আল-জুহরি বলেছেন, রাসুলে করিমের (সা.) স্ত্রী উম্মে সালমা সূত্রে প্রাপ্ত আবু বকর ইবনে আবদুর রহমান প্রদত্ত একটি হাদিস আমি উরওয়া ইবনে আল-জুবায়েরের কাছে বর্ণনা করেছি। ওই হাদিসে আবু বকর বলেছেন:
তিনি [নিগাস] বলেছিলেন, ‘আল্লাহ্ যখন আমার সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন, তখন আমার কাছ থেকে তো কোনো ঘুষ নেননি যে আমি এর জন্য এখন উৎকোচ গ্রহণ করব। বলেছিলেন, মানুষ আমার বিরুদ্ধে যা করতে চেয়েছিল, আল্লাহ্ তা করেননি। কাজেই তারা তাঁর বিরুদ্ধে যা করতে চাচ্ছে, তা আমি করব কেন? এসব কথায় তিনি কী বলতে চাইছিলেন, জানো?’ আমি বললাম, ‘আমি জানি না।’
তখন তিনি বললেন, আয়েশা তাঁকে বলেছেন যে, রাজা ছিলেন নিগাসের বাবা, নিগাস ছিল তাঁর একমাত্র ছেলে। নিগাসের এক চাচার ছিল বারো জন ছেলে, তারা সবাই ছিল রাজপরিবারের সদস্য। আবিসিনিয়াবাসী নিজেদের মধ্যে বলাবলি করছিল, নিগাসের বাবাকে হত্যা করে তাঁর ভাইকে রাজা বানালে ভালো হয়, কারণ নিগাসের মাত্র এক ছেলে, অথচ তাঁর ভাইয়ের বারোটি ছেলে। তাঁর ভাইয়ের পর উত্তরাধিকার নিয়ে কোনো সমস্যা হবে না এবং তাতে আবিসিনিয়ার ভবিষ্যৎ চিরকালের জন্য নিরাপদ থাকবে। সুতরাং, তারা নিগাসের বাবাকে আক্রমণ করল, তাঁকে হত্যা করল, ভাইকে বানাল রাজা। এবং এমনি করে চলল বেশ কিছুকাল।
পিতৃব্যের সঙ্গে থেকে বড় হলো বালক নিগাস। হলো বুদ্ধিমান, দৃঢ়চেতা। তিনি পিতৃব্যের ওপর এত প্রভাব বিস্তার করে চললেন যে যখন আবিসিনীয়রা তা উপলব্ধি করল, তারা তখন ভয় পেতে লাগল। ভয়—যদি সিংহাসন লাভ করে ফেলেন নিগাস, তাহলে তাদের সবাইকে প্রাণদণ্ডে দণ্ডিত করবেন। কারণ, তিনি জানেন যে তারাই তার পিতৃহন্তা। কাজেই তারা তাঁর পিতৃব্যের দ্বারস্থ হলো। বলল, ‘হয় আপনি একে হত্যা করুন, না হয় একে নির্বাসনে দিন। কারণ, তার হাতে আমাদের প্রাণনাশের আশঙ্কা করছি আমরা।’ রাজা জবাব দিলেন, ‘তোমাদের মাথা খারাপ! গতকাল আমি তার বাবাকে হত্যা করেছি, আর আজ করব তাকে? ঠিক আছে, আমি তাকে নির্বাসন দেব।’
