আইপিএলে গতকাল বিরাট কোহলিকে বেশিক্ষণ ক্রিজে না দেখার জন্য দিল্লি ক্যাপিটালসকে দুষতে পারেন তাঁর ভক্তরা। আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লেতে সর্বনিম্ন (১৩/৬) রান তোলা দিল্লি গতকাল অলআউট হয় মাত্র ৭৫ রানে। এ রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৯ উইকেটের জয়ে ২৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। তবে দলকে জেতানোর পথে আইপিএলে প্রথম খেলোয়াড় হিসেবে দারুণ এক মাইলফলকের দেখাও পেয়েছেন কোহলি।
আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডটি আগে থেকেই কোহলির ছিল। সে রেকর্ডই নতুন এক মাইলফলকে উন্নীত করেন বেঙ্গালুরু তারকা। ২৬৬ ইনিংসে ৮,৯৮৯ রান নিয়ে দিল্লির বিপক্ষে রান তাড়ায় নেমেছিলেন কোহলি। এই ইনিংসে দলীয় ষষ্ঠ ওভারে দিল্লির স্পিনার অক্ষর প্যাটেলের শেষ বলে একটি রান নিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯ হাজার রানের দেখা পান কোহলি।
আইপিএলে এর আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০০, ৭০০০ ও ৮০০০ রানের রেকর্ডও তাঁর। ২০২১ সালে ৬০০০ রানের দেখা পান কোহলি। ৭০০০ রানের দেখা পান ২০২৩ সালে। ২০২৪ সালে দেখা পান ৮ হাজার রানের।
আইপিএলে ২৭৫ ম্যাচে ২৬৭ ইনিংসে কোহলির রানসংখ্যা এখন ৯০১২। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির সঙ্গে বাকিদের ব্যবধান বেশ স্পষ্ট। দ্বিতীয় রোহিত শর্মা ২৭৬ ম্যাচে ২৭১ ইনিংসে ৭১৮৩ রান করেছেন। কোহলির মতো রোহিতও ২০০৮ থেকে আইপিএলে খেলা শুরু করেছেন, কিন্তু পিছিয়ে ১৮২৯ রানের ব্যবধানে।
তৃতীয় শিখর ধাওয়ানের সঙ্গে কোহলির রানের ব্যবধান আরও অনেক বেশি। ধাওয়ানও ২০০৮ সালে আইপিএলে খেলা শুরু করে ২০২৪ সালে অবসর নেওয়ার আগে ২২২ ম্যাচে ২২১ ইনিংসে ৬৭৬৯ রান করেন। কোহলির সঙ্গে তাঁর ২২৪৩ রানের ব্যবধান।
শীর্ষ পাঁচে বাকি দুজন ডেভিড ওয়ার্নার ও লোকেশ রাহুল। ১৮৪ ম্যাচে (১৮৪ ইনিংস) ৬৫৬৫ রান নিয়ে চারে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার। ১৫৩ ম্যাচে ১৪৪ ইনিংসে ৫৫৮০ রান নিয়ে পাঁচে রাহুল।
সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ব্যাটসম্যানের মধ্যে সেঞ্চুরি (৮) ও ফিফটিতে (৬৬) কোহলি বাকিদের চেয়ে এগিয়ে। চার মারাতেও (৮০৮) শীর্ষে কোহলিই। তবে ছক্কাসংখ্যায় রোহিতের (৩১০) চেয়ে পিছিয়ে কোহলি (৩০৫)। শীর্ষ পাঁচের এই তালিকায় শুধু কোহলি ও রোহিতই ন্যূনতম ৩০০ ছক্কা মেরেছেন।
আইপিএলে এবার সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ৮ ইনিংসে ৩৮০ রান নিয়ে শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার অভিষেক শর্মার সঙ্গে মাত্র ৩১ রান ব্যবধানে পিছিয়ে পাঁচে তাঁর সতীর্থ হাইরিখ ক্লাসেন। ৮ ইনিংসে ৩৫১ রান নিয়ে চারে কোহলি। শীর্ষ পাঁচে ব্যাটিং গড়ে কোহলিই শীর্ষে (৫৮.৫০)।