ছিলেন ‘এ+’ ক্যাটাগরিতে, নামিয়ে দেওয়া হয়েছে ‘এ’তে। ক্যাটাগরির অবনমন মানে বেতনও কমে যাওয়া। তার মানে যশপ্রীত বুমরার বেতন একঝটকায় বছরে ২ কোটি রুপি কমে যাচ্ছে।
কিন্তু যে খেলোয়াড় ভারতকে একের পর এক টুর্নামেন্ট জেতাতে অন্যতম সেরা অবদান রাখছেন, তিন সংস্করণেই যিনি সমানতালে খেলে যাচ্ছেন, ক্যারিয়ারের চূড়ায় থাকা এমন একজনের বেতন এত বেশি পরিমাণে কমে যাওয়া কি যৌক্তিক? যেখানে ভালো খেললে বেতন বাড়ে, কেন্দ্রীয় চুক্তির প্রমোশন ঘটে, সেখানে বুমরার ‘এ+’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেমে যাওয়া কি তাঁর প্রতি অবিচার হয়ে যাচ্ছে না?
বুমরাকে ঘিরে প্রশ্নগুলো ওঠার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি। গত মাসে ২০২৫-২৬ মৌসুমের জন্য ৩০ খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে বিসিসিআই। দেখা গেছে, আগের মৌসুমে ‘এ+’ ক্যাটাগরি থাকলেও এবার নেই। এ বছর সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’। বিসিসিআই বলেছে ‘এ+’ ক্যাটাগরি পর্যন্ত পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় এবার সেটি বাদ দেওয়া হয়েছে।
‘এ+’ ক্যাটাগরিতে সর্বশেষ মৌসুমে ছিলেন চারজন। বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরা ও রবীন্দ্র জাদেজা। সাধারণত সর্বোচ্চ ক্যাটাগরিতে তাদেরই রাখা হয়, যারা তিন সংস্করণের দলেই নিয়মিত এবং অন্তত একটি সংস্করণের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে অবস্থান করেন।
বিসিসিআইয়ের সর্বশেষ চুক্তির ‘এ+’ ক্যাটাগরিতে থাকা কোহলি ও রোহিত এরই মধ্যে টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন। জাদেজা ছেড়ে দিয়েছেন টি-টুয়েন্টি। এ কারণে ‘এ+’ ক্যাটাগরিতে শুধু বুমরাই থাকেন। একজনের জন্য ক্যাটাগরি না করে তাঁকে পরের ধাপ ‘এ’তে নামিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আছেন জাদেজা এবং টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুবমান গিল।
এখন জটিলতা তৈরি হয়েছে বুমরার বেতন নিয়ে। সর্বশেষ চুক্তিতে ‘এ+’ ক্যাটাগরির খেলোয়াড়েরা পেতেন বার্ষিক সাত কোটি রুপি, ‘এ’ ক্যাটাগরি পাঁচ কোটি রুপি। এর অর্থ, বুমরার বেতন কমে যাচ্ছে ২ কোটি রুপি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, চলতি মৌসুমে যে খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করা হয়েছে, তাঁদের সঙ্গে বেতনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি বিসিসিআই। অর্থাৎ আগের কাঠামো বহাল থাকলে বুমরার আয় কমতে যাচ্ছে।
তবে বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ড অভ্যন্তরীণ সমন্বয়ের কথা ভাবছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বোর্ড বুমরাকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, তা বের করার চেষ্টা করছে। তার পারিশ্রমিক সাত কোটি রুপি থেকে কমিয়ে পাঁচ কোটি রুপি করাটা যে অন্যায্য হবে, তা অনুমেয়। আরও কিছু খেলোয়াড় আছেন, যাঁরা পারফরমার হওয়া সত্ত্বেও নিচের গ্রেডে নেমে গেছেন বলে মনে হচ্ছে। চুক্তির মূল্যায়নে একটি সংশোধন আসতে পারে।’
এ দিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বুমরাকে চলতি মৌসুমের অধিকাংশ টি-টুয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। কারণ, ভারতের লক্ষ্য এখন ২০২৭ বিশ্বকাপ, যে কারণে ওয়ানডে নিয়ে মনোযোগ বেশি।