আবু হুরাইরাহ্ (রা.)–র বরাতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। নবী (সা) বলেন, যে দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর নিজের আরশের ছায়ায় আশ্রয় দেবেন—১. ন্যায়পরায়ণ শাসক; ২. প্রতিপালকের ইবাদতে যে যুবক জীবন গড়ে তুলেছে; ৩. যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত: ৪. সে দুই ব্যক্তি পরস্পরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে; ৫. যে উচ্চবংশীয় নারীর আহ্বান এই বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’; ৬. যে এতই গোপনে দান করে যে তার বাঁ হাত জানতে পারে না ডান হাত কী খরচ করেছে; ৭. যে নির্জনে আল্লাহর যিকর করে বলে তার দুচোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। (মুসলিম)
ন্যায়পরায়ণ শাসক: ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক জালিমের হাত থেকে অসহায়কে রক্ষা করা। দুর্বলের অধিকার ফিরিয়ে দেওয়া, আল্লাহর বিধান কায়েম করা, মানুষের আমানত, জীবন ও ধনসম্পদ রক্ষা করা সবকিছু ন্যায়পরায়ণ শাসক দায়িত্বের সঙ্গে করে থাকেন।
আল্লাহর ইবাদতে বেড়ে ওঠা যুবক: যুবকদের কর্মতৎপরতা থাকে বেশি। পাপ কাজে জড়িয়ে পড়ার ঝুঁকিও বেশি। কিন্তু তা না করে কোনো যুবক যদি নিজেকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখেন, আল্লাহর নৈকট্য পেতে নিজেকে সদা তৎপর থাকেন, আল্লাহ যা নিষেধ করেছেন তার ধারেকাছে যান না, আল্লাহ তাআলা ওই যুবককে আরশের নিচে ছায়া দেবেন।
মসজিদের সঙ্গে সম্পৃক্ত যার অন্তর: এর অর্থ হলো প্রতি ওয়াক্তে মসজিদে নামাজ আদায় করতে যিনি তৎপর থাকেন, সেখানে দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর ক্ষমতা অনুভব করে, তাঁর প্রতি বিনম্র হন এবং ক্ষমা প্রার্থনা করেন। দুনিয়ার প্রলোভন তাকে মসজিদ থেকে দূরে সরিয়ে রাখতে পারে না।
আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা: যে দুই ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন, তাদের ভালোবাসায় দুনিয়ার কোনো স্বার্থ নেই। তারা আল্লাহর আনুগত্যের জন্য একত্র হয়েছেন। আর তাই একজন আরেকজনকে নেক কাজের আদেশ এবং, অসৎ কাজে বাধা দেন।
আল্লাহর ভয়ে নারীর আহ্বান থেকে দূরে থাকা: এ এমন এক যুবক যাকে কোনো নারী নিজের দিকে আহ্বান করলেও আল্লাহর ভয়ে তিনি তার আহ্বান থেকে দূরে থাকেন। আল্লাহ এমন যুবককে তাঁর আরশের নিচে ছায়া দেবেন।
গোপন দানশীল: আল্লাহ্র দেওয়া সম্পদ এই লেক আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় করেন। কাউকে দেখানোর জন্য নয়, হৃদয় থেকে দান–সদকা করেন। তিনি কারও কৃতজ্ঞতা চান না, প্রতিদানও নয়। তিনি দান করে বলে বেড়ান না, দান করে কাউকে খোঁটাও দেন না।
নিভৃতে আল্লাহর ভয়ে কাঁদা: আল্লাহর ভয়ে জিকির করতে করতে অনেকে নীরবে–নিভৃতে কাঁদেন। এই সাত শ্রেণির সৌভাগ্যবান ব্যক্তি, যাদের আল্লাহ কিয়ামতের দিন তাঁর ছায়া দেবেন।