ডাচদের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিডি
ডাচদের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিডি

নামিবিয়াকে হারিয়ে রান রেটে পাকিস্তানকে টপকে গেল নেদারল্যান্ডস

প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি নেদারল্যান্ডস। হেরেছিল ৩ বল বাকি থাকতে, ৩ উইকেটে। তবে আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ডাচরা।

নামিবিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। নামিবিয়ার করা ৮ উইকেটে ১৫৬ রান ডাচরা টপকে গেছে ১২ বল হাতে রেখে। যে জয়ে ‘এ’ গ্রুপে রানরেটে পাকিস্তানকে টপকে গেছে নেদারল্যান্ডস।

দিল্লিতে রান তাড়ায় নেদারল্যান্ডসের বড় জয়ে মূল অবদান বাস ডি লিডির। তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৮ বলে ৭২ রানে। ইনিংসটিতে ছিল ৫ চার ও ৩ ছক্কা। লিডির সঙ্গে ৯ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামা নামিবিয়ার হয়ে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৮ বলে ৪২ রান করেন তিনে নামা নিকোল লফটি–ইটন। ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্ক করেন ২৬ বলে ৩০ রান।

৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন বাস ডি লিডি

নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন লোগান ফন বিক ও বাস ডি লিডি। পরে ডি লিডির ব্যাটেই নিশ্চিত হয় বড় জয়।

‘এ’ গ্রুপে ভারত, নেদারল্যান্ডস ও পাকিস্তান—তিন দলের পয়েন্টই এখন ২ করে। তবে পাকিস্তানের ০.২৪০ ছাড়িয়ে ডাচদের রানরেট এখন বেশি—০.৩৫৬। পাকিস্তান অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। আজ সন্ধ্যায় সালমান আগার দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে।

সংক্ষিপ্ত স্কোর

নামিবিয়া: ২০ ওভারে ১৫৬/৮ (লফটি–ইটন ৪২, ফ্রাইলিঙ্ক ৩০, স্মিট ২২; ফন বিক ২/১৩, ডি লিডি ২/২০)। নেদারল্যান্ডস: ১৮ ওভারে ১৫৭/৩ (ডি লিডি ৭২*, অ্যাকারম্যান ৩২, লেভিট ২৮; স্কোলটজ ১/২৭)। ফল: নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বাস ডি লিডি।