
অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই টাইমড আউট হওয়া মনে আছে? মনে না থাকার সম্ভাবনা কমই। একে তো ঘটনাটা মাত্র তিন বছর আগের। এর ওপর সেটিই আন্তর্জাতিক ক্রিকেটে তা ছিল প্রথম টাইমড আউটের ঘটনা।
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাথুসের বিপক্ষে টাইমড আউটের আবেদন করেন। তাতে সাড়া দেন আম্পায়ার মারাইস এরাসমাস। দক্ষিণ আফ্রিকান এই আম্পায়ারও তাই ঢুকে গেছেন ইতিহাসের পাতায়।
চলতি বছরের শেষ দিকে একটা বইও প্রকাশ পাবে তাঁর। সেখানে আইসিসি এলিট প্যানেলের সাবেক এ আম্পায়ারের জীবনের আরও অনেক গল্পই থাকবে। এসব এরামাস লিখতে শুরু করেছেন মূলত আম্পায়ারিং ক্যারিয়ারকে বিদায় বলে দেওয়ার ভাবনা মাথায় আসার পর।
আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রোভিনশাল ওয়ানডে চ্যালেঞ্জের ম্যাচে মুখোমুখি হবে বোলান্ড ও লায়ান্স। এই লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এরাসমাস। ২০০০ সালে ক্লাব ক্রিকেট দিয়ে শুরু, আম্পায়ার হিসেবে পরে ৮২টি টেস্ট, ১২৫ ওয়ানডে ও ৬১ টি-টুয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন এরাসমাস।
গত মাসেই ৬২ বছরে পা দেওয়া এই আম্পায়ার অবসর নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘আমাদের (স্ত্রী ও তাঁর) ভ্রমণের পরিকল্পনা তৈরি হয়ে গেছে এরই মধ্যে। মে মাসে ক্রুগার ন্যাশনাল পার্ক আর জুনে ইতালি যাচ্ছি। নতুন বছরে আমি কিছু টেস্ট ম্যাচও দেখব।’
২০২৪ সালের মার্চে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে আম্পায়ারিং করেন এরাসমাস। সেটিই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাঁর আগে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এরাসমাস। এর পর থেকে শুধু ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া লিগের ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এবার আনুষ্ঠানিকভাবে অবসরেও যাচ্ছেন।
এর আগে থেকেই অবশ্য দক্ষিণ আফ্রিকায় আম্পায়ারদের মেন্টর হিসেবে কাজ শুরু করেছেন। আগামী দিনগুলোতেও দায়িত্বটি পালনের পরিকল্পনা আছে তাঁর। আম্পায়ারিংয়ের বর্ণাঢ্য অভিজ্ঞতা পরের জীবনে কাজে লাগাতে চান তিনি।
ক্যারিয়ারে অনেক উত্তেজনা ও রোমাঞ্চের ম্যাচে আম্পায়ার হিসেবে সাক্ষী হয়েছেন এরাসমাস। অ্যাশেজে ১৬টি ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছেন ৭ বার। ২০১৯ বিশ্বকাপের ফাইনালেও ছিলেন। ২০১৬, ২০১৭ ও ২০২১ সালে তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছেন এরাসমাস।