
বিগ ব্যাশ শেষ হয়েছে গত ২৫ জানুয়ারি। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্ট শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পর নতুন সুখবর পেলেন বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন।
হোবার্ট হারিকেনসে খেলা এই লেগ স্পিনারকে এবারের মৌসুমে দলের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। ক্রিকেট তাসমানিয়া আজ তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এ ঘোষণা দিয়েছে।
রিশাদ এবারই প্রথম বিগ ব্যাশে খেলেছেন। বল হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। টুর্নামেন্টের সব দল মিলিয়েই এবারের আসরের অন্য কোনো স্পিনার তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।
সমান ১৫ উইকেট নিয়ে রিশাদের পাশে আছেন পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ। পুরো টুর্নামেন্টে রিশাদের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ওভারপ্রতিও বেশি রান খরচ করেননি, টুর্নামেন্টে তাঁর ইকনোমি মাত্র ৭.৮২।
দলের সেরা খেলোয়াড় হতে রিশাদের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ব্যাটসম্যান নিখিল চৌধুরী, দুই পেসার নাথান এলিস ও ক্রিস জর্ডান। ব্যাট হাতে টুর্নামেন্টে ৩০৭ রান করেছেন নিখিল। ১৪ উইকেট নেন অধিনায়ক এলিস আর জর্ডান ৭টি। তাঁদের টপকে শেষ পর্যন্ত স্বীকৃতিটা পেলেন বাংলাদেশের রিশাদ।
মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন হোবার্টের ড্যানি ওয়াইট হজ। বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমে ৪৩২ রান করেছেন এই ব্যাটসম্যান। দলকে প্রথমবার শিরোপা জেতাতেও রেখেছেন বড় ভূমিকা।
প্রতিবছর ক্রিকেট তাসমানিয়া বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে।