ক্রিকেটে কিছু ব্যাটসম্যান আছেন, যাঁদের ব্যাটে রান না থাকলে আলোচনা হয়। আবার রান থাকলেও আলোচনা থামে না। বাবর আজম সম্ভবত এখন সেই দলে। তাঁর ব্যাটে রান আছে, হাফ সেঞ্চুরি আছে, ভালো গড়ও আছে। শুধু নেই সেই একটি ইনিংস, যেটি দেখার জন্য অপেক্ষায় পাকিস্তানের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে মনে হবে, বাবর বুঝি ভয়াবহ এক দুঃসময় পার করছেন। টেস্টে তাঁর সেঞ্চুরি নেই কত দিন! প্রতিটি ইনিংসের পরই সেটি মনে করিয়ে দিতে হাজির হয়ে যায় ভক্ত-সমর্থকদের নানা অ্যাকাউন্ট। যেন বাবরের ব্যাটে রান না আসাটাই এখন ক্রিকেটের সবচেয়ে বড় খবর।
এমন পরিস্থিতিতে হঠাৎ একটি পরিসংখ্যান সামনে এল। চলতি বছরে অন্তত ১০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ গড় বাবরের! প্রথমে বিশ্বাস হয়নি। মনে হয়েছিল, হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কোনো ভুয়া পরিসংখ্যান। কিন্তু রাত ১১টায় পরিসংখ্যানের খোঁজে ক্রিকইনফোর স্ট্যাটসগুরু খুলে বসার যে অস্থিরতা, সেটি সামলানো গেল না। বছর নির্বাচন, ১০ ইনিংসের ফিল্টার, তারপর ব্যাটিং গড় অনুযায়ী সাজানো।
তারপর? সবার ওপরে বাবর আজম! ১২ ইনিংসে ৪৮৯ রান। পাঁচটি হাফ সেঞ্চুরি। গড় ৪৮.৯০। তালিকার পরের নাম হ্যারি ব্রুক। তাঁর গড় ৪৬.৫০। যে ব্যাটসম্যানকে নিয়ে এত সমালোচনা, সেই বাবরই কিনা সবার ওপরে! তাহলে কি বাবরকে নিয়ে আলোচনা অন্যায্য? নাকি পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প?
ক্রিকেট পরিসংখ্যান নিয়ে একটা পুরোনো শিক্ষা আছে। শুধু ব্যাটিং গড় দেখে কোনো ব্যাটসম্যানকে বিচার করতে নেই। বিষয়টা অনেকটা পারিবারিক ছবির মতো। প্রথম দেখায় সবাইকে সুন্দর লাগে।
কিন্তু ছবিটা বড় করে দেখলেই বেরিয়ে আসে কারও চোখ বন্ধ, কেউ আবার এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন যে ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়াই কঠিন। বাবরের ২০২৬ সালটাও অনেকটা তেমন। রান করেছেন, ভালো খেলেছেন, দলকে ভরসা দিয়েছেন। কিন্তু প্রতিবারই মনে হয়েছে, আর একটু হলেই হয়তো সেই কাঙ্ক্ষিত ইনিংসটা পেয়ে যেতেন। একের পর এক সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্ণতা পায়নি।
গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে শুরুটা হয়েছিল ৬৮ ও ৪৭ রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও নাহিদ রানার বলে মিড অনে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে বেশ স্বচ্ছন্দ ছিলেন। ৯০.৩৮ স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। কিন্তু তাইজুল ইসলামের বলে লেগ সাইডে ক্যাচ দিয়ে ফিরতে হয়। দুই ইনিংস মিলিয়ে ১১৫ রান করেও দলকে জেতাতে পারেননি। পাকিস্তান হেরেছিল ৭৮ রানে।
ওয়েস্ট ইন্ডিজ সফরেও গল্পটা প্রায় একই। প্রথম ইনিংসে ২৩। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৮। পাকিস্তানের লক্ষ্য ছিল ২১১ রান। কিন্তু দল গুটিয়ে যায় মাত্র ১২০ রানে। মোহাম্মদ আব্বাসের ২৩ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে বাবরের কৌশল নিয়েও সমালোচনা হয়েছে। অভিযোগ, ওভারের শুরুতেই তিনি টেলএন্ডারদের সামনে ঠেলে দিচ্ছিলেন। কিন্তু বাবর একা আর কত রান করবেন! শেষ পর্যন্ত ৯০ রানে হারতে হয় পাকিস্তানকে। অন্তত লড়াইটা করেছিলেন বাবর।
সেঞ্চুরির অপেক্ষা শেষ করার সবচেয়ে বড় সুযোগ এসেছিল পোর্ট অব স্পেনে। ৮৮ রান করে রানআউট হন আবদুল্লাহ শফিকের সঙ্গে ভুল–বোঝাবুঝিতে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪। সিরিজে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকও হন তিনি। পরিসংখ্যান বলছে, দারুণ সিরিজ। কিন্তু পাকিস্তানের জন্য সেটিকে স্মরণীয় করে রাখার মতো কিছু কি করতে পেরেছিলেন বাবর?
