লাহোরে পিএসএলের ম্যাচের জন্য বদলে যাচ্ছে সেখানকার সরকারি ও বেসরকারি স্কুলের ছুটি। স্কুলের সূচি পরিবর্তনের বিষয়টি সম্প্রতি ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। গতকাল থেকে শুরু হওয়া স্কুলের সময়সূচি ২১ এপ্রিল পর্যন্ত চলবে।
পাঞ্জাব সরকারের ঘোষণা অনুযায়ী লাহোরের সব সরকারি ও বেসরকারি স্কুল এই কয়েক দিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পিএসএলের ম্যাচগুলো যেহেতু স্থানীয় সময় বিকেল ও সন্ধ্যায়, সেগুলো উপভোগ করতে স্কুলের ছাত্রদের যেন সমস্যা না হয়, এমন সিদ্ধান্তের এটা একটা কারণ।
পিএসএলের ম্যাচ খেলতে দলগুলো যখন হোটেল থেকে মাঠে যাবে এবং মাঠ থেকে হোটেলে ফিরবে, সে সময় রাস্তা বন্ধ করে দেওয়া হবে। ওই সময় স্কুলগুলো ছুটি হলে রাস্তায় যানজটের সৃষ্টি হতে পারে। সেটা এড়ানো এবং স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত হতে যাওয়া পিএসএলের দশম আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামসহ সব ভেন্যু মিলিয়ে মোট ম্যাচ হবে ৩৪টি। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে।