মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনটা ছিল অজিঙ্কা রাহানেময়। বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্বের ভার কাঁধে তুলে নিয়ে তিনি নিজেকে অন্যভাবে চিনিয়েছিলেন। দারুণ এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেননি। রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দারুণ জুটিতে দলকে নিয়ে গিয়েছিলেন মোটামুটি শক্ত অবস্থানে। দিন শেষে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে ভারত এগিয়ে ছিল ৮২ রানে (অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৫)। সেই লিডটা আজ তৃতীয় দিনে শেষ পর্যন্ত ভারত নিয়ে যেতে পেরেছে ১৩১ রানে।
তৃতীয় দিনের শুরুতে রাহানে আর জাদেজাকে নিয়ে আশা ছিল। কিন্তু তাঁরা দুজনের কেউই নিজেদের ইনিংস খুব লম্বা করতে পারেননি। রাহানে ১১২ রানে শিকার হয়েছেন রানআউটের। জাদেজা ফিরেছেন ৫৭ রানে। এরপর রবিচন্দ্রন অশ্বিনের ১৪ ছাড়া বলার মতো কোনো সংগ্রহ নেই। রাহানে ২২৩ বল খেলতে পেরেছেন। কালকের ১২ বাউন্ডারির সঙ্গে আর একটিও যোগ করতে পারেননি। জাদেজা খেলে গেছেন ১৫৯ বল। তাঁর ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৩। অশ্বিন ৪২ বল খেলে করেছেন ১৪। উমেশ যাদবের কথা বলতেই হয়। ভারতীয় পেসার ১৯ বল পর্যন্ত টিকে ছিলেন। ভারতের ইনিংসকে লম্বা করার চেষ্টাটা তাঁর মধ্যে ছিল।
অস্ট্রেলীয় বোলারদের জন্য দ্বিতীয় দিনটা ছিল বেশ হতাশার। ১৭৩ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর রাহানে আর জাদেজা-গেরোয় আটকে গিয়েছিলেন তাঁরা। তবে তৃতীয় দিন ভারতের ইনিংস দ্রুতই শেষ করে দিতে পেরেছেন তাঁরা। মিচেল স্টার্ক ৭৮ রানে নিয়েছেন ৩ উইকেট। নাথান লায়নও ৩টি উইকেট নিয়েছেন ৭২ রানের খরচায়। ভারতের দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকের সুযোগ থাকবে এই অফ স্পিনারের। প্যাট কামিন্স ২টি আর জশ হ্যাজলউড তুলে নিয়েছেন ১টি উইকেট।
এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ইনিংস থেকে ১০৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা। দলীয় ৪ রানেই তাদের হারাতে হয়েছে জো বার্নসকে। উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ঋষভ পন্তকে ক্যাচ দেন তিনি। বার্নসের বিদায়ের পর উইকেটে এসে দলের হাল ধরেছেন মারনাস লাবুশেন, সঙ্গে ম্যাথু ওয়েড। এ সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১ উইকেটে ২১। ১১০ রানে পিছিয়ে তারা।