ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে তারা ছুড়ে ফেলেছে দলের সেরা ব্যাটসম্যানকে। সিরিজের মাঝপথে নাটকীয়ভাবে অবসরে চলে গেছেন দলের সেরা স্পিনার। বাউন্সারে বুড়ো আঙুলে আটটি চিড় নিয়ে মাঠের বাইরে তরুণ ভরসা জো রুট। ড্রেসিংরুমের লকারে ঘুষি মেরে নিজের কবজি ফাটিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সাম্প্রতিক ভরসা বেন স্টোকস। মঈন আলী, স্টিফেন প্যারি, ক্রিস জর্ডানদের মতো অনেক নতুন মুখ দলে। স্টোকস-রুটের হাতের মতো ইংল্যান্ড দলটাকেও কেমন ভাঙাচোরা মনে হচ্ছে!
ওয়েস্ট ইন্ডিজ থেকে টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে ইংলিশরা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখন আটে। ২০১০ চ্যাম্পিয়নদের এবার গোনায়ই ধরছে না কেউ। সবার এই ভাবনাটা যে ভুল, সেটা জোর দিয়ে বলতে পারলেন না স্টুয়ার্ট ব্রডও। তবে অধিনায়ক হয়ে হাল ছেড়ে দিলে তো আর চলে না। আশার তরী বাইতেই হবে। ইংলিশ টি-টোয়েন্টি অধিনায়কের সেই আশার নাম ‘ছন্দ’।
ব্রডের মতে, শুরুতে ছন্দ খুঁজে পেলে অনেক দূর যেতে পারে ইংল্যান্ডও, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলই একাধিকবার শিরোপা জিততে পারেনি। মানে এখানে শিরোপা জয়ের স্বীকৃত কোনো ফর্মুলা বা ধারা নেই। পুরো ব্যাপারটাই হলো ছন্দ। টুর্নামেন্টে ভালো শুরু করে সেই গতিটা ধরে রাখা জরুরি। দল ছন্দ পেয়ে গেল বা একজন-দুজন ক্রিকেটার হয়তো দারুণ খেলে দলকে বারবার জেতালেন, এভাবেই হয়ে থাকে। বেশ কজন ম্যাচ উইনার আছে আমাদের। ওরা দু-তিনটি ম্যাচে জ্বলে উঠলেই হয়তো আমরা নিজেদের দেখতে পাব সেমিফাইনাল বা ফাইনালে। ছন্দটা পেলে শিরোপা জয়ের সুযোগও আসবে।’
নিজের দাবির পক্ষে যুক্তি দেখাতে চার বছর আগেও ফিরে গেলেন ব্রড। মনে করিয়ে দিলেন, চ্যাম্পিয়ন হওয়া টুর্নামেন্টের আগেও খুব ভালো অবস্থায় ছিল না দল, ‘২০১০ বিশ্বকাপের আগে আমরা খুব বেশি সময় একসঙ্গে কাটাতে পারিনি। কাউন্টি ক্রিকেট ছিল, শেষ করে অনেকটা তাড়াহুড়ো করেই আমাদের ওয়েস্ট ইন্ডিজের প্লেন ধরতে হয়েছিল। এবার তো অনেকটা সময় ধরে আমরা একসঙ্গে আছি। একসঙ্গে থেকে কাজ
করেছি, মানসিকভাবে সবাই ভালো আছে।’
টুর্নামেন্টের ঠিক আগে চোট নিয়ে রুট আর স্টোকসের ছিটকে পড়া বড় ধাক্কা হয়ে এসেছে ইংল্যান্ডের জন্য। দুর্ভাগ্যটা মেনে নিয়ে অধিনায়ক তবু হাসতে পারলেন স্টোকসের ঘটনায়, ‘বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়াটা সব সময়ই দুর্ভাগ্যজনক। জো রুট তো খেলতে গিয়েই চোট পেয়েছে। আর স্টোকস...ও খুব আবেগপ্রবণ। প্রথম বলে আউট হয়ে নিজেকে সামলাতে পারেনি, যদিও বলটি অসাধারণ ছিল। নিজেই এসে পরে দলের সবার কাছে দুঃখ প্রকাশ করেছে। ওর চোখে তখন জল ছিল, প্রায় ভেঙে পড়েছিল কথাগুলো বলতে গিয়ে। আশা করি এই ঘটনা থেকে ও শিখতে পারবে।’
ব্রড নিজেও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। খেলতে পারবেন না আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। তবে পরশু ভারতের বিপক্ষে খেলবেন। আর ছন্দ খুঁজে পেতে এই দুই ম্যাচ থেকেই। চট্টগ্রামের মন্থর উইকেটে ছন্দের অনুসন্ধান খুব সহজ হবে না ইংলিশদের জন্য।