তাঁকে [নিগাসকে] তারা বাজারে নিয়ে গেল, এক বণিকের কাছে বিক্রি করে দিল ছয় শ দিরহামে। বণিক তাঁকে এক নৌকায় তুলে নিয়ে চলে গেলেন। এদিকে সেই সন্ধ্যাতেই হেমন্তের ঝড়ের মেঘ অন্ধকার করে দিয়েছিল আকাশ। পিতৃব্য রাজা গেলেন সেই মেঘের নিচে বৃষ্টির জন্য প্রার্থনা করতে। ওখানে বজ্রপাতে মৃত্যু হলো তাঁর। আবিসিনীয়রা ভয়ে গেল তাঁর ছেলেদের কাছে। ওখানে আরেক বিস্ময় অপেক্ষা করছিল তাদের জন্য। তিনি ছিলেন এক দঙ্গল নির্বোধের জনক। এর মধ্যে একটিও চোখে পড়ার মতো নয়। আবিসিনিয়ার অবস্থা কাহিল হয়ে দাঁড়াল। ওরা অবস্থার বিপাকে আতঙ্কিত হয়ে গেল, পরস্পর বলাবলি করতে লাগল, ‘ঈশ্বরের ইচ্ছা বুঝে দেখো, তোমাদের রাজা, যে আমাদের সব গোলমাল মেটাতে পারবে, সে হলো গিয়ে এই যাকে তোমরা আজ সকালে বিক্রি করে দিয়ে এসেছ। যদি দেশকে বাঁচাতে চাও, তাহলে যাও, যেখান থেকে পারো তাকে ধরে নিয়ে এসো।’
অতএব, তারা সবাই বের হলো রাজার সন্ধানে। বের হলো সেই বণিকের সন্ধানে, যাঁর কাছে বিক্রি করা হয়েছে তাঁকে। খুঁজতে খুঁজতে তাঁকে পাওয়া গেল। নিগাসকে বণিকের কাছ থেকে তারা নিয়ে এল প্রাসাদে, মাথায় তাঁর রাজমুকুট পরিয়ে সিংহাসনে বসিয়ে তাঁকে রাজা বলে ঘোষণা করে দিল।
সেই বণিক, যাঁর কাছে বিক্রি করেছিল রাজাকে, তিনি এসে তাদের বললেন, ‘তোমরা আমার টাকা ফেরত দাও, নইলে আমি তাঁকে সব বলে দেব।’
ওরা বলল, ‘তোমাকে এক পয়সাও দেব না।’
বণিক বললেন, ‘তাহলে ঈশ্বরের দিব্যি, আমি তাঁর কাছে সব খুলে বলে দেব।’
ওরা বলল, ‘যাও, বলো গে। এই তো তিনি।’
বণিক রাজার সামনে এসে দাঁড়ালেন। বললেন, ‘মহারাজ, আমি বাজারের এই লোকজনের কাছ থেকে একটি জোয়ান ক্রীতদাস কিনেছিলাম ছয় শ দিরহাম দিয়ে। তারা টাকা নিয়ে ক্রীতদাস আমাকে দিয়ে দিয়েছিল। আমি ক্রীতদাস নিয়ে যখন চলে যাচ্ছিলাম, ওরা আমার পেছনে ছুটে গিয়ে আমাকে ধরল, আমার ক্রীতদাসকে জোর করে নিয়ে এল। অথচ টাকা ফেরত দেয়নি।’
নিগাস বললেন, ‘হয় এর টাকা আপনারা ফেরত দিন, নয় সেই জোয়ান লোককে তাঁর হাতে ছেড়ে দিন, যেখানে খুশি তাঁকে নিয়ে যাবেন তিনি।’
তারা বলল, ‘না, তাঁকে দেব না, আমরা তাঁকে টাকা ফেরত দিচ্ছি।’
এ জন্য তিনি কথাগুলো বলেছিলেন। তাঁর দৃঢ়চেতা ব্যক্তিত্ব ও ন্যায়বিচারের শক্তি সম্পর্কে এই তথ্যই প্রথম প্রকাশিত হয়।
আয়েশা সূত্রে উরওয়া ইবনে আল-জুবায়ের এবং সেই সূত্রে ইয়াজিদ ইবনে রুমান আমাকে বলেছেন, আয়েশা বলেছেন, ‘নিগাসের মৃত্যুর পর নাকি তাঁর কবরে সব সময় একটা আলো জ্বলত।’
অনুবাদ: শহীদ আখন্দ
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘সিরাতে রাসুলুল্লাহ (সা.)’ বই থেকে