বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

সিলেট টেস্ট

নাজমুলের দাবি, চাওয়া অনুযায়ী উইকেট পাননি

সিলেট টেস্টে বাংলাদেশের একাদশে বিস্ময় প্রকাশ করেছিলেন কেউ কেউ। মিরপুর টেস্টে তিন স্পিনার নিয়েও কাজের কাজ কিছু হয়নি, ম্যাচটা হারতে হয়েছে, স্পিনারদের বলেও ধার ছিল না তেমন। এরপর আবার সিলেটেও তিন স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ!

সিলেটে ম্যাচ যত গড়িয়েছে, বিস্ময় ততই বেড়েছে। পুরো পাঁচ দিনই সিলেটের উইকেটে স্পিনারদের জন্য তেমন সাহায্য ছিল না। এমন উইকেটেও কেন বাংলাদেশ তিন স্পিনার নিয়ে একাদশ সাজাল? আজ সিলেটে টেস্ট ড্র হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেনের কথায় সেই বিস্ময়ও আরও বাড়ল। তাঁর দাবি, স্বাগতিক দল হয়েও নাকি নিজেদের চাওয়া অনুযায়ী উইকেট পায়নি বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘এ রকম (উইকেট) চাওয়া ছিল না। যদি এমনটাই হতো, তাহলে হয়তো আমরা আরও একজন বাড়তি পেসার নিয়ে খেলতে পারতাম। আমাদের পরিকল্পনা ছিল, স্পিনটা হয়তো আরেকটু আগে থেকেই কার্যকর হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি।’

নাজমুল আরও বলেন, ‘ভবিষ্যতে যদি আবার এমন কন্ডিশন তৈরি করতে চাই, তাহলে এ বিষয়ে আরও ভালোভাবে আলোচনা করতে হবে (বোর্ড ও কিউরেটরদের সঙ্গে)। কীভাবে কন্ডিশনটা নিজেদের পক্ষে আনা যায়, সেটা নিয়ে সঠিক পরিকল্পনা করতে হবে।’

সিলেট টেস্টে ড্র মেনে নিয়ে সিরিজ হেরেছে বাংলাদেশ দল

সিলেট প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের মধ্যে শুধু মেহেদী হাসান মিরাজই উইকেট পান। তাইজুল ইসলাম ও নাঈম হাসান ৩০ ওভার বোলিং করেও ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে মারতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা উইকেট দিলেও স্পিনাররা চড়ে বসতে পারেননি। নাজমুল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন উইকেটে খেলার প্রত্যাশা নাকি তাঁরা জানিয়ে রেখেছিলেন আগেভাগেই।

বাংলাদেশ অধিনায়কের দাবি, ‘এসব বিষয় অনেক আগে থেকেই পরিকল্পনা করা থাকে—আমরা কেমন কন্ডিশনে খেলব, হোমে খেললে কেমন উইকেট চাই। এই সুবিধাটা আমাদের নিতেই হবে। আমার মনে হয়, সুবিধাটা আমাদের পুরোপুরি পাওয়া উচিত ছিল। পুরোপুরি না পেলেও অন্তত কাছাকাছি পাওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা একটু কম পেয়েছি।’

সিলেট টেস্ট ড্র করে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে হারল বাংলাদেশ। তবে সিলেটে প্রত্যাশা অনুযায়ী উইকেট না পাওয়াকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না নাজমুল। বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে মোট ৭ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান। কিন্তু বাংলাদেশের তিন স্পিনার মিলে অস্বস্তিতেও ফেলতে পারেননি প্রতিপক্ষকে, তাঁরা নিয়েছেন মোট ৮ উইকেট। নাজমুল তাই মনে করেন, তাঁর দলের স্পিনাররাও ভালো করতে পারেননি।

নাজমুল বলেন, ‘আমরা অবশ্যই ভালো বোলিং করতে পারিনি, এটা সত্যি। আমাদের যে মানের বোলিং আক্রমণ ছিল, তাতে আরও ভালো বোলিং করা উচিত ছিল। আমার মনে হয়, আমরা আরও ভালো বোলিং করতে পারতাম।’