বিপিএল দর্শকদের উসমান খানের নাম মনে থাকার কথা।
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন খুলনা টাইগার্সের আজম খান। কিন্তু খুলনা সেদিন জিততে পারেনি। পাল্টা সেঞ্চুরি করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জিতিয়ে দিয়েছিলেন উসমান খান। ২৮ বছর বয়সী এই উসমান পাকিস্তানের ক্রিকেটার, জন্ম ও বেড়ে ওঠা করাচিতে।
তবে জন্মভূমির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না উসমান। তাঁর ইচ্ছা, সংযুক্ত আরব আমিরাতের জার্সি পরা। শুধু আমিরাতের হয়ে খেলাই নয়, তিনি পাকিস্তানের বিপক্ষে খেলে নিজের ‘প্রতিভা’ দেখিয়ে দেওয়ার দিনও গুনছেন বলে জানিয়েছেন।
পাকিস্তানকে ‘দেখিয়ে দেওয়া’র কথায় যে অভিমান আছে, তা সহজেই বোঝা যাচ্ছে। কেন সেই অভিমান, সেটিই বলেছেন সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে, ‘পাকিস্তানে কেউ আমার দিকে তাকিয়েও দেখে বলে মনে হয় না। সেখানে আমি একটা সুযোগও পাইনি। এ কারণে আমি অন্য কোথাও সুযোগ নিতে চাই।’
সুযোগের মাধ্যম হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছেন উসমান। সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব খেলোয়াড়ের জোগান কম থাকায় বাইরে থেকে গিয়ে জায়গা করা সহজ, পরিবেশও একজন পাকিস্তানির জন্য অনুকূলে। আইসিসির নিয়মে তিন বছর অবস্থান করলে খেলার যোগ্য হওয়া যায়। সেই প্রক্রিয়া ধরেই এগোচ্ছেন উসমান, ‘করোনা মহামারির সময় পাকিস্তানে ক্রিকেট খেলা কমে গেল। আমাকে কেউ খেলতে বলল না। এরপর সিদ্ধান্ত নিই আরব আমিরাতে ক্যারিয়ার গড়ব। এখানে পরিশ্রম করে যাওয়ার লক্ষ্য আমার। যেন ইউএইর হয়ে খেলার যোগ্য হয়ে উঠতে পারি।’
এ বছরের মার্চে পিএসএলে মুলতান সুলতানসের হয়ে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন উসমান, যা পিএসএল ইতিহাসের দ্রুততম। উসমানের আশা ছিল, পিএসএলের পর দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান–আফগানিস্তান সিরিজের দলে ডাক পাবেন, বিশেষ করে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কারণে। কিন্তু তখনো সুযোগ না মেলায় পুরোপুরি হাল ছেড়ে দিয়েছেন।
এখন তাঁর মূল লক্ষ্য আমিরাতের হয়ে খেলা। শুধু খেলাই নয়, দেখিয়ে দেওয়াও, ‘পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন আমি দেখি না। আমার স্বপ্ন আরব আমিরাতের হয়ে খেলা। একদিন আমি পাকিস্তানের বিপক্ষে খেলে আমার প্রতিভা দেখিয়ে দিতে চাই। আমি সেই সময়ের অপেক্ষায় আছি।’