ইংল্যান্ড সফরে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি। ফিরে প্রথম তিন ইনিংসে রান মাত্র ৮, ৬ ও ৭। জফরা আর্চারের সুইং সামলাতে সমস্যা হয়েছে। জশ টাংয়ের বাড়তি বাউন্সও তাঁকে ভুগিয়েছে। তবে বার্মিংহামে দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের ইনিংসটি ছিল অন্য রকম। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছিল ১৩৩ রানে।
দ্বিতীয় ইনিংসে আবার শুরুতেই ২ উইকেট হারিয়ে রানশূন্য। সেখান থেকে দলকে টেনে তোলেন বাবর। পরে রাজাউল্লাহর ব্যাট আলো ছড়ালেও পাকিস্তানের ৪৪৯ রান পর্যন্ত পৌঁছানোর পেছনে বাবরের অবদান ছিল অনেক। শেষ পর্যন্ত সেই লড়াইও কাজে আসেনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ও ৩৪। আবারও ভালো দুটি ইনিংস। কিন্তু বড় সংগ্রহের ম্যাচে সেগুলো যেন হারিয়ে গেল। সৌদ শাকিলের ৯৩ রানের পাশাপাশি অভিষিক্ত তায়্যাব আরিফ ও মোহাম্মদ তাহার অর্ধশতকও ছিল। বাবর রান করেছেন, কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো কিছু করতে পারেননি।
এই জায়গাতেই বাবরের বছরের সবচেয়ে বড় বৈপরীত্য। গড়ের হিসাবে তিনি সবার ওপরে। কিন্তু ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার মতো ইনিংস কোথায়? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার নিচের দিকে পাকিস্তান। এমন সময়ে দলটির প্রয়োজন এমন একজন ব্যাটসম্যান, যাঁকে ঘিরে পুরো ইনিংসটা তৈরি হতে পারে। বাবরের ভালো গড় দলের ব্যর্থতার দায় কিছুটা হলেও তাঁর কাঁধ থেকে সরিয়ে দেয়। কিন্তু একটি বড় ইনিংসের কাজ শুধু রান বাড়ানো নয়। সেটি সতীর্থদের বিশ্বাস ফেরায়, সমর্থকদের মনে আশা জাগায়।
তবে বাবরের বছরটিকে খারাপ বলাও অন্যায় হবে। তাঁর ৪৮.৯০ গড় নিজের টেস্ট ক্যারিয়ার গড় ৪৩-এর চেয়ে বেশি। ২০২৪ ও ২০২৫ সালে তাঁর গড় ছিল যথাক্রমে ২০.২০ ও ৩১.৫০। অর্থাৎ, সাম্প্রতিক দুই বছরের তুলনায় এবার অনেক ভালো করেছেন তিনি।
সমসাময়িকদের সঙ্গেও তাঁর পরিসংখ্যান বেশ উজ্জ্বল। চলতি বছর অন্তত ১০ টেস্ট ইনিংস খেলা ২৭ ব্যাটসম্যানের মধ্যে ৪৫-এর বেশি গড় মাত্র দুজনের। বাবরের পর হ্যারি ব্রুক ৪৬.৫০ এবং মুশফিকুর রহিম ৪৪.১৬ গড়ে রান করেছেন। এই ২৭ ব্যাটসম্যান মিলে সেঞ্চুরি করেছেন মাত্র ১৩টি। ৫৫৮ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ব্রুকেরও কোনো সেঞ্চুরি নেই। অর্থাৎ, শুধু বাবর নন, প্রতিষ্ঠিত টেস্ট ব্যাটসম্যানদের জন্যই বছরটা কঠিন যাচ্ছে। এমন একটি বছরে সবার ওপরে থাকা নিশ্চয়ই কম কৃতিত্বের নয়।
কিন্তু বাবরের ক্ষেত্রে প্রত্যাশার হিসাবটা একটু আলাদা। তাঁর সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ২০২২ সালের ডিসেম্বরে। সেই অপেক্ষা এত দীর্ঘ হয়েছে যে তাঁর অর্ধশতকগুলোও অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়। বিরাট কোহলির দুঃসময়ের কথা মনে পড়ে। রান করলেও প্রত্যাশার চাপ থেকে মুক্তি ছিল না তাঁর। বাবরের ক্ষেত্রেও যেন একই গল্প। দলের সবচেয়ে বড় তারকা হওয়ার বোঝা এটাই। শুধু রান করলেই হয় না, রান করতে হয় সঠিক সময়ে, সঠিক পরিস্থিতিতে।
তাহলে বাবরের বছরটা কি ভালো? সাম্প্রতিক সময়ের তুলনায় অবশ্যই। নিজের সেরা ছন্দে আছেন? সেটি বলার উপায় নেই।