গালাতাসারাই ইউরোপে দারুণ সময় পার করছে
গালাতাসারাই ইউরোপে দারুণ সময় পার করছে

ঘরের মাঠকে যেভাবে দুর্গ বানিয়ে পরাশক্তি বধ করছে গালাতাসারাই

তুরস্ক লিভারপুলের জন্য ক্রমেই আতঙ্কের জায়গা হয়ে উঠেছে। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় তুরস্কে গিয়ে সেখানকার ক্লাবের বিপক্ষে ৮ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে লিভারপুল। বাকি দুই ম্যাচের একটিতে জিতেছে এবং অন্যটিতে ড্র। শুধু তা–ই নয়, ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় তুরস্কে গিয়ে ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে লিভারপুলই সবচেয়ে বেশি ম্যাচ (৬) হেরেছে। তুরস্ক কেন লিভারপুলের জন্য অস্বস্তির নাম, তা এই একটি পরিসংখ্যানেই স্পষ্ট।

বলা হয়, ‘যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়।’ তুরস্ক যদি লিভারপুলের জন্য ‘বাঘ’ হয়, তবে সেখানে ঘনিয়ে আসা রাতের নাম গালাতাসারাইয়ের মাঠ রামস পার্ক। যে মাঠকে সাম্প্রতিক সময়ে রীতিমতো দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত করেছে গালাতাসারাই। প্রতিপক্ষকে এখানে ডেকে এনে হারানোকে নিয়মিত অভ্যাসে পরিণত করেছে ক্লাবটি। আর সে মাঠেই এবার চ্যাম্পিয়নস লিগে খেলতে গিয়ে দুবার হেরেছে লিভারপুল।

তবে তুরস্কের মাঠে নিয়মিত হারের স্বাদ পাওয়া লিভারপুল গালাতাসারাইয়ের জন্য সহজ শিকারই বলা যায়। কারণ, ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এ মৌসুমে গালাতাসারাই এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচই হেরেছে। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে ইউনিয়ন সেন্ট গিলোইসের বিপক্ষে ১-০ গোলের সেই হারটা ব্যতিক্রম এক দৃষ্টান্তই বটে।

চ্যাম্পিয়নস লিগে এবারের আসরে সব মিলিয়ে ঘরের মাঠে ৬টি ম্যাচ খেলেছে গালাতাসারাই। যার মধ্যে চারটিতে জিতেছে তারা। একটিতে হেরেছে এবং ড্র করেছে অন্য ম্যাচে। ৩০ সেপ্টেম্বর লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছিল তারা। পরের মাসে বোডো/গ্লিমটের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে তুরস্কের লিগে শীর্ষে থাকা ক্লাবটি। পরের ম্যাচে ইউনিয়ন সেন্ট গিলোইসের বিপক্ষে হারে তারা। এ বছরের জানুয়ারিতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে ১-১ গোলে।

লিভারপুলকে হারিয়ে গালাতাসারাইয়ের উদ্‌যাপন

ঘরের মাঠে গালাতাসারাই সবচেয়ে বড় চমক উপহার দেয় জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ প্লে–অফের প্রথম লেগের ম্যাচে। গত মাসে সেই ম্যাচে সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ৫-২ গোলে উড়িয়ে দেয় গালাতাসারাই। সেই ধারাবাহিকতাতেই মূলত গতকাল রাতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ঘরোয়া লিগে গালাতাসারাই আরও বেশি ভয়ংকর। চলতি মৌসুমে ঘরোয়া লীগের শীর্ষে থাকা দলটি নিজেদের মাঠে ১৩ ম্যাচ খেলে ১০টিতেই জিতেছে। আর বাকি তিন ম্যাচে করেছে ড্র। এই মৌসুমে লিগে সব মিলিয়ে দুটি ম্যাচে হেরেছে দলটি; বলা বাহুল্য, দুটিই প্রতিপক্ষের মাঠে।

ঘরের মাঠে গালাতাসারাইয়ের সাফল্যের মূল কারণ মাঠ ও মাঠের আশপাশের চেনা পরিবেশ। সঙ্গে অবিশ্বাস্য এক সমর্থকগোষ্ঠী তো আছেই, যারা সারাক্ষণ নিজেদের উপস্থিতির জানান দিয়ে চাঙা করে রাখে খেলোয়াড়দের।

তবে ঘরের মাঠের হিসাব–নিকাশ সরিয়ে রাখলেও গালাতাসারাই সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছে। টানা তিনবার লিগ শিরোপা জিতেছে তারা। চলতি মৌসুমেও শীর্ষে থেকে লিগ জয়ের পথে এগিয়ে আছে। দলের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন কোচ ওকান বুরুক।

তাঁর হাত ধরেই মূলত টানা তিন লিগ শিরোপা জিতেছে ক্লাবটি। এ ছাড়া ভিক্টর ওসিমেনের মতো বিশ্বমানের তারকার আগমনও ইতিবাচকভাবে প্রভাবিত করেছে দলটিকে। এখন চ্যাম্পিয়নস লিগের এই অগ্রযাত্রাকে গালাতাসারাই কত দূর টেনে নিতে পারে, সেটিই দেখার অপেক্ষা।