
পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে ‘দ্য হানড্রেড’–এর নিলামে দলে টেনেছে সানরাইজার্স লিডস। ফ্র্যাঞ্চাইজিটি চেন্নাইভিত্তিক সান গ্রুপের প্রতিষ্ঠান, যার নেতৃত্বে কালানিথি মারান। তাঁর মেয়ে কাব্য মারান সানরাইজার্স হায়দরাবাদ, সানরাইজার্স লিডস ও সানরাইজার্স ইস্টার্ন কেপের সহমালিক। ১২ মার্চ অনুষ্ঠিত হানড্রেডের নিলামে কাব্য মারানের উপস্থিতিতে আবরারকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে টানে সানরাইজার্স লিডস।
ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারের অভিযোগ, ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি স্পিনার আবরারকে নেওয়া ‘পরোক্ষভাবে ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুকে উৎসাহিত করছে।’ ভারতের সংবাদমাধ্যম ‘মিড ডে’–তে লেখা কলামে এমন মন্তব্য করেন গাভাস্কার।
দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০০৯ সাল থেকে পাকিস্তানের কোনো খেলোয়াড় আইপিএলে খেলেননি।
গুঞ্জন ছিল, হানড্রেডে এবার প্রথমবারের মতো পাকিস্তানের খেলোয়াড়দের ওপর ‘নীরব নিষেধাজ্ঞা’ আরোপ করা হতে পারে। ধারণা করা হচ্ছিল, আইপিএল-সংশ্লিষ্ট দলগুলো তাঁদের কিনবে না।
শেষ পর্যন্ত তা হয়নি। তবে আবরারকে দলে টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখেও পড়ে লিডস। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির এক্স হ্যান্ডল সাময়িকভাবে সাসপেন্ডও হয়েছিল।
৭৬ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়ক গাভাস্কারও তাঁর কলামে এ নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি লিখেছেন, ‘একজন পাকিস্তানি খেলোয়াড়কে যে পারিশ্রমিক দেওয়া হয়, তা থেকে তিনি তাঁর সরকারকে আয়কর দেন। সেই অর্থ দিয়ে অস্ত্র কেনা হয়, যা পরোক্ষভাবে ভারতীয় সেনা ও বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হয়।’
ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী গাভাস্কার আরও লেখেন, ‘অর্থ প্রদানকারী সংস্থা ভারতে হোক বা বিদেশে তাদের কোনো সহযোগী প্রতিষ্ঠান-মালিক যদি ভারতীয় হন, তবে তিনি ভারতীয়দের ক্ষয়ক্ষতির জন্য দায়ী হয়ে পড়েন।’
গাভাস্কার এটাও লেখেন, ‘ভুল শুধরে নেওয়ার এখনো সময় আছে। আশা করি, শেষ পর্যন্ত সুবিবেচনা প্রাধান্য পাবে।’
হানড্রেডে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি এমআই লন্ডন, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও সাউদার্ন ব্রেভ আংশিকভাবে হলেও আইপিএল দলগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের মালিকানাধীন। নিলামে কেনা আরেকজন পাকিস্তানি খেলোয়াড়কে দলে টানে একটি ফ্র্যাঞ্চাইজি। সেটি যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগে পরিচালিত বার্মিংহাম ফিনিক্স। তারা পাকিস্তানের স্পিনার উসমান তারিককে দলে নেয়।
গত মাসে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিবৃতিতে জানায়, ১০০ বলের এই টুর্নামেন্টে আটটি ফ্র্যাঞ্চাইজিই শুধু পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত বছর মে মাসে প্রাণঘাতী সংঘাতে জড়িয়ে পড়া ভারত ও পাকিস্তান এক দশকেরও বেশি সময় ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। তারা এখন কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টে মুখোমুখি হয়।