
১৬ রানে ৪ উইকেট নিয়ে জশ হ্যাজলউডই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছেন, কিন্তু ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে মিচেল স্টার্কেরও বল হাতে দিনটা কেটেছে দারুণ। কলম্বোতে কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়টাও ১০ উইকেটের। কিন্তু এমন একটা দিনের শেষেও অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্ট বোলার স্টার্কের হতাশাই বেশি।
চোটে পড়লে কারই-বা ভালো লাগে! তা-ও আবার স্টার্কের চোটের কারণ যেখানে নিজেরই জুতা! কলম্বোতেই আজ তিন টি-টোয়েন্টির সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, সেখানে স্টার্ক নেই চোটেরই কারণে। তাঁর বদলে একাদশে এসেছেন ঝাই রিচার্ডসন। শ্রীলঙ্কার একাদশ অপরিবর্তিত।
চোটটা স্টার্ক পেয়েছিলেন গতকাল ম্যাচে নিজের প্রথম ওভারেই। ওভারের শেষ বলটি করার পর স্টার্ক দৃশ্যত অস্বস্তিতে ছিলেন, সে কারণে খেলাও কিছুক্ষণ বন্ধ ছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ডটকম ডটএইউ পরে জানায়, স্টার্ক বোলিংয়ের সময় নিজেরই জুতার স্পাইকের আঘাতে তাঁর বাঁ হাতের তর্জনীতে চিড় ধরে।
ম্যাচের মধ্যে চোট পাওয়ায় আঙুলে টেপ লাগিয়ে কাল পুরো ইনিংসে বোলিং করতে দেওয়া হয়েছে ৩২ বছর বয়সী অস্ট্রেলিয়ানকে। তবে আজ দ্বিতীয় ম্যাচে আর তাঁকে নিয়ে অস্ট্রেলিয়ার অযথাই ঝুঁকি নিতে রাজি হয়নি।
কাল ম্যাচের পর স্টার্কের চোট নিয়ে কথা বলেছেন ম্যাচসেরা হ্যাজলউড। তাঁর চোখে, ‘অদ্ভুত একটা চোট।’ কীভাবে চোটটা পেয়েছেন স্টার্ক, সেটিও ব্যাখ্যা করেছেন হ্যাজলউড, ‘(বল ছোড়ার পর শরীরের তালে) ওর বাঁ পা যখন সামনে চলে এল, ওর হাতটা ওর স্পাইকে লেগে চিরে যায়। ওর বোলিং হাতের আঙুলে একটু জায়গা কেটে গেছে।’
আজকের ম্যাচে স্টার্কের খেলা নিয়ে সংশয়ের কথা হ্যাজলউডই কাল জানিয়ে দিয়েছিলেন, ‘ম্যাচের মধ্যে হওয়ায় আজ (গতকাল) ওকে আঙুলে টেপ পেঁচিয়ে খেলতে দেওয়া হয়েছে, তবে বুধবার রাতে আর টেপ পেঁচিয়ে নামতে পারবে না। সে ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে।’
স্টার্ক আর হ্যাজলউডের তোপে গতকাল ১২৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নারের অপরাজিত অর্ধশতকে ৬ ওভার আর ১০ উইকেট হাতে রেখেই জিতে যায় অস্ট্রেলিয়া।