সেঞ্চুরির পথে শট খেলছেন সাহিবজাদা ফারহান
সেঞ্চুরির পথে শট খেলছেন সাহিবজাদা ফারহান

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

বিরাট কোহলির টি-টুয়েন্টি অভিষেক ২০০৭ সালে দিল্লির হয়ে। এই সংস্করণে কোহলির প্রথম সেঞ্চুরি পেতে সময় লাগে ৯ বছর। ২০১৬ আইপিএলে গুজরাট লায়নসের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পান। অর্থাৎ কোহলি তাঁর টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি পেয়েছেন গত এক দশকে।

সাহিবজাদা ফারহানের ক্যারিয়ারে তাকানো যাক। ২০১৩ সালে জেটিবিএলের হয়ে তাঁর টি-টুয়েন্টি অভিষেক। কোহলির মতোই এ সংস্করণে প্রথম সেঞ্চুরি পেতে ৯ বছর অপেক্ষা করতে হয় পাকিস্তানের এই ওপেনারকে। ২০২২ সালে ন্যাশনাল টি২০ কাপে ঘরোয়া টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পান ফারহান। তারপর গত চার বছরে এই সংস্করণে গুনে গুনে ৯টি সেঞ্চুরি করলেন। এর মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করে কোহলির পাশে বসেন মুলতান সুলতানসের এই ব্যাটসম্যান।

টি-টুয়েন্টিতে সেঞ্চুরিসংখ্যায় এখন কোহলি ও ফারহান সমান। তবে একটি জায়গায় ফারহানের চেয়ে পিছিয়ে ভারতীয় কিংবদন্তি। কোহলি তাঁর টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি পেয়েছেন সর্বশেষ ১০ বছরে, আর ফারহান সমানসংখ্যক সেঞ্চুরিই পেলেন গত চার বছরে!

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ফারহান এখন যৌথভাবে চতুর্থ। কোহলি ছাড়াও ৯টি সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর। ২০১৯ বিপিএলে এ সংস্করণে প্রথম সেঞ্চুরিটি পান রুশো। অর্থাৎ, গত ৭ বছরে ৯টি সেঞ্চুরি পেয়েছেন রুশো। সে ক্ষেত্রে কোহলি ও রুশোর চেয়ে দ্রুততম সময়ে ৯টি সেঞ্চুরি পেয়েছেন ফারহান।

ম্যাচসেরাও হন ফারহান

টি-টুয়েন্টি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কার, তা সম্ভবত সবারই জানা। ১৭ বছরের (২০০৫-২০২২) ক্যারিয়ারে ২২ সেঞ্চুরি নিয়ে শীর্ষে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ১১ সেঞ্চুরি নিয়ে দুইয়ে পাকিস্তানের বাবর আজম।

২০১২ সালে এ সংস্করণে অভিষিক্ত বাবর প্রথম সেঞ্চুরি পান দুই বছর পর ২০১৪ সালের সেপ্টেম্বরে। অর্থাৎ ১১ সেঞ্চুরি করতে প্রায় এক যুগ সময় লেগেছে বাবরের। ফারহান সেখানে মাত্র চার বছরে ৯ সেঞ্চুরি করে বাবরের পর পাকিস্তানের হয়ে এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন।

ইনিংসের হিসাবেও সেঞ্চুরি করায় কোহলি ও রুশোর চেয়ে বেশি ধারাবাহিক ফারহান। কোহলি যেখানে ৩৯৮ ইনিংসে এবং রুশো ৩৭৭ ইনিংসে ৯ সেঞ্চুরি পেয়েছেন, ফারহান সেখানে মাত্র ১৬০ ইনিংসেই তাঁদের ছুঁয়ে ফেললেন। ৯ সেঞ্চুরি করতে কোহলির চেয়ে ২৩৮ ইনিংস কম খেলেছেন ফারহান, রুশোর চেয়ে ২১৭ ইনিংস।

বাবর টি-টুয়েন্টি ক্যারিয়ারে ১৭তম ইনিংসে প্রথম সেঞ্চুরি পান। এখান থেকে হিসাব করলে ১১ সেঞ্চুরি করতে বাবর খেলেছেন ৩১৯ ইনিংস (মোট ৩৩৬ ইনিংস)। কোহলি টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৩৯৮ ইনিংস খেলেছেন। কিন্তু প্রথম সেঞ্চুরিটি পান ১৮১তম ইনিংসে। এখান থেকে ৯ সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ২১৭ ইনিংস।

রুশো এই সংস্করণে ৩৭৭ ইনিংস খেলেছেন। প্রথম সেঞ্চুরি পান ১৪৩তম ইনিংসে। অর্থাৎ পরবর্তী ২৩৪টি ইনিংসের মধ্যে ৯ সেঞ্চুরি পান রুশো। ফারহান প্রথম সেঞ্চুরি পান এই সংস্করণে তাঁর ৫৮তম ইনিংসে। অর্থাৎ পরবর্তী ১০২ ইনিংসের মধ্যে মোট ৯টি সেঞ্চুরির দেখা পেলেন। এসব পরিসংখ্যান বলছে, ফারহান যেভাবে এগোচ্ছেন, সেটা ধরে রাখতে পারলে সামনে অনেক কীর্তিই গড়বেন।

হায়দরাবাদের বিপক্ষে মুলতানের ৬ উইকেটের জয়ে ফারহানের অপরাজিত ১০৬ রানের ইনিংসটি এবার পিএসএলে প্রথম সেঞ্চুরি। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ফারহান এ টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরিও করেন।