ধূমকেতু একাদশের হয়ে অনুশীলন করছেন মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান
ধূমকেতু একাদশের হয়ে অনুশীলন করছেন মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান

অদম্য বাংলাদেশ টুর্নামেন্টে বিশ্বকাপ না খেলার হতাশা ঘুচবে তো

মিরপুরে একাডেমি মাঠে দারুণ ব্যস্ততা। ক্রিকেটাররা অনুশীলন করছেন, অনুশীলনের ফাঁকে গল্প-আড্ডাও চলছে। এর মধ্যেই সেখানে হাজির বিসিবির কয়েকজন পরিচালক। তাঁদের সঙ্গে ক্রিকেটারদের কী কথাবার্তা হলো, দূর থেকে বোঝার উপায় নেই। কিন্তু সেই কথোপকথন হলো বেশ দীর্ঘ।

শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠেও চলছিল প্রস্তুতি। আলোকসজ্জা কেমন হবে দেখা হচ্ছিল তা, সম্প্রচারকেরা গুছিয়ে নিচ্ছিল শেষ মুহূর্তের কাজ। সবকিছু ঠিকঠাক হচ্ছে কি না, এদিক-ওদিক ঘুরে তা দেখছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আজ শুরু অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের জন্য কাল এত আয়োজনের ভিড়েও ক্রিকেটাররা লুকাতে পারেননি তাঁদের মন খারাপের ভাবটা। 

এত প্রাইজামনি আর আয়োজনের কথা তুলতেই বিশ্বকাপ দলে থাকা এক ক্রিকেটার বললেন, ‘এত আয়োজন দিয়ে তো আর বিশ্বকাপ না খেলার দুঃখ ভোলা যাবে না। তবু এটা একটা টুর্নামেন্ট, ওভাবেই খেলতে হবে।’

কেন এই মন খারাপ, সে প্রশ্নের উত্তর আছে তিন দলের এই টুর্নামেন্ট আয়োজনের প্রেক্ষাপটেই। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাশঙ্কার কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচগুলো বিসিবি খেলতে চেয়েছিল শ্রীলঙ্কায়। কিন্তু আইসিসি তা মেনে না নেওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপেই খেলা হচ্ছে না বাংলাদেশের। 

নিরাপত্তার শঙ্কা যেহেতু, বিশ্বকাপ না খেলার বাস্তবতা মেনে নিয়েছেন ক্রিকেটাররাও। কিন্তু মুদ্রার উল্টো পিঠে আছে হতাশাও। শুধু তো মাঠের ক্রিকেট নয়, বিশ্বকাপ খেলতে না পারায় বড় অঙ্কের আর্থিক ক্ষতিও যে হচ্ছে ক্রিকেটারদের! সরকারের পরামর্শে সে কারণেই অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের আয়োজন করছে বিসিবি। ৪ ম্যাচের এই টুর্নামেন্টে শুধু পুরস্কার ও ম্যাচ ফি বাবদই ক্রিকেটাররা পাবেন ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা।

দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে আকবর আলী

কিন্তু সব ক্ষতি তো আর আর্থিকভাবে পুষিয়ে নেওয়া যায় না। দুই বছর ধরে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজিয়ে এগিয়েছে দল। ক্রিকেটাররাও নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে আশায় ছিলেন বিশ্বকাপে কিছু করার। কিন্তু সবই ভেস্তে গেছে গত কিছুদিনের ঘটনাপ্রবাহে।

বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের মন খারাপটা যে এখনো রয়ে গেছে, কাল সেটি বোঝা গেছে ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের কথায়। জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে থাকা সালাহউদ্দীনের দলেই খেলবেন বিশ্বকাপ দলের ১২ ক্রিকেটার। অসুস্থতার কারণে কাল তাসকিন আহমেদ টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলে ১৩ জনের সবাই-ই থাকতেন বিশ্বকাপ দলের ক্রিকেটার।

সালাহউদ্দীন বলেছেন, ‘সত্যি বলতে, এটা আসলে মাথা থেকে সরানো অনেক কঠিন। সবাইকে তো মানসিকভাবে শক্তিশালী বলা যাবে না। হতাশা কাটানোও মুশকিল।’ সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘কিন্তু আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনার ক্ষতি ছাড়া অন্য কিছু করছেন না।’

