হ্যারি ব্রুক
হ্যারি ব্রুক

হানড্রেডে পাকিস্তানিদের না নেওয়া হবে দুঃখজনক: ইংল্যান্ড অধিনায়ক ব্রুক

ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডের নিলাম আগামী ১১ ও ১২ মার্চ। নিলামে নিবন্ধন করেছেন পাকিস্তানের ৬৩ জন পুরুষ ও ৪ জন নারী ক্রিকেটার।

তবে গত পরশু বিবিসি জানিয়েছে, ভারতীয় মালিকানাধীন চার ফ্র্যাঞ্চাইজি নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের সই করাবে না। এমনটা হলে তা দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুক।

ইয়র্কশায়ারের ব্যাটসম্যান হ্যারি ব্রুক ইতিমধ্যে ভারতীয় মালিকানাধীন দল সানরাইজার্স লিডসের (সাবেক নর্দার্ন সুপারচার্জার্স) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ৪ লাখ ৬৫ হাজার পাউন্ড পারিশ্রমিক নিয়ে তিনি হতে যাচ্ছেন এই টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড়। ব্রুক গত দুই মৌসুমে সুপারচার্জার্সের অধিনায়কত্ব করলেও এবার তা করবেন না বলে জানিয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সুপার এইট ম্যাচের আগের দিন ২৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘এই মুহূর্তে আমার মূল লক্ষ্য হলো টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা। দ্য হান্ড্রেডের বিষয়টি আমার ক্ষমতার বাইরে, তারা যা ভালো মনে করবে, তা–ই করবে।’

নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে গত বছর হানড্রেডে খেলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির

পাকিস্তানের কাউকে না নেওয়া প্রসঙ্গে ব্রুক বলেছেন, ‘পাকিস্তান দীর্ঘ সময় ধরে ক্রিকেটের একটি শক্তিশালী দেশ এবং তাদের দলে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় রয়েছে। তাঁদের কাউকে দ্য হানড্রেডে দেখতে না পাওয়াটা দুঃখজনক হবে।’

তবে বিবিসি জানিয়েছে, ইসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা খেলোয়াড়দের এক এজেন্টের কাছে ইঙ্গিত দিয়েছেন যে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত নয়, এমন দলগুলোই পাকিস্তানি খেলোয়াড়দের নিতে আগ্রহী হতে পারে।

টুর্নামেন্টের আটটি দলের মধ্যে চারটি, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস—এখন আংশিকভাবে আইপিএল দলগুলোর মালিকানাধীন কোম্পানির অধীন। বার্মিংহাম ফিনিক্স, লন্ডন স্পিরিট, ট্রেন্ট রকেটস এবং ওয়েলশ ফায়ারের মালিকানা—এই চার দলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা নেই।

পাকিস্তানের খেলোয়াড়দের না নেওয়ার বিষয়টি সামনে আসার পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ইসিবিকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৯ সাল থেকে পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএলে খেলেন না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যান্য লিগগুলোতেও একই ধারা দেখা যাচ্ছে।

২০২৩ সালে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে কোনো পাকিস্তানি খেলোয়াড় নেই, সেখানকার ছয়টি দলের মালিকই আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০–র ভারতীয় মালিকানার ফ্র্যাঞ্চাইজিগুলোও চার মৌসুমে ১৫টি দেশের খেলোয়াড় নিলেও কোনো পাকিস্তানি ক্রিকেটার নেয়নি।