পাকিস্তানের কাছে সেমিফাইনাল হারের পর এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র আশা ছিল ব্রোঞ্জ জেতা। কিন্তু আজ ব্রোঞ্জ জেতার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে গেছে বাংলাদেশ। আইচি–নাগোয়ায় এবারের এশিয়ান গেমসে উশুতে পাওয়া ব্রোঞ্জই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি।
কোরোগি স্পোর্টস পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রান তাড়া করতে নেমে ১০২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এমন হারের ব্যাখ্যা কী? ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলে দিলেন সোজাসাপটাই, ‘হারের ব্যাখ্যা, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’
শ্রীলঙ্কাকে শুরুতেই চাপে ফেলেছিল বাংলাদেশ। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের রান ছিল ৫১। সেখান থেকে থারিন্দু রত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কা তুলে ফেলে ১৬৫ রান। ম্যাচ শেষে এই লঙ্কান ব্যাটসম্যানকেই কৃতিত্ব দিয়েছেন লিটন, ‘সে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলারদের কোনো ক্লু ছিল না যে কীভাবে ঘুরে দাঁড়াবে। কৃতিত্ব তাকে দিতেই হয় যে অসাধারণ ইনিংস খেলেছে।’
এশিয়ান গেমসে এবার সোনা জয়ের স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। লিটন যদিও বারবার বলেছিলেন, আগে ফাইনালে উঠতে চান তাঁরা। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় তা হয়নি। এখন শ্রীলঙ্কার কাছে হারের পর প্রথমবার এশিয়ান গেমস থেকে ফিরতে হচ্ছে পদক ছাড়া।
এ নিয়ে হতাশা আছে লিটনেরও, ‘খুবই খারাপ (ফল হয়েছে)। এখানে অনেক বড় লক্ষ্য নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, আরেকটা (ব্রোঞ্জ জেতার) বিকল্প ছিল। সুযোগটা আমরা মিস করেছি। ভালো ক্রিকেট খেলতে পারিনি।’
অধিনায়ক লিটন নিজেও ব্যাট হাতে ভালো করতে পারেননি। আগের ম্যাচে ২ রান করার পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়েছেন শূন্য রানেই। নিজের পারফরম্যান্স নিয়েও অধিনায়কের সহজ স্বীকারোক্তি, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক। আমি দুটো ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’
এমন স্বীকারোক্তির পর তাঁর অধিনায়ক হিসেবে পদত্যাগ নিয়েও প্রশ্ন হয়। তবে লিটন বলেন, ‘পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে উত্থান–পতন থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে পদত্যাগের তো কিছু নেই।’