বাবা-ছেলের এমন গল্প আপনাকে রোমাঞ্চিত করতেই পারে। এমন গল্প যে নেই শীর্ষ ক্রিকেট খেলুড়ে অনেক দেশেই। বাবা টিম ডি লিডি একসময় দেশকে বিশ্বকাপে নিয়ে গেছেন। ছিলেন দেশের শীর্ষ ক্রিকেটার। বাবার পথ অনুসরণ করে ছেলে বাস ডি লিডি আবারও নিজ দেশের ক্রিকেট নায়ক। এবার ছেলে নিয়ে গেছেন দেশকে বিশ্বকাপে।
দেশটা নেদারল্যান্ডস। খেলাটা ফুটবল হলে বাবা-ছেলের গল্প খুব জমত। সারা দুনিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে থাকত গল্পটা। বাবা একাধিক বিশ্বকাপে খেলেছেন, দেশের শীর্ষ খেলোয়াড় ছিলেন, ছেলেও একই পথ ধরে এগিয়েছেন। দেশকে বিশ্বকাপে নিয়ে যেতে বড় অবদান রেখেছেন। নেদারল্যান্ডস ফুটবলেও এমন ঘটনা নেই। অথচ, দেশটি বিশ্ব ফুটবলে কত দুর্দান্ত সব খেলোয়াড়ের জন্ম দিয়েছে। ইয়োহান ক্রুইফ, আরি হান, রুদ ক্রল, রুদ খুলিত, মার্কো ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ড, রোনাল্ড কোমান, ডেনিস বার্গক্যাম্প, রবিন ফন পার্সি—কত যে নাম!
ক্রিকেটে নেদারল্যান্ডস বড় নাম নয়। দেশটি এখনো টেস্ট মর্যাদা পায়নি। সীমিত ওভারের ক্রিকেটেই সীমিত তাদের উপস্থিতি। কিন্তু হলে কী হবে! উদীয়মান শক্তি হিসেবে তাদের পরিচিতিটা মন্দ নয়। বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ডের আগেই তারা বিশ্বকাপে খেলেছে। যদিও দুই-একটি ঝলক ছাড়া বলার মতো কোনো রেকর্ড নেই তাদের। কিন্তু যে দেশে ক্রিকেট খেলাটাই হয় সীমিত পরিসরে, সেখানে ওই দুই-একটি ঝলকই অনেক বড় কিছু। এবার ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে যেখানে নেদারল্যান্ডসকে নিয়ে কোনো আলোচনাই ছিল না, সেই ডাচ্রাই পেরিয়ে গেছে বাছাইপর্বের বাধা। সবচেয়ে বড় কথা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দুটি ‘ঐতিহ্যবাহী’ ক্রিকেট শক্তিকে পেছনে ফেলেই তারা জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। আর নতুন এই রূপকথার নায়ক বাস ডি লিডি। যিনি নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দেশকেই শুধু বিশ্বকাপে নিয়ে যাননি, অক্ষুণ্ন রেখেছেন নিজের পরিবারের ঐতিহ্যও। তাঁর বাবা টিম ডি লিডি যে নেদারল্যান্ডসের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ, এবার খেলবেন ছেলে।
গতকাল স্কটল্যান্ডকে হারিয়ে ২০১১ সালের পর ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। সেটি সম্ভব হয়েছে বাস ডি লিডের অলরাউন্ড নৈপুণ্যে। প্রথমে ব্যাটিং করা স্কটল্যান্ড ২৭৭ রান করলেও নেদারল্যান্ডস সেটি পেরিয়ে যায় বাস ডি লিডির সেঞ্চুরিতে। বাস বল হাতেও পেয়েছেন ৫ উইকেটে। এর আগে নেদারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ৩৭৪ রান তাড়া করে ম্যাচ টাই করে জিতেছে সুপার ওভারে গিয়েছে। সেটি ডাচ্ ক্রিকেটে ঐতিহাসিক এক ম্যাচ। সেই ম্যাচটিই ঝোড়ো হাওয়া বইয়ে দিয়ে এলোমেলো করে দিয়েছে সবকিছু। দেশটির ক্রিকেট ইতিহাসের সেরা পারফরম্যান্সও বলা যায় সেটিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচের পর নেদারল্যান্ডস ওয়ানডে বিশ্বকাপে খেলতে না পারলেও ব্যাপারটা খারাপ হতো। প্রকৃতি শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি। শ্রীলঙ্কার সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপের অন্যতম দল নেদারল্যান্ডসও।
আগে সহযোগী দেশগুলো বিশ্বকাপে খেলত আইসিসি ট্রফির মাধ্যমে। প্রথম দিকে সেখান থেকে শুধু চ্যাম্পিয়ন দল ওয়ানডে বিশ্বকাপে যেত। ১৯৯৪ সালে কেনিয়ার আইসিসি ট্রফি থেকে নিয়ম করে দেওয়া হয় এ টুর্নামেন্টের শীর্ষ তিন দল খেলবে বিশ্বকাপে। এই নেদারল্যান্ডসই সেবার তৃতীয় হয়ে সুযোগ করে নেয় ১৯৯৬ সালের বিশ্বকাপে। অন্য দুটি দল ছিল সংযুক্ত আরব আমিরাত ও কেনিয়া। আইসিসি ট্রফিতে বাংলাদেশকে হারিয়েছিল নেদারল্যান্ডস। ১৯৯০ সালে আইসিসি ট্রফির আয়োজক ছিল তারা। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে ফাইনালে খেলছিল ডাচ্রা। যদিও সেই সময়কার শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে তাদের পেরে ওঠা হয়নি। ’৯০ আইসিসি ট্রফিতেও এই নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ১৯৯৭ সালে এই নেদারল্যান্ডসকে শ্বাসরূদ্ধকর এক ম্যাচে হারিয়েই যে পরিষ্কার হয়েছিল বাংলাদেশের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা আর পরবর্তীকালে টেস্ট মর্যাদার স্বপ্নপূরণের পথ।
টিম ডি লিডি বাস ডি লিডির বাবা—খেলেছেন ১৯৯৬, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ। তিনি নেদারল্যান্ডস দলের অধিনায়কও ছিলেন। ২৯টি ওয়ানডে খেলে ব্যাট হাতে করেছেন ৪০০ রান। ফিফটি দুটি। বল হাতে নিয়েছেন ২৯ উইকেট। ২০০৩ বিশ্বকাপে এই টিম ডি লিডিই ভারতের বিপক্ষে বল হাতে ঝড় তুলেছিলেন। পার্লে তিনি ৩৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট। এর মধ্যে ছিল শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের উইকেট। তাঁর বাবা ফ্রান্স ডি লিডিও ক্রিকেট খেলেছেন। করেছেন আম্পায়ারিংও। নেদারল্যান্ডস ক্রিকেটে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। এই পরিবারে আরেক ক্রিকেটার আছেন। তিনি বাস ডি লিডির কাজিন বাবাতে—নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের সদস্য।
‘ডি লিডি’ পরিবারের কাছে নেদারল্যান্ডস ক্রিকেটের অনেক ঋণ। ক্রিকেটেরও। আইসিসির সহযোগী দেশগুলোয় এমন পরিবারগুলোই কিন্তু ক্রিকেটের তথাকথিত ‘বিশ্বায়ন’ প্রক্রিয়াকে বাঁচিয়ে রেখেছে। নয়তো ক্রিকেট হয়ে থাকত গুটিকয় দেশের ‘ঐতিহ্য’ হয়েই।