রেকর্ড কর্নার

জয়

পাঁচবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সেরেনা উইলিয়ামস কাল পেয়েছেন পেশাদার ক্যারিয়ারে ৫০০তম জয়। বারবোরা জালাভোভা স্ট্রাইকোভা—এই খটমটে নামের চেক খেলোয়াড় সেরেনার ৫০০তম শিকার। উইলিয়ামস বোনদের ছোটজন অবশ্য ম্যাচ জয়ের রেকর্ডে প্রথম ১৫ জনের মধ্যেও নেই। মহিলা টেনিসে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন মার্টিনা নাভ্রাতিলোভা (১৪৪২টি)। হাজারের ওপরে ম্যাচ জিতেছেন আর মাত্র একজন—ক্রিস এভার্ট। নাভ্রাতিলোভার তুমুল প্রতিদ্বন্দ্বী জিতেছেন ১৩০৪টি ম্যাচ। ৯০০টি ম্যাচ জিতে তিনে আছেন জার্মানির স্টেফি গ্রাফ। চারে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ওয়েড (৮৩৯)। পঞ্চম স্পেনের আরাঞ্চা সানচেজ-ভিকারিও জিতেছেন ৭৫৯টি ম্যাচ।