বর্জন

২০১৬ ইউরো শেষেই ইংল্যান্ড জাতীয় দলের কোচ রয় হজসনের মেয়াদ শেষ। আর ওই বছরই বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি শেষ কোচ পেপ গার্দিওলার। দুই মিলিয়ে গুঞ্জন—হজসনের উত্তরসূরি হচ্ছেন গার্দিওলা। বিশেষ করে ইংলিশ সংবাদমাধ্যমের এমনই পূর্বানুমান। গত শুক্রবার বায়ার্ন মিউনিখের এক সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন উঠতেই রেগে যান গার্দিওলা। ‘পরের প্রশ্ন, পরের প্রশ্ন প্লিজ’—বলে প্রথম প্রশ্নের উত্তরটা এড়িয়ে যেতে চাইলেন। কিন্তু পরের প্রশ্নটাও হলো তাঁর ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে। এবার আর ক্ষোভটা চেপে রাখতে পারলেন না বায়ার্নের স্প্যানিশ কোচ, সংবাদ সম্মেলনই ছেড়ে চলে যান। চেয়ার ছেড়ে উঠে যাওয়ার আগে বললেন একটি কথাই, ‘আমি বায়ার্নের কোচ, ঠিক আছে?’ এএফপি।