ধ্রুব জুরেল আবারও একা লড়ে গেলেন। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে তাঁর ৮৮ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ভারত। শেষ তিন উইকেটে ১২৯ রান যোগ করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের লিড ১১০ রানে নামিয়ে আনে তারা।
এরপর বল হাতে যশপ্রীত বুমরারা ভালোই করেছেন। তবু ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। ৩ উইকেটে ১৩৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে দলটি। তৃতীয় দিন শেষে তাদের লিড ২৪৩ রান, হাতে রয়েছে আরও ৭ উইকেট।
৬ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শুরু করে ভারত। ম্যাট হেনরি দিনের প্রথম ওভারেই অংশুল কম্বোজকে ফিরিয়ে দিলে বড় লিডের সম্ভাবনা তৈরি হয় নিউজিল্যান্ডের সামনে। তবে ৪৮ ওভার পুরোনো বলে আগের মতো সুইং ও সিম মুভমেন্ট ছিল না। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ তিন উইকেটে প্রতিরোধ গড়ে তোলে ভারত।
ধ্রুব জুরেল আবারও প্রমাণ করেন, কঠিন পরিস্থিতিতে তিনি কতটা কার্যকর। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৯, ১০ ও ১১ নম্বরের ব্যাটসম্যানদের নিয়ে ৫০ বা তার বেশি রান যোগ করার কৃতিত্ব দেখান এই উইকেটকিপার ব্যাটসম্যান।
আকাশ দীপের সঙ্গে অষ্টম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন জুরেল। হেলমেটে দুটি আঘাত পাওয়ার পর আকাশ দীপের কনকাশনের উপসর্গ দেখা দেয়। তাঁর বদলি হিসেবে নামেন প্রসিধ কৃষ্ণা। এখানেও মোহাম্মদ সিরাজকে বিবেচনা করা হয়নি। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।
নবম উইকেটে গুরনুর ব্রারের সঙ্গে জুরেল যোগ করেন ৬৪ রান। ব্রার ৪৬ বল খেলে করেন ১০ রান। এরপর বুমরাকে নিয়ে শেষ উইকেটে আরও ১৯ রান যোগ করেন জুরেল। তাতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান।
জবাবে শুরুতেই টম ল্যাথামকে আউট করেন বুমরা। ল্যাথামকে আউট করে দীর্ঘ ২৯৬ বল পর উইকেটের দেখা পান বুমরা। পরে হেনরি নিকোলসকেও ফেরান এই পেসার।
অন্য প্রান্তে কনওয়ে নিজের খেলাটা খেলেছেন। শরীরে একাধিকবার বল লাগা এবং হাঁটুর ব্যথা নিয়েও ৯৭ বলে ৫১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দরের বলে যশস্বী জয়সোয়ালের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন কনওয়ে।
ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পেছনে দৌড়ে এক হাতে অসাধারণ ক্যাচটি নেন জয়সোয়াল। এরপর আর উইকেট নিতে পারেনি ভারত। রবীন্দ্র ৪৬ ও ড্যারিল মিচেল ৫ রানে অপরাজিত।