ইংল্যান্ডের ক্রিকেটারদের উদ্‌যাপন
ইংল্যান্ডের ক্রিকেটারদের উদ্‌যাপন

পাকিস্তানকে তিন দিনেই হারিয়ে দিল ইংল্যান্ড

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ লিখেই দিয়েছে, ‘৫০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বাজে দল এটা।’ কথাটা যে ঠিক নয়, তা প্রমাণের দায়িত্ব পাকিস্তান দলের। তবে হেডিংলিতে উল্টো ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তিন দিনের মধ্যে ইনিংস ও ১০৩ রানে হেরে গেছে পাকিস্তান। এমন হারের পর ‘সবচেয়ে বাজের’ আলোচনাটা আরও জোরালো হওয়ার কথা।

পাকিস্তানের হারটা অবশ্য পরশু টেস্টের দ্বিতীয় দিন শেষেই একরকম লেখা হয়ে গিয়েছিল। ২ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শেষে ১৯৫ রানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জফরা আর্চারের ২৫ বলে খেলা ২৩ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৪০৯ রান করে লিডটাকে ২৩৮ রানে নিয়ে যায় ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানের আসল পরীক্ষাটা ছিল ইনিংস হার এড়ানোর। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসকেও ছাড়িয়ে গেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।

ইংল্যান্ডের বোলাররা গতি, সুইং আর টানা স্টাম্প বরাবর বল করে গেছেন। আর তাতেই পাকিস্তানের ব্যাটসম্যানরা আরও চাপে পড়ে গেছেন। দ্বিতীয় ওভারেই শূন্য রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান ১৩ রানে হারিয়ে ফেলে দ্বিতীয় উইকেট। দুটি উইকেটই নিয়েছেন ইংলিশ পেসার জফরা আর্চার। এরপর শান মাসুদের সঙ্গে আবদুল্লাহ শফিকের ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। ওলি রবিনসন শফিককে ফিরিয়ে জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ৩৭.৩ ওভারে ১৩৫ রানে অলআউট পাকিস্তান।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান এসেছে সাতে নামা মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি ৩৯ বলের ৪১ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট সমানভাবে ভাগ করে নিয়েছিলেন ওলি রবিনসন ও জশ টং। এবার তাঁদের সঙ্গে ভাগ বসিয়েছেন আর্চার ও গাস আটকিনসনও। রবিনসন, টং আর জফরা পেয়েছেন ৩টি উইকেট করে, অন্যটি আটকিনসনের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ২০ উইকেটের সবগুলোই নিয়েছেন ইংল্যান্ডের পেসাররা।

তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় টেস্ট লর্ডসে ২৭ আগস্ট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৭১ ও ৩৭.৩ ওভারে ১৩৫ (রিজওয়ান ৪১, মাসুদ ২৯, শফিক ১৫; রবিনসন ৩/২৯, আর্চার ৩/৫০, টং ৩/৪৩) ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৯.৫ ওভারে ৪০৯ (ব্রুক ৯১, কক্স ৭৩, রুট ৬৬, লরেন্স ৫১, গে ৩৩, আর্চার ২৩*; আলী উসমান ৫/৯২, খুররম শেহজাদ ৩/১৩৩)। ফল: ইংল্যান্ড ইনিংস ও ১০৩ রানে জয়ী। ম্যাচসেরা : রবিনসন