
সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে কিউইরা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ এপ্রিল হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি । একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২০ এপ্রিল।
এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে । ঢাকা ও চট্টগ্রামের সবগুলো ওয়ানডেই শুরু হবে দুপুর ২টায় ।
২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশ্রাম ও অনুশীলন । ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামেই সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টি । এই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায় ।
সিরিজের শেষ ও তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচটি খেলতে ঢাকায় ফিরবে দুই দল । ২ মে অনুষ্ঠিত হবে মিরপুরে সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচ । তবে এই ম্যাচটি ফ্লাডলাইটের আলোতে নয়, শুরু হবে দুপুর ২টায় ।
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড, ২-০ ব্যবধানে ওই সিরিজটা জিতেছিল অতিথিরা।
এবারও বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটাই বেশি গুরুত্বপূর্ণ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে র্যাঙ্কিংয়ে সেরা ৯ দলের মধ্যে থাকবে হবে বাংলাদেশকে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর আপাতত ৯ নম্বরেই আছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে বাংলাদেশ রেটিং পয়েন্টও পাবে বেশি, র্যাঙ্কিংয়ে উন্নতি হবে আরও। কোনো সন্দেহ নেই মিরাজরা সেই সুযোগটাই নিতে চাইবেন।