টি–টুয়েন্টি বিশ্বকাপ

ছক্কা ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের বড় জয়, ভারতের মতো রান রেটে ধাক্কা জিম্বাবুয়ের

ওয়েস্ট ইন্ডিজের সামনে এবার জিম্বাবুয়ে

সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। দুই দলই এই পর্বে এসেছে অপরাজিত থেকে। জিম্বাবুয়ে হারিয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে। ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ইংল্যান্ডকে।

ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতলে বোলিং করতেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপও, টসের পর জানিয়েছেন তিনি।

যেখানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলেছে শ্রীলঙ্কাতে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে ভারতে, এই ওয়াংখেড়েতেই তারা ম্যাচ খেলেছে দুটি। মানে কন্ডিশন সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজ আগে থেকেই ধারনা আছে। মুম্বাইয়ে এবারই প্রথম কোনো টি–টুয়েন্টি ম্যাচ খেলছে জিম্বাবুয়ে।

মুসেকিওয়া— নায়ক নাকি খলনায়ক

ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওভারে ২২/১

ব্রেন্ডন কিংকে ফেরালেন রিচার্ড এনগারাভা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারা কিং চতুর্থ বলেও বড় শট খেলতে চেয়েছিলেন। তবে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন তাশিঙ্গা মুসেকিওয়ার হাতে। ১২ বলে ৯ রান করে ফিরেছেন কিং।

পরের ওভারেই জীবন পেয়েছেন শিমরন হেটমায়ার। মুজারাবানির বলে সহজ ক্যাচ ছেড়েছেন সেই মুসেকিওয়াই।

হোপ ফিরলেন, তবু...

ওয়েস্ট ইন্ডিজ: ৬ ওভারে ৫৫/২

পাওয়ার প্লের শেষটা ভালো করল জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের দারুণ এক ক্যাচে ব্রাড ইভান্সের বলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ১২ বলে ১৪ রান করেছেন হোপ।

যদিও পাওয়ার প্লেতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজই। ৬ ওভারে দলটি তুলেছে ৫৫ রান, হারিয়েছে ২ উইকেট।

১৯ বলে হেটমায়ারের ফিফটি

স্পিনারদের বিপক্ষে ঝড় তুলেছেন হেটমায়ার। ইনিংসের সপ্তম ওভারে ক্রেমারের বলে দুই ছক্কা মারার পর অষ্টম ওভারে রাজার ওভারে তিন ছক্কা মেরেছেন হেটমায়ার। তাঁর করা ১৯ বলে ফিফটি টি–টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম। এর আগের রেকর্ডটিও তাঁরই ছিল। এবারের বিশ্বকাপেই স্কটল্যান্ডের বিপক্ষে ২২ বলে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন হেটমায়ার।

ওয়েস্ট ইন্ডিজের রান ছাড়িয়েছে ১০০।

৯ ও ৭০

ওয়েস্ট ইন্ডিজ: ১২ ওভারে ১৩২/২

কী করছেন মুসেকিওয়া!

এক হেটমায়ারেরই দুটি ক্যাচ ছেড়েছেন এই ফিল্ডার। দুটোই সহজ ক্যাচ। প্রথমটি ছেড়েছেন মুজারাবানির বলে, তখন হেটমায়ারের রান ৯। এরপর ১২তম ওভারে ইভান্সের বলে আবার যখন তিনি ক্যাচ ছেড়েছেন তখন হেটমায়ারের রান ২৬ বলে ৭০।

১৩ ওভারেই ১৫০

বিশাল সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৩ ওভারেই দলটি তুলেছে ১৫০ রান। তৃতীয় উইকেট জুটিতে ৫০ বলে শতরানের জুটি গড়েছেন হেটমায়ার ও পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজ: ১৫ ওভারে ১৭৯/৩

অসাধারণ!

৩৪টি বল খেলেছেন। মেরেছেন ৭ চার ও ৭ ছক্কা। অষ্টম ছক্কা মারার প্রচেষ্টায় লেগ স্পিনার ক্রেমারের বলে বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন হেটমায়ার। আউট হওয়ার আগে করেছেন ৮৫ রান। দলকে দিয়েছেন ১৭৬ রানের সংগ্রহ। তাঁর ২৫০ স্ট্রাইক রেটের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ বিশাল সংগ্রহের পথে।

পাওয়েলও ফিরলেন 

অবশেষে ক্যাচ ধরতে পারলেন মুসেকিওয়া। হেটমায়ারের দুটি ক্যাচ ছাড়া এই ফিল্ডার পাওয়েলের ক্যাচটি ধরেছেন। ৩৫ বলে ৫৯ রান করে মুজারাবানির বলে ফিরেছেন পাওয়েল।

রেকর্ড কি হবে?

১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২০৮। টি–টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ শ্রীলঙ্কার, ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে তুলেছিল ২৬০ রান। ৩ ওভারে ৫৩ রান কি নিতে পারবে ওয়েস্ট ইন্ডিজ?

ওয়েস্ট ইন্ডিজের তাণ্ডব

হলো না।

টি–টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ থামল ৬ উইকেটে ২৫৪ রানে। টি–টুয়েন্টি বিশ্বকাপে এটিই এখন দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

ওয়েস্ট ইন্ডিজ এই রান তুলেছে শিমরন হেটমায়ারের ৩৪ বলে ৮৫ রান ও পাওয়েলের ৫৯ রানের কল্যাণে। শেষদিকে শেরফানে রাদারফোর্ড ১৩ বলে ৩১*, রোমারিও শেফার্ডের ১০ বলে ২১ রানের ইনিংস রানটাকে ২৫৪ রান পর্যন্ত নিয়ে গেছে।

ছক্কার রেকর্ড

১৯
টি–টুয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে যৌথভাবে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ১৯টি ছক্কা হাঁকিয়েছিল নেদারল্যান্ডস।

বিশ্বকাপে প্রথমবার আউট বেনেট, ৫ বলের মধ্যে হারাল ৩ উইকেট

গ্রুপ পর্বে টানা তিনটি অপরাজিত ইনিংস খেলা ব্রায়ান বেনেট আজ করলেন মাত্র ৫ রান। আকিল হোসেনের করা নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। একই ওভারের চতুর্থ বলে শূন্য হাতে ফিরেছেন রায়ান বার্ল।

এর আগের ওভারের শেষ বলে ফিরেছেন মারুমানিও। ম্যাথু ফোর্ডের বলে ৮ বলে ১৪ রান করে ফিরেছেন তিনি। ক্যাচটি নিয়েছেন হেটমায়ার।

৮৫ রান করেছেন হেটমায়ার

টি–টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কা

১৭* শিমরন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজ ২০২৬

১৭ নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ ২০২৪

১৬ ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ২০১২

১৬ রহমানউল্লাহ গুরবাজ আফগানিস্তান ২০২৪

জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ

বড় হারের শঙ্কায় জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে: ৬.৩ ওভারে ৫২/৪

২৫৫ রান তাড়ায় জিম্বাবুয়ের যেমন শুরু দরকার সেটা তারা করতে পারেনি। সপ্তম ওভারেই দলটি হারিয়েছে চতুর্থ উইকেট। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন ডিয়ন মায়ার্স। গুড়াকেশ মোতির বলে ফিরেছেন ১৫ বলে ২৮ রান করে।

মোতির শিকার রাজা ও মুসেকিওয়া

জিম্বাবুয়ে: ১২ ওভারে ১০১/৬

ইনিংসের এগারোতম ওভারে টানা দুই বলে ফিরলেন রাজা ও মুসেকিওয়া। ২৭ রান করা রাজা মোতির জোরের ওপর করা বলে টার্নে পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন। মুসেকিওয়া বোল্ড হলেন আর্ম বলে। ৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোতি।

হারের অপেক্ষায় জিম্বাবুয়ে

১০২ রানেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বড় ব্যবধানে হারের অপেক্ষায় দলটি। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ রান রেটেও অনেক এগিয়ে যাবে।

দিনটা ওয়েস্ট ইন্ডিজের

জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের জুটি দেখা গেল দশম উইকেটে। রিচার্ড এনগারাভার সঙ্গে ১৯ বলে ৪৪ রানের জুটি গড়েন ব্রাড ইভান্স। এর ৩৫ রানই এসেছে ইভান্সের ব্যাট থেকে। শেষ ব্যাটসম্যান হিসেবে ৪৩ রানে ফিরেছেন ইভান্স। তাঁর ইনিংস জিম্বাবুয়ের হারের ব্যবধানটা কিছুটা কমিয়েছে।

এরপরও জিম্বাবুয়ে হেরেছে ১০৭ রানে। জিম্বাবুয়েকে ১৪৭ রানে গুটিয়ে দেওয়ার পথে বড় অবদান রেখেছেন দুই স্পিনার আকিল হোসেন ও গুড়াকেশ মোতি। মোতি উইকেট নিয়েছেন ৪টি, আকিল ৩টি।

১ নম্বর গ্রুপে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ

এর আগে ব্যাট হাতে ১৯ বলে ফিফটি করেছেন হেটমায়ার, যা টি–টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি। রোভম্যান পাওয়েলের সঙ্গে গড়া তাঁর ৫২ বলে ১২২ রানের জুটিটিও ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ।

হেটমায়ার ৩৪ বলে থেমেছেন ৮৫ রানে। পাওয়েল করেছেন ৫৯ রান।

আজ ১৯ ছক্কায় টি–টুয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে নেদারল্যান্ডসের পাশে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ২৫৪ রানে থেমে যাওয়ায় অল্পের জন্য ভাঙা যায়নি টি–টুয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি (২৬০)।

ম্যাচসেরা হয়েছেন হেটমায়ার।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৫৪/৬ (হেটমায়ার ৮৫, পাওয়েল ৫৯, রাদারফোর্ড ৩১*, শেফার্ড ২১; মুজারাবানি ২/৪২, এনগারাভা ২/৪৭)।
জিম্বাবুয়ে: ১৭.৪ ওভারে ১৪৭ (ইভান্স ৪৩, মায়ার্স ২৮, রাজা ২৭; মোতি ৪/২৮, আকিল ৩/২৮, ফোর্ড ২/২৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জয়ী।

রান রেটের কী অবস্থা

১ নম্বর গ্রুপে শীর্ষে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তিনে থাকা ভারতের রান রেট –৩.৮০০। তলানিতে থাকা জিম্বাবুয়ের অবস্থা আরও খারাপ, –৫.৩৫০।