
সময়টা দুর্দান্ত যাচ্ছে জো রুটের। লর্ডস টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো শতকের পর এবার তিনি উঠে এলেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের দুইয়ে। দুই ধাপ এগোনোর পথে রুট টপকে গেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনকে।
রুটের রেটিং পয়েন্ট এখন ৮৮২। শীর্ষে থাকা মারনাস লাবুশেনের সঙ্গে তাঁর ব্যবধান এখন ১০ পয়েন্টের। নটিংহামে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে লাবুশেনকে টপকে যাওয়ার সুযোগ এখন তাঁর সামনে।
লর্ডসে দ্বিতীয় ইনিংসে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন রুট। শতক পূর্ণ করার সঙ্গে টেস্টে ১০ হাজার রানও পূর্ণ হয় তাঁর। ইংল্যান্ডের দ্বিতীয় ও সব মিলিয়ে ১৪তম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি ছুঁয়েছেন তিনি।
রুটের উত্থানের দিনে অবনমন হয়েছে স্মিথ ও উইলিয়ামসনের। ৮৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছেন স্মিথ। পাঁচে নেমে যাওয়া উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮০৬। লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৭ রান করেন তিনি। উইলিয়ামসনের এমন পারফরম্যান্সের পর চারে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
লর্ডস টেস্টের পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে। দুই কিউই ব্যাটসম্যান টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেলও বেশ বড়সড় লাফ দিয়েছেন। ১৫ ধাপ এগিয়েছেন দুই ইনিংসে ১৪ ও ৯৬ রান করা ব্লান্ডেল, এখন ৩৫ নম্বরে আছেন তিনি। ১৩ ও ১০৮ রান করা মিচেল ৭৫ নম্বর থেকে উঠে এসেছেন ৫০ নম্বরে।
লর্ডস টেস্টের পর পরিবর্তন এসেছে বোলারদের র্যাঙ্কিংয়েও। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন তাঁর ৬ উইকেটের পারফরম্যান্সে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন। ৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের যশপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে পেছনে ফেলেছেন জেমিসন। লর্ডস টেস্টে ৬ উইকেট নেওয়া ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন সাত নম্বরে। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স (৯০১ রেটিং), দুইয়ে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৮৫০ রেটিং)।
বোলারদের র্যাঙ্কিংয়ে এগোলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন জেমিসন। এখানে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন চার নম্বরে।
র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি ও ওয়ানডেতেও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অর্ধশতক করা অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন। তাঁর সতীর্থ পেসার জশ হ্যাজলউডও এগিয়েছেন এক ধাপ, এখন বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসির ঠিক পরেই তিনি। প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হ্যাজলউড।
ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে আফগানিস্তান। এ র্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব।