স্ত্রী ও সন্তানকে নিয়ে ইনস্টাগ্রামে এমন ছবি পোস্ট করেন কোহলি
স্ত্রী ও সন্তানকে নিয়ে ইনস্টাগ্রামে এমন ছবি পোস্ট করেন কোহলি

কোহলির চেয়ে এগিয়ে শুধু রোনালদো ও মেসি

মাঠে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। তাই বলে রেকর্ড কিন্তু তাঁর পিছু ছাড়েনি। এবার মাঠের বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে একটি মাইলফলকের দেখা পেলেন কোহলি।

প্রথম ক্রিকেটার এবং প্রথম ভারতীয় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন অনুসারীর দেখা পেয়েছেন কোহলি। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারিত ক্রিকেটারও ভারতের এই তারকা ব্যাটসম্যান। ক্রীড়াবিদদের মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যায় শুধু ক্রিস্টিয়ানো রোনালদো (৪৫১ মিলিয়ন) ও লিওনেল মেসিই (৩৩৪ মিলিয়ন) কোহলির চেয়ে এগিয়ে। ১৭৫ মিলিয়ন অনুসারী নিয়ে কোহলির পরই নেইমার।

এবার আইপিএলটা ভালো কাটেনি কোহলির

এবার আইপিএলে ১৬ ম্যাচে ৩৪১ রান করেন কোহলি। ২২.৭৩ গড় ও ১১৫ স্ট্রাইক রেটে কোহলির এই ব্যাটিং তাঁর মাপের ব্যাটসম্যানের সঙ্গে বেমানান হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তায় আর কোনো ক্রিকেটারই তাঁর ধারেকাছে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোই সময় দেন কোহলি। দৈনন্দিন জীবনের নানা ছবি পোস্ট করেন। স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে ছবিও পোস্ট করেন মাঝেমধ্যে। সচেতনতামূলক পোস্ট ছাড়াও ফিটনেস নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পরামর্শ দেন কোহলি।

অনুসারীসংখ্যা ২০০ মিলিয়ন টপকে যাওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে কাল ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন ভারতের সাবেক এই অধিনায়ক, ‘২০০ মিলিয়ন শক্তিশালী প্লাটফর্ম। সব রকম সমর্থনের জন্য ইনস্টা পরিবারকে ধন্যবাদ।’ দিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এই সিরিজে বিশ্রামে আছেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি সবচেয়ে অনুসারিত ক্রীড়াবিদদের একজন। ফেসবুকে তাঁর অনুসারীসংখ্যা ৪৯ মিলিয়ন। টুইটারে ৪৮ মিলিয়ন অনুসারীসংখ্যা রয়েছে তাঁর। গত বছর এশিয়ার প্রথম সেলিব্রিটি হিসেবে ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন অনুসারীসংখ্যার দেখা পান কোহলি।

কোহলিকে মাঠে দেখা যাবে ১ জুলাই থেকে। এজবাস্টনে সেদিন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবে ভারত। গত বছর ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে শেষ ম্যাচটি করোনাভাইরাসের কারণে মাঠে গড়ায়নি। সিরিজ শেষ হয়েছিল অসমাপ্তভাবে। সেই সিরিজের শেষ ম্যাচটি এজবাস্টনে খেলবে ইংল্যান্ড ও ভারত। সিরিজে আপাতত ২–১ ব্যবধানে এগিয়ে ভারত।