
প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান এরপর হেরেছে টানা চারটি। আর একটি ম্যাচ হারলেই দলটি প্রথম পর্ব থেকে বিদায় নিবে। এমনকি শেষ তিন ম্যাচ জিতলেও সেমিফাইনালে ওঠার কোনো নিশ্চয়তা নেই।
এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন বাবর আজম-শাদাব খানেরা। বিশেষ করে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের মতো কিংবদন্তিরা বাবরের দলকে একরকম ধুয়ে দিচ্ছেন।
এ অবস্থায় পরশু বিবৃতি দিয়ে দলকে সমর্থনের অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের পর দলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে, বিবৃতিতে সেই কথাও জানিয়েছে পিসিবি।
তবে পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকা এক খেলোয়াড় উল্টো দাবি করেছেন। নাম প্রকাশ না করার শর্তে সেই খেলোয়াড় দেশটির সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’কে জানিয়েছেন, দলের দুঃসময়ে খেলোয়াড়েরা বোর্ড কর্তাদের সমর্থন পাননি; বরং খেলোয়াড়দের বিপদে ফেলে রেখে তাঁরা চলে গেছেন।
ওই খেলোয়াড় আরও দাবি করেন, সমালোচনার ঝড় যাতে শুধু খেলোয়াড়দেরই সামলাতে হয়, সে কারণে বোর্ড কর্তারা সটকে পড়েছেন। দলের বেশির ভাগ সিনিয়র ক্রিকেটার এমনটাই মনে করছেন।
‘ক্রিকেট পাকিস্তান’কে সেই ক্রিকেটার আরও বলেছেন, ‘হারতে থাকলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বোর্ডের আচরণে আমরা হতাশ। বোর্ডের কাছ থেকে যতটা সমর্থন আশা করেছিলাম, ততটা পাইনি।’
পাকিস্তানের বিশ্বকাপ দল নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে পিসিবি তাদের বিজ্ঞপ্তিতে লিখেছে, দল নির্বাচনে অধিনায়ক বাবর ও প্রধান নির্বাচক ইনজামাম উল হককে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
তবে পিসিবির এই বিজ্ঞপ্তিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন সেই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘পিসিবির ক্রিকেট কমিটির প্রধান মিসবাহ উল হকও নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। মনে হচ্ছে, দল সেমিফাইনালে না উঠলে শুধু খেলোয়াড়দের দায়ী করা হবে। আমাদের এখন এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন আমরা বোর্ডের সঙ্গে লড়াই করছি এবং ভালো প্রস্তুতি নেওয়ার পরেও ভারতে এসে ভালো খেলছি না। দুর্ভাগ্যবশত, আমরা যেটা করতে চেয়েছি এখনো পারিনি।’
টানা ম্যাচ হারের পর খেলোয়াড়েরা ড্রেসিংরুমে মারামারি করেছেন—এমন খবরও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে এসেছে। এ ধরনের খবরকে মিথ্যা দাবি করে সেই ক্রিকেটার বলেছেন, ‘বৈঠকে প্রত্যেকেই তাদের মতামত তুলে ধরে। (মাঝে মাঝে) মতের অমিল দেখা দেয়। কিন্তু কখনো মারামারি হয়নি। আমরা চেয়েছিলাম সঠিক তথ্য বেরিয়ে আসুক। তাই আমাদের উদ্বেগের বিষয়গুলো দলের ব্যবস্থাপকের মাধ্যমে উত্থাপন করেছিলাম। কিন্তু পিসিবি সমস্যাটিকে বেশি গুরুত্ব সহকারে নিয়ে একটি অপ্রয়োজনীয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।’
সাবেক ক্রিকেটাররা পাকিস্তান দলের ব্যর্থতার পুরো দায় বাবরকে দিলেও ওই ক্রিকেটারের দাবি, অধিনায়ক একা কোনো সিদ্ধান্ত নেন না। কোচ ও বাকি খেলোয়াড়েরাও এতে জড়িত।