রহমতগঞ্জের প্রথম জয়

দু দলেরই অবস্থান পয়েন্ট তালিকার নিচে। এদের কালকের লড়াইটা তাই ছিল শুধুই নিজেদের জায়গাটা একটু উন্নত করার। তাতে জয় হলো রহমতগঞ্জের। শুধু তা-ই নয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিটিসেল বাংলাদেশ লিগে শুকতারাকে হারিয়ে কালই প্রথম জয়ের (২-১) দেখা পেল তারা। এই জয়ে ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ দলের লিগে এগারতম স্থানে রহমতগঞ্জ। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে নবম স্থানে শুকতারা। প্রথমার্ধ পর্যন্ত গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ৪৭ মিনিটে রহমতগঞ্জের ফেলিক্স করেন প্রথম গোল। ৬১ মিনিটে দলকে আরও এগিয়ে নেন মামুন (২-০)। ম্যাচের অতিরিক্ত সময়ে নারায়ণগঞ্জের দলটির পক্ষে একমাত্র গোলটি করেন লিটন। আজকের খেলা: মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম আবাহনী (বঙ্গবন্ধু স্টেডিয়াম, সন্ধ্যা ৬টা)