
আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তারকা ডিয়ান্ড্রা ডটিন। নারী–পুরুষ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন এই অলরাউন্ডার।
গত পরশু গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ২০৯ রান তাড়া করতে নেমে এই নাটকীয় ঘটনার জন্ম দেন ডটিন, যার মাশুল দিতে হয়েছে দলকে। শেষ পর্যন্ত ১৪ রানে ম্যাচটি হেরে যায় ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩০তম ওভারে ঘটে এই ঘটনা। এর আগে ২৪.১ ওভারে মাত্র ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকেরা।
দ্রুতই শেমাইন ক্যাম্পবেল বিদায় নিলে দলের স্কোর দাঁড়ায় ৯৩/৫। ষষ্ঠ উইকেটে জ্যানিলিয়া গ্লাসগোর সঙ্গে ২৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন ডটিন। ঠিক তখনই ঘটে সেই বিতর্কিত কাণ্ড।
শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর লেগ সাইড দিয়ে করা ওয়াইড বল সুইপ করার চেষ্টা করেন ডটিন। বলটি তাঁর ব্যাটে না লেগে উইকেটরক্ষকের প্যাডে লেগে ডটিনের মাথার ওপর দিয়ে সামনে চলে আসে।
ডটিন মাটিতে পড়তে দেননি বলটিকে, ব্যাটের হালকা টোকায় বলটিকে একটু ওপরে উঠিয়ে বাঁ হাতের গ্লাভস দিয়ে ধরে ফেলেন। শ্রীলঙ্কান উইকেটরক্ষক বলটি ধরার জন্য তখন সামনে এগিয়ে আসছিলেন। শ্রীলঙ্কার আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।
ধারা ৩৭.১.২: একজন ব্যাটসম্যান বল খেলার সময় ব্যাট ধরেননি এমন হাত দিয়ে যদি ইচ্ছাকৃতভাবে বল স্পর্শ করেন, তবে তিনি ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হবেন। এটি বলের প্রথম আঘাত হোক বা পরবর্তী কোনো স্পর্শ—সব ক্ষেত্রেই প্রযোজ্য। নিজের উইকেট বাঁচাতে বল রিসিভ করা বা একাধিকবার বল আঘাত করার সময়ও এই নিয়ম কার্যকর থাকে।
ধারা ৩৭.৩.১: যদি ডেলিভারিটি নো বল না হয় এবং কোনো ব্যাটসম্যান যদি ইচ্ছাকৃতভাবে বাধা দিয়ে বা ফিল্ডারের মনোযোগ নষ্ট করে ক্যাচ ধরায় বাধা দেন, তবে তিনি আউট হবেন।
যদিও আম্পায়ার বলটিকে ওয়াইড ডেকেছিলেন, তবু একটি বড় যুক্তি এখানে কাজ করেছে। যদি উইকেটরক্ষক রিবাউন্ড থেকে আসা বলটি লুফে নিতেন এবং রিপ্লেতে দেখা যেত যে বলটি যাওয়ার সময় ডটিনের ব্যাটে লেগেছিল, তবে তিনি ক্যাচ আউট হতেন।
কিন্তু ডটিন নিজেই হাত দিয়ে বলটি ধরে ফেলায় ফিল্ডারের সেই সুযোগটি নষ্ট হয়। আর এই কারণেই তাঁর বল ধরার কাজটিকে ইচ্ছাকৃত বাধা হিসেবে দেখা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে এভাবে আউট হলেন ডটিন। পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ জন ব্যাটসম্যান এই আউটের শিকার হয়েছেন।
তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে ডটিনই প্রথম খেলোয়াড় (নারী ও পুরুষ মিলিয়ে), যিনি আন্তর্জাতিক ম্যাচে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন। এর আগে ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে ডেসমন্ড হেইন্স ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছিলেন, যা বর্তমানে এই আউটের নিয়মেই অন্তর্ভুক্ত করা হয়েছে।