বাংলাদেশ দলের গত কয়েকটা সপ্তাহ খুব ব্যস্ততায় কেটেছে। এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বিশ্বকাপে যাওয়া, দুটি প্রস্তুতি ম্যাচের পর এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলা—খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই সহজ ছিল না। সব দিক থেকেই দল খুব চাপের মধ্যে ছিল। এত কিছুর পর গত কয়েক দিনের বিশ্রামটা নিশ্চয়ই বাংলাদেশকে গোছানোর সুযোগ করে দিয়েছে। আশা করি, চোট থেকে সেরে ওঠা সাকিব আজ খেলবে। সেই প্রত্যাশা থেকে বলছি, আজ ভারতের বিপক্ষে দল নির্বাচনের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্তই নেবে বাংলাদেশ।
গত কয়েক দিনে অবশ্য বিশ্বকাপে এমন দুটি ঘটনা ঘটেছে, যার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। বলছিলাম আফগানিস্তান ও নেদারল্যান্ডসের জয়ের কথা। এই দুটি জয় বাংলাদেশকে প্রচ্ছন্ন চাপে ফেলবে। আফগান ও ডাচরা যদি বড় দলকে হারাতে পারে, তাহলে বাংলাদেশ কেন নয়? এই প্রশ্ন নিশ্চয়ই সাকিবদের কানে পৌঁছেছে।
তবে বাংলাদেশ খেলবে এমন একটা দলের বিপক্ষে, যারা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দল। খেলাটাও তাদের ঘরের মাঠে। এই মুহূর্তে সবকিছুই কিন্তু বাংলাদেশের বিপক্ষে। পুনের মাঠে এসবের বিপক্ষেই যুদ্ধ করতে হবে। যতটুকু জানি, এই মাঠের উইকেট ব্যাটিং–সহায়ক। ভারতও তা-ই চাইবে।
প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই ভারতের বিপক্ষে জেতার বিশ্বাস আছে তো? বিশ্বাস থাকলে যেকোনো বড় দলকে হারানো সম্ভব, গত কয়েক দিনে আমরা তা-ই দেখলাম। সেই বিশ্বাসের খোঁজে বাংলাদেশ নিকট অতীতে ফিরে তাকাতে পারে। এশিয়া কাপেই ভারতকে হারিয়েছিল সাকিবরা। এর আগে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল।
এশিয়া কাপের ওই জয়টার কথা মনে পড়ছে। সেই ম্যাচে বাংলাদেশ ছয় বোলার নিয়ে খেলেছে। আজও তা-ই করা উচিত। এই বিশ্বকাপের ব্যাটিং–সহায়ক উইকেটে পাঁচ বোলার কোনোভাবেই যথেষ্ট মনে হয় না। বোলিংয়ে বৈচিত্র্য না থাকলে বিপক্ষ দলকে ৩০০–এর নিচে রাখা খুব কঠিন। ভারতের বিপক্ষেও আজ ছয় বোলার দেখতে চাইব। দেখতে চাইব আক্রমণাত্মক মানসিকতাও। বাংলাদেশের ক্লাব ক্রিকেটে ৫০ ওভারের খেলাটা হয় প্রতিপক্ষকে অলআউট করার চেয়ে কম রানে আটকে রাখার মানসিকতায়। জাতীয় দলেও তা দেখি। বিশ্বকাপে সেটা করতে গেলে ৩০০–এর বেশি রান হবে। বাংলাদেশকে তাই আজ উইকেট শিকারের মানসিকতা নিয়ে খেলতে হবে।
ভারতের পর দক্ষিণ আফ্রিকার ম্যাচটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ এই দুটি ম্যাচে ভালো করে, সেই আত্মবিশ্বাসটা নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা বা পাকিস্তান, এমনকি অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে কাজে লাগবে। তাহলে হয়তো বাংলাদেশ এমন কিছু অর্জন করবে, যা আগে কখনো করেনি।
সেদিক থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দুটিই বলে দেবে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে।