বৃষ্টিতে অনুশীলন বাতিল হয়ে যাওয়ায় আজ আর মাঠমুখোই হয়নি বাংলাদেশ দল। দুপুরে অনুশীলন থাকলেও তা বাতিল করা হয়। তবে সংবাদ সম্মেলন ছিল বলে এসেছিলেন আফগানিস্তান টেস্টের অধিনায়ক লিটন দাস। আর ব্যক্তিগত অনুশীলনের তাগিদে তার আগেই মাঠে এসে পড়েন মুশফিকুর রহিম।
কিন্তু দুপুরের বৃষ্টি শেষে বিকেলে চনমনে রোদ উঠতেই শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের পাশে দেখা গেল কালো জিনস, কালো টি–শার্ট ও কালো ক্যাপ পরিহিত কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। কভার ওল্টাতেই বেরিয়ে এল সবুজ ঘাসে ঢাকা উইকেট। কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে অনেকটা সময় হেঁটে হেঁটে উইকেট দেখলেন কোচ। একপর্যায়ে সেখানে যান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও।
তখন মনে হচ্ছিল বুঝি উইকেট দেখতেই স্টেডিয়ামে এসেছেন হাথুরুসিংহে। আসলে তা নয়। বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সন্ধ্যায় তিনি দীর্ঘ সভায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে। বিসিবির ক্রিকেট পরিচালনাপ্রধান জালাল ইউনুসও ছিলেন সেখানে।
সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয় কোচের সঙ্গে তাঁর আলোচনা প্রসঙ্গে। নাজুল হাসান জানান, তাঁদের আলোচনার পুরোটাই ছিল ভারতে অনুষ্ঠেয় অক্টোবর–নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে, ‘কোচের সঙ্গে আমার অনেক দিন ধরে কথা হচ্ছিল না। সাধারণত সিরিজের আগে আমরা বসি। তবে তাঁর সঙ্গে আমার আফগানিস্তান সিরিজ নিয়ে কোনো কথা হয়নি। আলোচনা হয়েছে শুধু বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপের জন্য কী কী করা দরকার, এসব নিয়েই কথা হয়েছে।’