৩৬ বলে প্রয়োজন ৩১ রান, বাকি ৯ উইকেট। ক্রিজে থিতু লোকেশ রাহুল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কিনা সেই ম্যাচই হেরে বসল গুজরাট টাইটানসের কাছে! লক্ষ্ণৌয়ে গতকাল স্বাগতিকদের এমন হারের পর আরেকবার আলোচনায় এসেছে অধিনায়ক রাহুলের ব্যাটিংয়ের ধরন।
১৩৬ রানের লক্ষ্যে কাইল মেয়ার্সের সঙ্গে ওপেনিং জুটিতেই রাহুল তোলেন ৬.৩ ওভারে ৫৫ রান। লক্ষ্ণৌ তিনে পাঠায় ক্রুনাল পান্ডিয়াকে, তাঁর সঙ্গে আরেকটি ৫০ রানের জুটি গড়েন রাহুল। তবে লক্ষ্ণৌয়ের ধীরগতির উইকেটে ৩৮ বলে ফিফটি করার পর নিজেকে খোলসবন্দী করে ফেলেন রাহুল, পরের ২৩ বলে তোলেন মাত্র ১৬ রান।
বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ, পেসার মোহাম্মদ শামি ও মোহিত শর্মা গুজরাটকে এনে দেন অভাবনীয় এক জয়। শেষ ওভারের দ্বিতীয় বলে তুলে মারতে গিয়ে ক্যাচ তোলা রাহুল ফেরেন ৬১ বলে ৬৮ রান করে, শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্ণৌ ম্যাচ হারে ৭ রানে।
লক্ষ্ণৌ কীভাবে এ ম্যাচ হারল, সাবেক ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ সেটিই বুঝে উঠতে পারছেন না। টুইটারে রাহুলকেও ধুয়ে দিয়েছেন তিনি, ‘৯ উইকেট হাতে নিয়ে ৩৫ বলে ৩০ রান দরকার, এমন রান তাড়ায় গুবলেট পাকাতে হলে আপনার ব্যাখ্যাতীত ব্যাটিং করতে হবে। ২০২০ সালে পাঞ্জাবের সঙ্গে এমন হয়েছিল, তারা এমন কয়েকটি ম্যাচ হেরেছিল, যেগুলো সহজেই জেতা উচিত ছিল। গুজরাট বোলিংয়ে দুর্দান্ত ছিল, হার্দিকের (পান্ডিয়া) অধিনায়কত্ব স্মার্ট ছিল। তবে রাহুলের খেলা ছিল মস্তিষ্কহীনের মতো।’
এ ম্যাচে রাহুলের ব্যাটিং তাঁর স্ট্রাইক রেট ও খেলার ধরন নিয়ে আলোচনাই উসকে দিয়েছে আরেকবার। পরিসংখ্যান বলছে, আইপিএলে ২৬ বার ৫০ বা তার বেশি বলের ইনিংস খেলেছেন রাহুল। এর মধ্যে তাঁর দল হেরেছে ১২ বার। আইপিএলে এমন হারের রেকর্ড নেই আর কারও।
সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টম মুডি অবশ্য লক্ষ্ণৌয়ের এমন হারে রাহুলের দায় দেখেন না। পুরো দলের কৌশলই ব্যর্থ হয়েছে বলে মত তাঁর। ক্রিকইনফোর এক ভিডিও শোতে মুডি বলেন, ‘সত্যি বলতে কী, আমার মনে হয় না লোকেশ রাহুলকে দোষ দেওয়ার মতো কিছু আছে। দলই আসলে তাঁকে ডুবিয়েছে। সে এবং কাইল মায়ার্স টপ অর্ডারে আদর্শ মঞ্চটাই গড়ে দিয়েছিল রান তাড়ায়। ক্রুনাল পান্ডিয়ার তিনে আসা উচিত ছিল কি না, সেটি বাদ দিন। তার অবদানও যথেষ্টই ছিল। তবে বাকি দল, এটির কাঠামো যেমন, ব্যাটিং অর্ডারের কৌশল যেমন—সেগুলোই আসলে পার্থক্য গড়ে দিয়েছে।’
আর রাহুল ম্যাচ শেষে নিজে একাধিকবার বলেছেন, কীভাবে কী হলো, সেটি তিনিও বুঝে উঠতে পারেননি। তবে তাঁর দল যে ব্যাটিংয়ে সুযোগ হারিয়েছে, সেটি স্বীকার করে নিয়েছেন তিনি, ‘হয়তো আরও কিছু সুযোগ নিতে হতো। নতুন ব্যাটারদের জন্য উইকেট সহজ ছিল না, থিতু হওয়া ব্যাটারদেরই ম্যাচ শেষ করে আসতে হতো। শেষ দিকে আমরা বাউন্ডারির কিছু সুযোগ হারিয়েছি। আমাদের জেতা উচিত ছিল।’