ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক ওয়ার্নার

মাঠের ভেতরে তিনি বরাবরই ঝোড়ো, মেজাজি আর আগ্রাসী। কখনো প্রতিপক্ষের স্লেজিংয়ের জবাব দিতে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন, কখনো আবার ব্যাটে রান তুলে।

কিন্তু এবার অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার খবরে এলেন অন্য এক কারণে। সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন ৩৯ বছর বয়সী এই সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।

ঘটনাটি গত রোববারের। সিডনির পূর্বাঞ্চলীয় মারুব্রা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি চলছিল। নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্যমতে, একটি ভ্যানকে পুলিশি তল্লাশির ঠিক আগে থামতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা চালকের কাছে যান। চালকের আসনে ছিলেন ওয়ার্নার। সেখানেই প্রাথমিক পরীক্ষায় তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।

বর্তমানে ওয়ার্নার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন।

এরপর ওয়ার্নারকে গ্রেপ্তার করে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়বার পরীক্ষায় তাঁর শরীরে রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪। নিউ সাউথ ওয়েলসে গাড়ি চালানোর জন্য অ্যালকোহলের যে বৈধ মাত্রা নির্ধারিত আছে, ওয়ার্নারের রক্তে তা ছিল দ্বিগুণের বেশি।

আইন অনুযায়ী, রক্তে ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল থাকলে তাকে ‘মিড-রেঞ্জ’ অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই গুরুতর অপরাধেই তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ৭ মে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

বর্তমানে ওয়ার্নার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন। ২ এপ্রিল রাওয়ালপিন্ডিজের বিপক্ষে এক ম্যাচে ঝোড়ো হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন তিনি। এরপর টুর্নামেন্টে সাত দিনের বিরতি থাকায় ব্যক্তিগত কারণে সিডনিতে নিজ বাড়িতে ফিরেছিলেন ওয়ার্নার। সেই ছুটির মাঝখানেই ঘটল এই বিপত্তি।

তবে মাঠের বাইরে এমন বিতর্কিত হওয়ার পরও করাচি কিংসের সমর্থকেরা হয়তো স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। ৯ এপ্রিল করাচির ঘরের মাঠে দলের পরবর্তী ম্যাচ। জানা গেছে, এই গ্রেপ্তার বা আইনি জটিলতা তাঁর পাকিস্তান ভ্রমণে আপাতত বাধা হয়ে দাঁড়াচ্ছে না। নির্ধারিত সময়েই তিনি পিএসএলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।