ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার

যে চার লড়াই ঠিক করে দেবে ফাইনালের ভাগ্য

আবার সেই মোদি স্টেডিয়াম। আবার একটা রোববারের ফাইনাল। প্রায় তিন বছর আগে এক নভেম্বরের সন্ধ্যায় এই মাঠেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল কোটি কোটি ভারতীয়র হৃদয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের সেই ক্ষত আজও হয়তো অনেকের মনে দগদগে। সেই আহমেদাবাদেই আজ আবার এক বিশ্বমুকুট জয়ের হাতছানি। তবে প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া নয়, তাসমান সাগরের ওপারের দেশ নিউজিল্যান্ড।

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত। আজ জিতলে প্রথম দল হিসেবে তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড হবে। সেই সঙ্গে পরপর দুটি বিশ্বকাপ জয়, আয়োজক দেশ হিসেবে শিরোপা জেতার অনন্য কীর্তিও।

সুপার এইটে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল সূর্যকুমার যাদবদের। কিন্তু সেই মনের ভূত তাড়াতে ভারতীয় দল এবার বেশ সতর্ক। এমনকি কুসংস্কার কি না কে জানে—ফাইনালের আগে টিম হোটেল পর্যন্ত বদলে ফেলেছে বিসিসিআই।

তবে লড়াইটা শেষ পর্যন্ত হবে ব্যাটে-বলে। আর ফাইনাল ভাগ্য নির্ধারিত হতে পারে কয়েকটা ব্যক্তিগত দ্বৈরথে।

ফিন অ্যালেন-যশপ্রীত বুমরা

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন এখন ফিন অ্যালেন। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেই বিধ্বংসী সেঞ্চুরি এখনো সবার চোখে লেগে আছে। অ্যালেন মানেই পাওয়ারপ্লেতে বোলারদের কচুকাটা করা। তাঁকে থামানোর মূল দায়িত্বটা থাকবে ভারতের সবচেয়ে বড় অস্ত্র যশপ্রীত বুমরার কাঁধে। যদিও টি-টুয়েন্টিতে বুমরা এখন পর্যন্ত অ্যালেনকে বলই করেছেন মাত্র ৫টি। এ দিয়ে কে এগিয়ে, বিচার করা ঠিক হবে না। তবে ফাইনালে বুমরার সেই বিষাক্ত ইয়র্কারের সামনে অ্যালেনের ব্যাট—আহমেদাবাদের দর্শকেরা এই লড়াইয়ের জন্যই চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ফিন অ্যালেন

সঞ্জু স্যামসন-ম্যাট হেনরি

সঞ্জু স্যামসন যেন এক আগ্নেয়গিরি। টুর্নামেন্টের শুরুতে সুযোগ না পেয়ে সুপ্ত ছিলেন, এখন তাঁর ব্যাটে লাভা ছড়াচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের ইনিংস দুটি বলে দিচ্ছে, সঞ্জু এখন খুনে মেজাজে। তবে আজ তাঁর সামনে বড় বাধা হতে পারেন ম্যাট হেনরি। বিশ্বকাপের ঠিক আগে দ্বিপক্ষীয় সিরিজে এই হেনরিই দুবার আউট করেছিলেন সঞ্জুকে। হেনরির অতিরিক্ত বাউন্স আর সুইংয়ের সামনে সঞ্জুর ব্যাট যেন কিছুটা আড়ষ্ট হয়ে পড়ে। আজ যদি শুরুতেই হেনরি আঘাত হানেন, তবে ভারতের বড় স্কোরের আশা ধাক্কা খাবে। আর সঞ্জু যদি একবার ডানা মেলতে পারেন, তবে কিউই বোলারদের কপালে দুঃখ আছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয়ের পর সঞ্জু স্যামসন

সূর্যকুমার যাদব-মিচেল স্যান্টনার

মাঝের ওভারগুলোতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে লড়াই হবে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের। বাঁহাতি স্পিনে ভারতীয়দের একটু অস্বস্তি আছে। স্যান্টনার সেই দুর্বলতার সুযোগ নিতে চাইবেন। পরিসংখ্যান বলছে, ১০ বার মুখোমুখি হয়ে স্যান্টনার তিনবার সূর্যকে সাজঘরে পাঠিয়েছেন। সূর্য এখনো এই বিশ্বকাপে তার চেনা ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ ফর্মে ফেরেননি। ক্যাপ্টেন স্কাই আজ কি সেই আক্ষেপ মেটাবেন?

নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান টিম সাইফার্ট

টিম সাইফার্ট-হার্দিক পান্ডিয়া

উইকেটকিপার-ব্যাটসম্যান টিম সাইফার্ট এবারের কিউই ব্যাটিংয়ের অন্যতম ভরসা, সবচেয়ে ধারাবাহিকও। ৭ ইনিংসে তিনটি ফিফটি, ২৭৪ রান করেছেন ১৬১.১৭ স্ট্রাইক রেটে। সাইফার্টের র‌্যাম্প বা স্কুপ শট আটকানো কঠিন কাজ। আর এই কঠিন কাজের জন্যই ভারতের ভরসা হার্দিক পান্ডিয়া। বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে হার্দিকের সুনাম আছে। সাইফার্টের আক্রমণের মুখে হার্দিকের স্লোয়ার বা শর্ট পিচ বল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।