মাঠের ক্রিকেটে বদল আনলেও বাইরে চলছে বিতর্ক
মাঠের ক্রিকেটে বদল আনলেও বাইরে চলছে বিতর্ক

ইংল্যান্ডের ক্রিকেট সংস্কৃতি ‘বাঁচাতে’ দরকার ২০০ কোটি টাকা

‘দ্য ইনডিপেনডেন্ট কমিশন ফর ইকুইটি ইন ক্রিকেট (আইসিইসি)’-এর বহুল প্রতীক্ষিত প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বর্ণবাদ, ধর্মীয় বিদ্বেষ, নারী-পুরুষের বেতন-ভাতায় চূড়ান্ত বৈষম্য—সব মিলিয়ে ইংল্যান্ডের ক্রিকেট সংস্কৃতি পচে গেছে বলে দাবি করা হয়েছে সেই প্রতিবেদনে। শুধু তা-ই নয়, এসব সমস্যার সমাধানে প্রতিবেদনে ৪৪টি সুপারিশ করেছে কমিশন। আর এই সুপারিশগুলো বাস্তবায়নে ইসিবির খরচ হবে দেড় কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৬ কোটি ১৪ লাখ টাকা)।

‘দ্য টাইমস’ জানিয়েছে, সুপারিশগুলো আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে ইসিবি। তবে এগুলো বাস্তবায়নে মোটা অঙ্কের খরচের কথাও স্বীকার করেছে সংস্থাটি। এই খরচের হিসাব-নিকাশটি করেছে ‘ওকওয়েল স্পোর্টস অ্যাডভাইজরি’, যা দেখেছে টাইমস। ৩১৩ পৃষ্ঠার এই প্রতিবেদনে দুটি বিষয়ে সবচেয়ে বেশি খরচ হবে ইসিবির। এক. নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতনের ফারাক কমানো। দুই. কাউন্টিতে বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভা অন্বেষণ কর্মসূচি বিনা মূল্যে বাস্তবায়ন করা।

ওকওয়েল জানিয়েছে, নারী ক্রিকেটারদের চুক্তির অঙ্ক ও ম্যাচ ফি বাড়িয়ে পুরুষ ক্রিকেটারদের আয়ের সমান করতে প্রায় আড়াই কোটি পাউন্ড খরচ হবে ইসিবির। নারী ও পুরুষ ক্রিকেটারদের দ্য হানড্রেড প্রতিযোগিতায় খরচ হবে আরও ৬০ লাখ পাউন্ড এবং কাউন্টিতে ছেলে ও মেয়েদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি বিনা মূল্যে করতে ৪০ লাখ পাউন্ডের তহবিলও রাখতে হবে।

ক্রিকেট সংস্কৃতিতে পছন নিয়ে কথা বলেছেন বেন স্টোকসও

এখন কাউন্টি দলগুলো সর্বোচ্চ ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে প্রতিভা অন্বেষণে টাকা নিয়ে থাকে। ওকওয়েল জানিয়েছে, ইসিবি এমনিতেই আর্থিকভাবে চাপে থাকবে। কারণ, তাদের আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়াতে হবে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের সঙ্গে আগে থেকে কয়েক মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে ইসিবির।
দ্য টাইমস জেনেছে, ইংল্যান্ডের অন্তত পাঁচ ক্রিকেটারকে আইপিএল থেকে একাধিক বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

তাঁদের মধ্যে জস বাটলারও আছেন। প্রস্তাবিত এই চুক্তি টাকার অঙ্কে ৫০ লাখ পাউন্ড থেকে ৭০ লাখ পাউন্ড হবে। ইসিবি আগেই স্বীকার করেছে, এসব খেলোয়াড় ধরে রাখতে বড় অঙ্কের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়ার পাশাপাশি ম্যাচ ফিও বাড়াতে হবে। স্কাই স্পোর্টসের সঙ্গে সম্প্রচার চুক্তি থেকে সবচেয়ে বেশি আয় করে ইসিবি, বছরে যা ২২ কোটি পাউন্ড। এটি ২০২৮ সাল পর্যন্ত হলেও এরপর সম্প্রচার চুক্তি থেকে ইসিবি কত টাকা পাবে, সেটি অনিশ্চিত।