘কেউ ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করলে, যতক্ষণ সে সেখানে অবস্থান করবে ততক্ষণ ইতিকাফকারী হিসেবে গণ্য হবে, আর মসজিদ থেকে বের হলে ইতিকাফের অবসান হবে।’ (ইবনে নুজাইম মিসরি, আল-বাহরুর রায়েক শরহু কানজ আদ-দাকায়েক, ২/৫২৫, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯৭)
মসজিদ থেকে বের হওয়ার পাঁচটি সুন্নত নিম্নরূপ—
মসজিদে প্রবেশের পর সেখানে অবস্থানের সময়টুকু ইবাদতে রূপ দেওয়ার একটি সহজ উপায় হলো নফল ইতিকাফের নিয়ত করা।
১—৩. বিসমিল্লাহ, দরুদ ও দোয়া পাঠ:
মসজিদে প্রবেশের পাঁচ আমলের সঙ্গে প্রস্থানের আদবের একটি সুন্দর সামঞ্জস্য রয়েছে। বিসমিল্লাহ, দরুদ ও দোয়া—প্রবেশের মতো বের হওয়ার সময়ও এ তিনটি আমল পালন করা সুন্নাহ। তবে দোয়াটি হবে ভিন্ন। তিনটি দোয়া একসঙ্গে এভাবে পাঠ করা যায়, ‘বিসমিল্লাহি ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু আলা রাসুলিল্লাহি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক।’
রাসুল (সা.) মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭১৩)
৪. বাঁ পা দিয়ে বের হওয়া:
প্রবেশের সময় ডান পা অগ্রাধিকার দেওয়ার পর প্রস্থানের সময় বাঁ পা আগে বের করতে হবে। ইবনে উমর (রা.)-এর আমল সম্পর্কে বর্ণিত হয়েছে, ‘তিনি যখন মসজিদে প্রবেশ করতেন, ডান পা আগে রাখতেন; আর বের হওয়ার সময় বাঁ পা আগে রাখতেন।’ (আল-মুসান্নাফ লি-ইবনি আবি শাইবা, হাদিস: ৭৯৭৪)
৫. ডান পায়ে আগে জুতা পরা:
মসজিদ থেকে বের হওয়ার পর জুতা পরার ক্ষেত্রেও ডান দিককে অগ্রাধিকার দিতে হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ জুতা পরলে ডান দিক থেকে শুরু করবে এবং খুললে বাঁ দিক থেকে শুরু করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৮৫৫)
অতএব মসজিদ থেকে বের হওয়ার সময় বাঁ পা দিয়ে বের হবে, এরপর পর্যায়ক্রমে ডান এবং বাঁ পায়ে জুতা পরিধান করবে।
এভাবে প্রতি ওয়াক্তে ১০টি করে সুন্নত, আর পাঁচ ওয়াক্ত মিলিয়ে দৈনিক ৫০টি সুন্নত পালন করা অত্যন্ত সহজ একটি আমল।
ফয়জুল্লাহ রিয়াদ: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা