কামিন্দু মেন্ডিসকে ফেরানোর পর লিয়াম ডসনের উদ্‌যাপন
কামিন্দু মেন্ডিসকে ফেরানোর পর লিয়াম ডসনের উদ্‌যাপন

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

১৬তম ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরাকে বোল্ড করেন লিয়াম ডসন। ৪ বল পর দিলশান মাদুশঙ্কাকে বোল্ড করে ম্যাচ শেষ করেন দেন আদিল রশিদ। ১৬.৪ ওভারে শ্রীলঙ্কা অলআউট ৯৫ রানে। ৫১ রানের জয়ে সুপার এইট শুরু করল ইংল্যান্ড।

কামিন্দু মেন্ডিসকে ফেরানোর পর লিয়াম ডসনের উদ্‌যাপন

রান তাড়ায় পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়েই বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা লঙ্কানরা নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। সাতে নেমে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা।

ইংল্যান্ডের তিন স্পিনার উইল জ্যাকস, আদিল রশিদ ও লিয়াম ডসন মিলে নিয়েছেন ৭ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট জ্যাকসের। রশিদ ও ডসন নিয়েছেন ২টি করে উইকেট। ফাস্ট বোলার জফরা আর্চারও পেয়েছেন ২ উইকেট। অন্য উইকেটটি জেমি ওভারটনের।

এর আগে ফিল সল্টের ৬২ রানের ভিত্তির ওপর দাঁড়িয়ে ৯ উইকেটে ১৪৬ রান করে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ১৪৬/ ৯ (সল্ট ৬২, জ্যাকস ২১; ভেল্লালাগে ৩/২৬, তিকশানা ২/২১, মাদুশঙ্কা ২/২৫)।
শ্রীলঙ্কা: ১৬.৪ ওভারে ৯৫ (শানাকা ৩০, কামিন্দু ১৬; জ্যাকস ৩/২২, রশিদ ২/১৩, আর্চার ২/২০, ডসন ২/২৭)।
ফল: ইংল্যান্ড ৫১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: উইল জ্যাকস

শানাকাও গেলেন, ৮ উইকেট নেই শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা: ১৫ ওভারে ৮৬/৮

অধিনায়ককেও হারিয়ে ফেলল লঙ্কানরা। বাউন্ডারি লাইনে উইল জ্যাকস ও টম ব্যান্টনের যৌথ প্রযোজনায় আউট হলেন দাসুন শানাকা। আদিল রশিদকে ছক্কা মারতে গিয়েছিলেন শানাকা। লাফিয়ে বলটি ধরলেও ভারসাম্য হারাচ্ছেন দেখে জ্যাকস বলটি ছুড়ে দেন ব্যান্টনের হাতে। ৮২ রানে ৮ উইকেট হারাল শ্রীলঙ্কা। ২৪ বলে ৩০ করেছেন শানাকা।

হিট উইকেট হেমন্ত

শ্রীলঙ্কা: ১৩ ওভারে ৭৩/৭

উইকেটটা জেমি ওভারটনের হিসাবে জমা পড়েছে। তবে আউটের পুরো দায় দুশান হেমন্তের। শট খেলতে গিয়ে ব্যাটের আঘাতে উইকেট ভেঙেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। তাতে লঙ্কানদের দুর্দশা আরও বাড়ল। ৬৯ রানে সপ্তম উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ৮ বলে ৫ রান করেছেন হেমন্ত।

শ্রীলঙ্কার ভরসা হয়ে টিকে আছেন অধিনায়ক দাসুন শানাকা।

ফিরলেন কামিন্দু মেন্ডিসও

কামিন্দু মেন্ডিসকে ফেরানোর পর লিয়াম ডসনের উল্লাস

একের পর এক উইকেট পড়ছে শ্রীলঙ্কার। নবম ওভারের চতুর্থ বলে ডসনের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন কামিন্দু মেন্ডিস। ৫২ রানে পড়ল ৬ নম্বর উইকেট। ৬৬ বলে জিততে দরকার ৯৪ রান।

শ্রীলঙ্কা: ৯ ওভারে ৫৩/৬

পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা

এবার আউট হয়ে গেলেন দুনিত ভেল্লালাগে। ৩৪ রানে পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। পাওয়ার প্লের এক বল বাকি এখনো। ম্যাচটা খুব কঠিন হয়ে গেল শ্রীলঙ্কার জন্য।

শ্রীলঙ্কা: ৬ ওভারে ৩৪/৫

২২ রানে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা: ৫ ওভারে ২৬/৪

চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা। দলটি উইকেট হারিয়েছে আরেকটি। এবার জফরা আর্চারের লেংথ বলে ড্রাইভ করতে গিয়ে গালিতে ওভারটনের ক্যাচ হয়েছেন কামিল মিশারা্ ২২ রানে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার।

দুই বলে ২ উইকেট নেই শ্রীলঙ্কারা

শ্রীলঙ্কা: ৪ ওভারে ২১/৩

নিশাঙ্কার পর কুশল মেন্ডিসকেও হারাল শ্রীলঙ্কা। উইল জ্যাকসকে ফিরতি ক্যাচ দিয়েছেন কুশল। পরের বলেই জ্যাকসের শিকার পবন রত্নায়েকে। ডিপ কাভারে দারুণ এক ক্যাচ নিয়েছেন টম ব্যান্টন। ভেল্লালাগে এসে হ্যাটট্রিক ঠেকিয়েছেন।

১৪৭ রানের লক্ষ্য, নিশাঙ্কা ফিরলেন ৯ রানে

শ্রীলঙ্কা: ৩ ওভারে ১৯/১

দুর্দান্ত ফর্ম থাকা ওপেনার পাতুম নিশাঙ্কাকে হারিয়ে ফেলল শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি পাওয়া নিশাঙ্কা আজ ৮ বলে ৯ রান করে আউট হলেন। তৃতীয় ওভারে জফরা আর্চারকে ছক্কা মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়েছেন নিশাঙ্কা। ১৫ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।

১৪৭ রানের লক্ষ্য পেল শ্রীলঙ্কা

ইংল্যান্ড: ১৯ ওভারে ১৪৬/৯

১৫০ ছুঁতে পারল না ইংল্যান্ড। শ্রীলঙ্কা পারল না ইংলিশদের অলআউট করতে। ১৯তম ওভারে নবম উইকেট হারানো ইংল্যান্ড শেষ ওভারে তোলে ১১ রান। এর ৮ রানই নিয়েছেন জেমি ওভারটন।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন ওপেনার ফিল সল্ট। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান উইল জ্যাকসের।

শ্রীলঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

লঙ্কানদের উইকেট উদ্‌যাপন

মাদুশঙ্কার জোড়া আঘাত, ইংল্যান্ড ১৩৫/৯

১৯তম ওভারের শেষ দুই বলে উইল জ্যাকস ও জফরা আর্চারকে ফিরিয়েছেন দিলশান মাদুশঙ্কা। মিড অফে দারুণ এক ক্যাচ নিয়ে আর্চারকে ফিরিয়েছেন হেমন্ত।

৭ উইকেট নেই ইংল্যান্ডের

ইংল্যান্ড: ১৮ ওভারে ১২৬/৭

মহীশ তিকশানা লিয়াম ডসনকে ফিরিয়ে সপ্তম উইকেট এনে দিয়েছেন শ্রীলঙ্কাকে। ১২৪ রানে ৭ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

৪ ওভারে ২১ রানে ২ উইকেট, বোলিং কোটা শেষ করলেন মহীশ তিকশানা।

শেষ ৩ ওভারে কত করবে ইংল্যান্ড

১৭ ওভার শেষে ইংল্যান্ডরে স্কোর ১২৪/৬। লিয়াম ডসন ৬ ও উইল জ্যাকস ১৩ রানে ব্যাট করছিলেন।

দলকে ১০০ পার করিয়েই আউট সল্ট

ইংল্যান্ড: ১৬ ওভারে ১১৪/৬

ভেল্লালাগের করা ১৫তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন ফিল সল্ট। ৪০ বলে ৬২ রান করেছেন এই ওপেনার। ১০৬ রানে ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড।

৪০ বলে ৬২ রান করেছেন ফিল সল্ট

কারেনও গেলেন, ১৪ ওভারে ১০০ পাড়

ইংল্যান্ড: ১৪ ওভারে ১০৫/৫

১৪তম ওভারের দ্বিতীয় বল। দুষ্মন্ত চামিরাকে ছক্কা মারতে গিয়ে মিড অফে কামিল মিশারার হাতে ক্যাচ দিয়েছেন স্যাম কারেন। ৯৪ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। ওভারটা শেষ দুই চার ও ছক্কায় ১০ রান তুলে দলকে ১০০ রান এনে দিয়েছেন ৩৯ বলে ৬২ রান করা সল্ট।

সল্টের ফিফটি

ইংল্যান্ড: ১৩ ওভারে ৯৪/৪

১২তম ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে ফিফটি পুরো করেছেন ফিল সল্ট। ইংল্যান্ড ওপেনার ৫০ ছুঁলেন ৩৬ বলে। ঠিক পরের বলেই হেমন্তকে ছক্কা মেরেছেন স্যাম কারেন।

হ্যারি ব্রুকও গেলেন

ইংল্যান্ড: ১০ ওভারে ৬৮/৪

ইনিংসের অর্ধেক পথ শেষে মাত্র ৬৮ রান তুলেছে ইংল্যান্ড। ১০ম ওভারের শেষ বলে আউট হয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক। ভেল্লালাগের বলে এলবিডব্লু হয়েছেন ব্রুক। করেছেন ৭ বলে ১৪ রান। রিভিউ নিয়ে সেটি শুধু নষ্টই করেছেন ব্রুক।

ফিল সল্ট ব্যাট করছিলেন ৪২ রানে।

নবম ওভারে ৫০ ছুঁল ইংল্যান্ড

নবম ওভারের দ্বিতীয় বলে ৫০ ছুঁয়েছে ইংল্যান্ড। ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫৯/৩। কোনো বাউন্ডারি ছাড়াই ওভারটায় ১০ রান নিয়েছে ইংল্যান্ড। ওভার থ্রোতে বল সীমানা ছাড়া হওয়ায় এক বলে এসেছে ৬ রান। ৩৪ রানে ব্যাট করছিলেন ফিল সল্ট।

শানাকার সরাসরি থ্রোতে ব্যান্টন রানআউট

ইংল্যান্ড: ৮ ওভারে ৪৯/৩

মিড অফ থেকে সরাসরি থ্রোতে নন স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে টম ব্যান্টনকে ফিরিয়েছেন দাসুন শানাকা। দুষ্মন্ত চামিরার বলটা মিড অফের দিকেই দৌড় শুরু করেন ব্যান্টন, এরপর আউট।

৪৯ রানে তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।

এসেই বেথেলকে ফেরালেন তিকশানা

ষষ্ঠ ওভারটা ১ উইকেটে ৩২ রান নিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। প্রথমবার বোলিং পরিবর্তন করে শ্রীলঙ্কা। বল হাতে নিয়ে প্রথম বলেই জ্যাকব বেথেলের উইকেট তুলে নিয়েছেন মহীশ তিকশানা। জোরে মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ তুলেছেন ৪ বলে ৩ রান করা বেথেল। ব্যাটিংয়ে নেমেছেন টম ব্যান্টম।

ওভারটায় ৫ রান এসেছে। ইংল্যান্ড পাওয়ার প্লে শেষ করল ২ উইকেটে ৩৭ রান তুলে।

আবারও ব্যর্থ বাটলার

ইংল্যান্ড: ৪ ওভারে ২৩/১

বাটলারকে এলবিডব্লু করেছেন ভেল্লালাগে

২৬, ২১, ৩, ৩, ৭—এবারের বিশ্বকাপে জস বাটলারের স্কোর। ইংল্যান্ড ওপেনার আজ সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরলেন ৭ রান করে। রিভার্স শট খেলতে গিয়ে ভেল্লালাগের করা স্টাম্প টু স্টাম্প বলে এলবিডব্লু হলেন বাটলার। চতৃুর্থ ওভারের প্রথম বলে ১৬ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। ওভারের শেষ বলে বাউন্ডারি মেরেছেন ফিল সল্ট।

৬০
এবারের বিশ্বকাপে ৫ ইনিংসে জস বাটলারের রান।

এবার ৩ রান দিলেন মাদুশঙ্কা

প্রথম ওভারে ৪ রান দেওয়া মাদুশঙ্কা এবার দিলেন ৩ রান। উইকেট না হারালেও ইংল্যান্ড ৩ ওভারে করেছে মাত্র ১৬ রান।

প্রথম ছক্কা সল্টের

ইংল্যান্ড: ২ ওভারে ১৩/০

দ্বিতীয় ওভারটি করছেন বাঁহাতি স্পিনার দুনিত ভেল্লালাগে। ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভার দিয়ে ম্যাচের প্রথম ছক্কাটি মেরেছেন ফিল সল্ট। ওভারে এসেছে ৯ রান।

প্রথম ওভারে ৪ রান ইংল্যান্ডের

ফিল সল্ট ও জস বাটলার ওপেন করছেন ইংল্যান্ডের হয়ে। শ্রীলঙ্কার হয়ে প্রথম ওভারটি করেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জশ বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারেন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জফরা আর্চার ও আদিল রশিদ।

শ্রীলঙ্কা একাদশ

পাতুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিত ভেল্লালাগে, দুশান হেমন্ত, দুষ্মন্ত চামিরা, মহীশ তিকশানা ও দিলশান মাদুশঙ্কা।

টসে জিতল শ্রীলঙ্কা

রোদ উঠেছে!

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল আথারটনের সামনে মুদ্রা নিক্ষেপ করেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শানাকা জানিয়েছেন সুপার এইটের ম্যাচে শ্রীলঙ্কা একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ঢুকেছেন কামিল মিশারা ও দুষ্মন্ত চামিরা। বাদ পড়েছেন প্রমোদ মাদুশান ও কুশল পেরেরা।

ইংল্যান্ড দলে পরিবর্তন নেই।

টসের পর হাত মেলান দুই দলের অধিনায়ক

বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন

পাল্লেকেলে স্টেডিয়ামের আকাশে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘাচ্ছন্ন। আগের রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড একটু ভেজা। বেশির ভাগ কাভার সরিয়ে নেওয়া হয়েছে।

স্বাগতম

টি–টুয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার এইটে ‘গ্রুপ ২’তে। এই গ্রুপ থেকে গতকাল কলম্বোয় পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়

আজ শ্রীলঙ্কা–ইংল্যান্ড ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি