
টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উদ্যাপন নিয়ে বিতর্কে জড়ালেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই উদ্যাপনের সময় ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বেঙ্গালুরুর শিবাজি নগর থানায় হার্দিকের বিরুদ্ধে এই অভিযোগ করেন পুনের আইনজীবী ওয়াজিদ খান বিদকার। গতকাল শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা তাঁর লিখিত অভিযোগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেন ভারতীয় সংবাদমাধ্যমকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এরপর ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে মাঠে সতীর্থদের সঙ্গে উদ্যাপন করেন পান্ডিয়া।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওয়াজিদ খান অভিযোগ করেন, ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নাচের পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চে শুয়েও পড়েন পান্ডিয়া। এমন কর্মকাণ্ড জাতীয় পতাকা অবমাননার সমতুল্য এবং তাতে ১৯৭১ সালের ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’–এর বিধান লঙ্ঘিত হয়েছে বলেও মনে করেন এই আইনজীবী।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে ওয়াজিদ খান বলেন, ‘আপনারা টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখেছেনই নিশ্চয়ই। জয় উদ্যাপনে হার্দিক পান্ডিয়া তাঁর প্রেমিকার সঙ্গে নাচছিলেন। তখন তাঁর পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল… ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু হার্দিক পান্ডিয়া জয়ের উদ্যাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তাঁর প্রেমিকার সঙ্গে শুয়েছিলেন…আমার মতে, এটি জাতীয় পতাকার প্রতি অবমাননা।’
ওয়াজিদ খান এরপর বলেন, ‘আমি শিবাজি নগর থানায় একটি অভিযোগ করেছি। যখন অভিযোগ করতে গিয়েছিলাম, তারা আমাকে বলেছিল ঘটনাটি এখানে নয়, অন্য জায়গায় (আহমেদাবাদ) ঘটেছে। তখন আমি বলেছি, জাতীয় পতাকা পুরো জাতির প্রতীক, তাই শিবাজি নগর থানাতেই আমরা অভিযোগ করতে পারি। তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপিও দিয়েছে। এখন দেখি এরপর কী হয়। আমি অভিযোগটি করেছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারত ক্রিকেট দলের উদ্যাপনের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হার্দিক পান্ডিয়া তাঁর প্রেমিকা ও অভিনেত্রী মাহেইকা শর্মার সঙ্গে জয় উদ্যাপন করেছেন। কয়েকটি ক্লিপে তাঁদের ট্রফি হাতে নিয়ে নাচতে, ছবি তুলতে এবং আবেগঘন মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়। একটি ভিডিওতে আরও দেখা যায়, বিজয় উদ্যাপনের সময় মঞ্চের ওপর দুজন একসঙ্গে শুয়ে আছেন, তখন পান্ডিয়ার পিঠে জাতীয় পতাকা জড়ানো ছিল।
নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কারও কারও মতে, এমন উদ্যাপনে কোনো বাড়াবাড়ি করা হয়নি। কেউ কেউ আবার মনে করেন, বিজয় মঞ্চে আরেকটু সংযমী হওয়া উচিত ছিল।