সব ভুলে ক্রিকেটাররা এই টুর্নামেন্টের খেলাতেই মনোযোগী হবেন বলেও আশা সালাহউদ্দীনের। আজ টুর্নামেন্টের প্রথম দিন সন্ধ্যা ছয়টায় ধূমকেতু একাদশের সঙ্গে দুরন্ত একাদশের ম্যাচ দিয়েই শুরু হবে অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি।

দুরন্তর কোচ হান্নান সরকার অবশ্য এভাবে ভাবতেই চাইছেন না যে এই টুর্নামেন্ট বিশ্বকাপের বদলে হচ্ছে। তরুণদের পারফরম্যান্স নিয়েই বরং তাঁর রোমাঞ্চটা বেশি, ‘আমার দলে পারফর্ম করার ক্ষুধা আছে, এমন খেলোয়াড় বেশি। তারা ভালো খেলার জন্য মরিয়া হয়ে আছে।’ সপ্তাহখানেক আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা আজিজুল হাকিম, জাওয়াদ আবরার আর ইকবাল হোসেন আছেন হান্নানের দলে।

লিটন দাসের নেতৃত্বে ধূমকেতুতে জাতীয় দল, নাজমুল হোসেনের দুর্বারে ‘এ’ দল আর আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশে প্রাধান্য দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটারদের। দলগুলোর সঙ্গে দুজন করে বিসিবি পরিচালককে রাখা হয়েছে ‘মেন্টর’ হিসেবে—ধূমকেতুতে রুবাবা দৌলা ও আবদুর রাজ্জাক; দুর্বারে শানিয়ান তানিম ও আবুল বাশার এবং দুরন্ততে খালেদ মাসুদ ও আসিফ আকবর।

লিটন দাসের নেতৃত্বে খেলবে ধূমকেতু একাদশ

খেলার আগে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক আয়োজন। আজ প্রথম দিন বিকেল চারটা থেকে গান গাইবে ওয়ারফেজ ব্যান্ড। দর্শকদের টিকিট কেটে স্টেডিয়ামে ঢুকতে হলেও শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যেই খেলা দেখতে পারবেন। চার দলের এই টুর্নামেন্টের জন্য পৃষ্ঠপোষক হিসেবে রিমার্ককে পেয়েছে বিসিবি। টুর্নামেন্টের ম্যাচগুলোর থাকছে স্বীকৃত টি-টুয়েন্টির মর্যাদা। আইপিএলের ‘ইম্প্যাক্ট সাবের’ আদলে প্রথম ইনিংসের পর নামানো যাবে ‘সুপার সাব’। এখন মাঠের লড়াইটা ঠিকঠাক হলেই হয়তো বিশ্বকাপ না খেলার ‘মন খারাপ’ কিছুটা কাটানো যাবে!

অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টির সূচি—

তারিখ ম্যাচ সময়

৫ ফেব্রুয়ারি ধূমকেতু-দুরন্ত সন্ধ্যা ৬টা

৬ ফেব্রুয়ারি ধূমকেতু-দুর্বার সন্ধ্যা ৬টা

৭ ফেব্রুয়ারি দুর্বার-দুরন্ত সন্ধ্যা ৬টা

৯ ফেব্রুয়ারি ফাইনাল সন্ধ্যা ৬টা

* সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে

কোন দলে কারা

ধূমকেতু একাদশ

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

দুর্বার একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), হাবিবুর রহমান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, তানভীর ইসলাম, আলিস ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ ও আল ফাহাদ।

দুরন্ত একাদশ

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আজিজুল হাকিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন।

প্রাইজমানি

চ্যাম্পিয়ন ১ কোটি টাকা

রানার্সআপ ৪০ লাখ

ম্যান অব দ্য টুর্নামেন্ট ৫ লাখ

সেরা ব্যাটসম্যান ৩ লাখ

সেরা বোলার ৩ লাখ

ম্যান অব দ্য ম্যাচ ১ লাখ

ম্যাচ ফি ৫০ হাজার

ম্যাচ জিতলে বোনাস ১০ লাখ

কোথায় দেখবেন

টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে সব ম্যাচ।

* স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাব হাউস স্ট্যান্ডে বিনা মূল্যে দেখতে পারবেন খেলা। তবে মাঠে আসতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে অথবা থাকতে হবে আইডি কার্ড।