এক দিকে মিচেল স্টার্কের পেস আরেক দিকে নাথান লায়নের স্পিন—কলম্বো টেস্টের প্রথম দিনের সকালে ঝড় বয়ে গেছে শ্রীলঙ্কার ওপর! ঝড়টা কত বড় স্কোর দেখলে বুঝতে পারবেন, ২৬ রানেই লঙ্কানরা হারিয়েছে ৫ উইকেট! এই বিপর্যয়ে মাথা তুলে দাঁড়ান ধনঞ্জয় ডি সিলভা ও দিনেশ চান্ডিমাল। দুজনের বীরত্বে সারা দিনে আর উইকেট পড়েনি শ্রীলঙ্কার। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ১৮৮ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ উইকেটে যেটি সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল মাহেলা জয়াবর্ধনে-অ্যাঞ্জেলো ম্যাথুসের (১৪২)। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ডি সিলভা অপরাজিত ১১৬ রানে, আর চান্ডিমাল ব্যাট করছেন ৬৪ রানে। প্রথম দিনে ৫ উইকেটে ২১৪ রান তুলে দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। স্টার্ক ৩টি আর লায়ন ২টি উইকেট নিয়েছেন। ক্রিকইনফো।